
এনভিডিয়ায় ফিরতে চান জেনসেন হুয়াং, পথে কাঁটা বোর্ড ও ওয়াশিংটন
হুয়াং ফিরতে চাইলেও তার পথটি সহজ নয়। রয়টার্স এবং সিবিএস নিউজের সূত্রগুলো বলছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে সিইও বা অন্য কোনো পদে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না।
চরচা ডেস্ক

বিশ্বব্যবস্থা ক্রমেই বহুমেরুকেন্দ্রিক হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের জায়গায় চীন ও রাশিয়ার প্রভাব বাড়ছে। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ, ইরান সংঘাত, কোরীয় উপদ্বীপের উত্তেজনা এবং পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা আন্তর্জাতিক নিরাপত্তাকে আরও অনিশ্চিত করে তুলেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই বৈঠকে কী বিশ্বশক্তিগুলোর মধ্যে সহযোগিতার নতুন পথ খুলবে, নাকি ছোট ও মাঝারি শক্তির দেশগুলোর স্বার্থ উপেক্ষা করে বড় শক্তিগুলোর মধ্যে বিশ্বকে ভাগাভাগির আরেকটি উদ্যোগে পরিণত হবে?
যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক এবং কাউন্সিল অন ফরেন রিলেশনসের জ্যেষ্ঠ ফেলো চার্লস কুপচান ফরেন পলিসি পত্রিকার অনলাইনে লেখা এক নিবন্ধে এই প্রশ্নের বিশ্লেষণ করেছেন। তার মতে, সম্ভাব্য এই বৈঠক নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ থাকলেও ট্রাম্পের এতে অংশ নেওয়া উচিত। কারণ বর্তমান বিশ্বে গণতান্ত্রিক ও কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলোর মধ্যে মতাদর্শগত বিরোধ থাকলেও তাদের একসঙ্গে বসে আন্তর্জাতিক সংকট মোকাবিলার প্রয়োজন ক্রমেই বাড়ছে।
১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের স্মৃতি এ ক্ষেত্রে বিশেষভাবে প্রাসঙ্গিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং সোভিয়েত নেতা জোসেফ স্টালিন ইউরোপের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছিলেন। সেই সম্মেলনের পর পূর্ব ইউরোপে সোভিয়েত প্রভাব বিস্তারের পথ তৈরি হয়। ফলে বর্তমান সময়ে ট্রাম্প, সি ও পুতিনের বৈঠককে ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে যে, ইউক্রেন কিংবা তাইওয়ানের মতো গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক প্রশ্নে সংশ্লিষ্ট দেশগুলোর মতামত উপেক্ষা করে বড় শক্তিগুলো নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছাতে পারে।
পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি এ কারণে নতুন করে ইয়াল্টার পুনরাবৃত্তির আশঙ্কা প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের সিনেটর ক্রিস কুনসও বলেছেন, ইউক্রেনকে আলোচনার বাইরে রেখে দেশটির ভবিষ্যৎ নিয়ে কোনো সমঝোতা গ্রহণযোগ্য হতে পারে না।
কুপচানও এই উদ্বেগকে যথার্থ মনে করেন। তার মতে, ট্রাম্পের অতীত আচরণে কর্তৃত্ববাদী নেতাদের প্রতি ঘনিষ্ঠতা এবং গণতান্ত্রিক মিত্রদের স্বার্থ উপেক্ষা করার প্রবণতা দেখা গেছে। তাই সি ও পুতিনের সঙ্গে বৈঠক করতে গিয়ে ইউরোপীয় ও এশীয় মিত্রদের স্বার্থ বিসর্জন দেওয়া চলবে না। তবে এই ঝুঁকি থাকা সত্ত্বেও বৈঠকটি গুরুত্বপূর্ণ। কারণ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে সরাসরি রাজনৈতিক সংলাপ প্রতিষ্ঠা করা গেলে বৈশ্বিক সংঘাতের ঝুঁকি কমানোর নতুন সুযোগ তৈরি হতে পারে।
কুপচানের প্রস্তাব হলো, বহুমেরুকেন্দ্রিক বিশ্বে বড় শক্তিগুলোর মধ্যে একটি অনানুষ্ঠানিক সমন্বয়ব্যবস্থা গড়ে তোলা। তিনি একে উনিশ শতকের ইউরোপীয় কনসার্ট অব ইউরোপের আদলে ‘গ্লোবাল কনসার্ট’ হিসেবে ব্যাখ্যা করেছেন। এই ব্যবস্থায় যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পাশাপাশি ভারত, জাপান, ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার কথা বলেছেন। এর উদ্দেশ্য হবে মতাদর্শগত পার্থক্য দূরে রেখে আন্তর্জাতিক সংকট মোকাবিলায় প্রভাবশালী শক্তিগুলোর মধ্যে সমঝোতা তৈরি করা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মতো আনুষ্ঠানিক প্রতিষ্ঠান যখন বড় শক্তিগুলোর বিরোধে অকার্যকর হয়ে পড়ে, তখন এ ধরনের অনানুষ্ঠানিক আলোচনা কার্যকর ভূমিকা রাখতে পারে।
তবে কুপচান মনে করেন, বর্তমান পরিস্থিতিতে পূর্ণাঙ্গ গ্লোবাল কনসার্ট গঠনের সময় এখনো আসেনি। কারণ এ ধরনের ব্যবস্থা কার্যকর হওয়ার জন্য সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিদ্যমান ভূখণ্ডগত অবস্থান মেনে নেওয়া, কৌশলগত সংযম দেখানো এবং বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির সদিচ্ছা থাকতে হয়। কিন্তু ইউক্রেনে রাশিয়ার ২০২২ সালের আগ্রাসন এবং চীনের রাশিয়াকে সমর্থন করার সিদ্ধান্ত সেই সম্ভাবনাকে দুর্বল করেছে। অন্যদিকে ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি আন্তর্জাতিক সহযোগিতার পরিবর্তে একতরফা সিদ্ধান্তকে গুরুত্ব দেয়। ফলে তিন নেতার বৈঠক এখনই নতুন বিশ্ব পরিচালনাব্যবস্থার ভিত্তি তৈরি করতে পারবে না। তবু ভবিষ্যতের জন্য সংলাপের একটি নজির স্থাপন করতে পারে।
সম্ভাব্য বৈঠকে কুপচান চারটি প্রধান বিষয়ে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছেন। প্রথমটি কোরীয় উপদ্বীপের সংকট। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ১৯৫৩ সালের যুদ্ধবিরতি চুক্তির পরিবর্তে একটি স্থায়ী শান্তিব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন। তার পরিকল্পনায় উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র উৎপাদন প্রথমে স্থগিত করা এবং পরে ধাপে ধাপে পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমানোর কথা রয়েছে। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া একসঙ্গে কাজ করলে এই উদ্যোগ বাস্তবায়নের সুযোগ তৈরি হতে পারে। তিন নেতার বৈঠক থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখার বিষয়ে একটি যৌথ উদ্যোগের সূচনা হতে পারে।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় ইউক্রেন যুদ্ধ। কুপচানের মতে, এই যুদ্ধ বন্ধে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার সবচেয়ে বড় তেল ও গ্যাস ক্রেতা চীন। একই সঙ্গে রুশ সামরিক শিল্পে প্রয়োজনীয় সেমিকন্ডাক্টর, যন্ত্রপাতি ও দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তির অন্যতম সরবরাহকারীও দেশটি। ফলে পুতিনের ওপর সি চিনপিংয়ের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। ট্রাম্পের উচিত এই প্রভাব কাজে লাগিয়ে রাশিয়াকে যুদ্ধের তীব্রতা কমাতে চাপ দেওয়া। বিশেষ করে জ্বালানি অবকাঠামো, বেসামরিক স্থাপনা ও বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করার বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি সমঝোতা প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও চীন যৌথ ভূমিকা নিতে পারে।
তৃতীয় বিষয় ইরান যুদ্ধ। এই সংঘাত যুক্তরাষ্ট্রকে সামরিক ও কূটনৈতিকভাবে জটিল পরিস্থিতিতে ফেলেছে। হরমুজ ও বাব আল-মান্দাব প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে। কুপচান মনে করেন, ইরানকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে রাশিয়ার ভূমিকা সীমিত করার সম্ভাবনা কম। কারণ তেলের দাম বৃদ্ধি রাশিয়ার অর্থনীতির জন্য সুবিধাজনক। কিন্তু চীনের স্বার্থ ভিন্ন। বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ হিসেবে জ্বালানির উচ্চমূল্য চীনের অর্থনীতি ও রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করে। তাই ইরানকে আলোচনায় ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে ইরানের কাছে চীনা দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি সরবরাহ সীমিত করা এবং তেহরানকে যুদ্ধ অবসানের বাস্তবসম্মত শর্ত গ্রহণে উৎসাহিত করার বিষয়ে ট্রাম্পের চীনের সহযোগিতা চাওয়া উচিত।
চতুর্থ বিষয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। ফলে দুই দেশের কৌশলগত পারমাণবিক অস্ত্রের ওপর কার্যকর সীমা, নিয়মিত পরিদর্শন ও তথ্য বিনিময়ের ব্যবস্থা আর নেই। অন্যদিকে চীন দ্রুত তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ করছে। পেন্টাগনের পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে চীনের কার্যকর পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এক হাজার ছাড়াতে পারে। তাই ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত করা, সামরিক মহড়ার আগাম তথ্য জানানো, সামরিক যোগাযোগ বজায় রাখা এবং সংকট ব্যবস্থাপনার নিয়ম প্রতিষ্ঠায় তিন দেশের আলোচনা জরুরি।
তবে কুপচান সতর্ক করেছেন, কূটনৈতিক সাফল্য অর্জনের তাড়নায় ট্রাম্প যেন সি ও পুতিনের কাছে অযৌক্তিক ছাড় না দেন। বিশেষ করে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে কিয়েভ ও ইউরোপীয় মিত্রদের বাদ দিয়ে কোনো সমঝোতা করা উচিত হবে না। একইভাবে উত্তর কোরিয়া, ইউক্রেন ও ইরান প্রশ্নে চীনের সহযোগিতা পেতে গিয়ে তাইওয়ানের নিরাপত্তা ও স্বার্থ উপেক্ষা করা যাবে না। পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং ইউক্রেনে তার যুদ্ধ অব্যাহত। তাই তার সঙ্গে আলোচনার অর্থ এই নয় যে, রাশিয়ার আগ্রাসনকে স্বাভাবিক হিসেবে মেনে নিতে হবে।
বর্তমান বিশ্বে কোনো একক শক্তির পক্ষে আন্তর্জাতিক সংকটের সমাধান করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রতিযোগিতা অব্যাহত থাকলেও তাদের পারস্পরিক সহযোগিতা ছাড়া পারমাণবিক ঝুঁকি, আঞ্চলিক যুদ্ধ এবং জ্বালানি নিরাপত্তার মতো সংকট মোকাবিলা কঠিন। তবে বড় শক্তিগুলোর সমঝোতা যেন ছোট দেশগুলোর সার্বভৌমত্ব ও স্বার্থের বিনিময়ে না হয়, সেটিও নিশ্চিত করতে হবে। শেষ পর্যন্ত ট্রাম্প–সি–পুতিন বৈঠকের সাফল্য নির্ভর করবে কে কাকে পরাজিত করল তার ওপর নয়, বরং প্রতিদ্বন্দ্বিতা বজায় রেখেও তারা কতটা বাস্তবসম্মত সহযোগিতা গড়ে তুলতে পারলেন তার ওপর। নতুন ইয়াল্টা নয়, বরং সংঘাত এড়িয়ে সহাবস্থানের একটি কার্যকর আন্তর্জাতিক কাঠামো তৈরিই হওয়া উচিত এই উদ্যোগের লক্ষ্য।

এনভিডিয়ায় ফিরতে চান জেনসেন হুয়াং, পথে কাঁটা বোর্ড ও ওয়াশিংটন
হুয়াং ফিরতে চাইলেও তার পথটি সহজ নয়। রয়টার্স এবং সিবিএস নিউজের সূত্রগুলো বলছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে সিইও বা অন্য কোনো পদে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না।

‘গর্দান নামায়া দে’: র্যাপ গান ও ভিডিওতে আওয়ামীপন্থীদের অ্যাকাউন্টে সহিংসতার আহ্বান
দুপুরের পর সহিংসতা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ছড়িয়ে পড়ে। দুপুর ২টা থেকে সন্ধ্যার মধ্যে টুঙ্গিপাড়ার কয়েকটি স্থানে উপজেলা যুবদল কার্যালয় এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়।

মানুষের চেয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে কাক!
‘বার্ডব্রেইন’ শব্দটি দিয়ে বোকামি বোঝানোর প্রচলিত ধারণা বৈজ্ঞানিকভাবে ক্রমেই অযৌক্তিক হয়ে উঠছে। কাকের মস্তিষ্ক আসলে প্রকৃতির তৈরি এক অত্যন্ত কার্যকর তথ্য বিশ্লেষণ ব্যবস্থা।

সরকার ও বড় করপোরেট ঋণের ওপরই ব্যাংকগুলো কেন নির্ভরশীল?
দেশের ব্যাংকগুলোর কাছ থেকে বেশি ঋণ পাচ্ছে সরকার ও দেশের বড় বড় শিল্পগ্রুপ। একদিকে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে সরকার, অন্যদিকে বড় শিল্পগ্রুপগুলো ব্যাংকঋণের বড় একটা অংশ নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন না। কিন্তু কেন ব্যাংকগুলো এই দুই খাতের