
খুলনার আইনশৃঙ্খলার অবনতিতে বিএনপির অন্তর্কোন্দলও দায়ী?
অভিযোগ উঠেছে, স্থানীয় সরকারি দলের নেতাদের অন্তর্কোন্দলের সুযোগে চাঁদাবাজ, সন্ত্রাসীরা আরও বেপরোয়া উঠেছে। এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণায় রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা করছে ক্ষমতাসীন বিএনপি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘোষণা, অনলাইনে প্রচার এবং মাঠপর্যায়ে দলটির নেতা-কর্মীদের তৎপরতার খবরে ডিসেম্বর মাস ঘিরে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে ক্ষমতাসীনরা। তবে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি কিংবা পাড়া-মহল্লায় পাহারা বসানোর পথে যেতে চায় না বিএনপি। এর পরিবর্তে দল ও অঙ্গসংগঠনগুলোর পৃথক কর্মসূচির মধ্য দিয়ে পুরো মাস রাজনৈতিকভাবে সক্রিয় থাকার পরিকল্পনা নেওয়া হয়েছে।
একই সঙ্গে দলের ভেতরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া, গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়িয়ে আনতে তদবির করা কিংবা অন্য কোনোভাবে সহায়তা করার অভিযোগের বিষয়েও কঠোর অবস্থান নিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। এসব অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট নেতা-কর্মীদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, ডিসেম্বর সামনে রেখে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক যোগাযোগ ও নজরদারি বাড়ানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার প্রেক্ষাপটে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুনসহ নানা ধরনের সহিংসতা বেড়েছে।
আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার
বিএনপির সাংগঠনিক প্রস্তুতির অন্যতম দিক হচ্ছে দলের ভেতরে শৃঙ্খলা নিশ্চিত করা। আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির কোনো কোনো স্থানীয় নেতার যোগাযোগ ও সহযোগিতার অভিযোগ উঠেছে। বিশেষ করে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা-কর্মীদের ছাড়িয়ে আনতে থানা-পুলিশে তদবির, আশ্রয় দেওয়া এবং বিভিন্নভাবে সহায়তার অভিযোগ কেন্দ্রীয় নেতৃত্বের গুরুত্ব দিয়ে দেখছে।
দলীয় সূত্রগুলো জানিয়েছে, অন্তত আটটি জেলা থেকে এ ধরনের অভিযোগ পাওয়ার পর বিষয়গুলো যাচাই-বাছাইয়ের উদ্যোগ নিয়েছে বিএনপি। অভিযোগের সত্যতা মিললে অভিযুক্ত ব্যক্তির সাংগঠনিক পদ বা রাজনৈতিক প্রভাব বিবেচনা না করে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সহযোগিতা করবে দল।
এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স চরচাকে বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তার সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে জবাবদিহির আওতায় আনা হবে। দলের পক্ষ থেকে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
দলটির তৃণমূল পর্যায়ের নেতাদেরও এ বিষয়ে সতর্ক করা হয়েছে। স্থানীয় পর্যায়ে কেউ আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয় দিচ্ছেন কি না, গ্রেপ্তার ব্যক্তিদের মুক্ত করতে প্রভাব খাটাচ্ছেন কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। একই সঙ্গে কোনো ব্যক্তিকে সন্দেহের ভিত্তিতে আটক, মারধর বা হয়রানি না করে সংশ্লিষ্ট তথ্য পুলিশ ও প্রশাসনকে জানানোর নির্দেশনা রয়েছে।
কেন্দ্রের নির্দেশনা পৌঁছেছে তৃণমূলে, সমন্বয় নিয়ে প্রশ্ন
বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা এরই মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছেছে। তবে আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা মোকাবিলার প্রস্তুতির পাশাপাশি দলের অভ্যন্তরীণ সমন্বয় নিয়েও প্রশ্ন রয়েছে।
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান চরচাকে বলেন, “আওয়ামী লীগের নেতা-কর্মীদের সহায়তা করা কিংবা গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়িয়ে আনতে পুলিশকে ফোন করার বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে। এ ধরনের কোনো ঘটনা ঘটলে তা কেন্দ্রীয় নেতৃত্বকে জানাতে বলা হয়েছে।”
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীও দলের অভ্যন্তরে যোগাযোগ ও সমন্বয়ের বিষয়টি খতিয়ে দেখার ওপর গুরুত্ব দিয়েছেন। তার ভাষ্য, তৃণমূল পর্যায়ে রাজনৈতিক আন্দোলনে অংশ নেওয়া নেতা-কর্মীদের মধ্যে সমন্বয়ের কিছু সমস্যা রয়েছে। সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব থাকলেও কিছু ক্ষেত্রে তা যথাযথভাবে হচ্ছে না।
অন্যদিকে ছাত্রদলও ডিসেম্বর সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানিয়েছেন, চলতি মাসের পাশাপাশি ডিসেম্বর ও জানুয়ারিতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাঠে সক্রিয় থাকবে ছাত্রদল।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি খন্দকার এনামুল হক এনাম চরচাকে বলেন, কেন্দ্রের নির্দেশনায় নিবেদিতপ্রাণ নেতাদের নিয়ে বিভিন্ন পর্যায়ের কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিসেম্বর মাসজুড়ে নানা কর্মসূচি
দলীয় সূত্রগুলো জানিয়েছে, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে বিএনপির সাংগঠনিক পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি। গত ১৫ নভেম্বর সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতা এবং তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের বৈঠক হয়। প্রায় দুই ঘণ্টার ওই বৈঠকে ডিসেম্বরজুড়ে দল ও অঙ্গসংগঠনগুলোর পৃথক কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে নিজ নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়নের নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারম্যান। বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও পৃথক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার কথা বলা হয়েছে।
দলীয় সূত্র বলছে, ডিসেম্বরের প্রথম দিন থেকেই কর্মসূচি শুরু করার পরিকল্পনা রয়েছে। বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবসসহ জাতীয় ও দলীয় গুরুত্বপূর্ণ দিনগুলোকে কেন্দ্র করে কর্মসূচি সাজানো হচ্ছে। ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার বছরপূর্তি এবং ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরেও কর্মসূচি থাকবে। মাসের শেষ ভাগ পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে এসব কর্মসূচিকে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির পাল্টা কর্মসূচি হিসেবে দেখাতে চায় না বিএনপি। দলীয় নেতৃত্বের নির্দেশনা হচ্ছে, নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচির মধ্য দিয়ে মাঠে থাকতে হবে। প্রতিপক্ষের কর্মসূচি ঠেকাতে পাড়া-মহল্লায় পাহারা বসানো কিংবা সংঘাতের পরিস্থিতি তৈরি করা যাবে না।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর কথাও সেই ইঙ্গিত মিলেছে। ডিসেম্বরের কর্মসূচি প্রসঙ্গে চরচাকে তিনি বলেন, “বিজয়ের মাসে দল সাধারণত যে ধরনের কর্মসূচি পালন করে, এবারও তেমন কর্মসূচি থাকবে।”
তৃণমূলকে সতর্ক থাকার নির্দেশ
ডিসেম্বরের সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতি সামনে রেখে জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্ভাব্য তৎপরতা, নাশকতা বা সহিংসতার কোনো তথ্য পাওয়া গেলে তা নিজেরা মোকাবিলা না করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে বলা হয়েছে।
দলের স্থায়ী কমিটির একাধিক নেতা জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কয়েকটি এলাকার সাংগঠনিক সমন্বয় নিয়েও অভিযোগ এসেছে। বিশেষ করে স্থানীয় পর্যায়ে দলীয় পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার, আইন নিজের হাতে তুলে নেওয়া এবং সন্দেহভাজন ব্যক্তিদের হয়রানির মতো ঘটনা ঠেকানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে বলে মনে করছেন কেন্দ্রীয় নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। যাচাই না করে কোনো তথ্য বা বক্তব্য প্রচার না করা এবং উত্তেজনা ছড়াতে পারে এমন মন্তব্য এড়িয়ে চলার নির্দেশনা রয়েছে।
আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বাড়ছে রাজনৈতিক সতর্কতা
শেখ হাসিনার ডিসেম্বরের দেশে ফেরার ঘোষণা ঘিরে আওয়ামী লীগও বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। দলটির পক্ষ থেকে অনলাইনে ধর্মঘট, লকডাউন, লিফলেট বিতরণ, দেয়াললিখন, প্রচার ও মিছিলের মতো কর্মসূচির কথা বলা হয়েছে। ১৯ নভেম্বর লকডাউনের ঘোষণাও দিয়েছে দলটি। তবে শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া কীভাবে বাস্তবায়িত হবে, সে বিষয়ে আওয়ামী লীগের নেতাদের মধ্যেও স্পষ্ট ধারণা নেই বলে জানা গেছে।
এদিকে বিএনপি মনে করছে, ডিসেম্বর মাসে রাজনৈতিক পরিস্থিতি ঘিরে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি হলে তা মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিকভাবেও সক্রিয় থাকতে হবে। তবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সংশ্লিষ্ট বাহিনীর ওপরই রাখতে চায় দলটি।

খুলনার আইনশৃঙ্খলার অবনতিতে বিএনপির অন্তর্কোন্দলও দায়ী?
অভিযোগ উঠেছে, স্থানীয় সরকারি দলের নেতাদের অন্তর্কোন্দলের সুযোগে চাঁদাবাজ, সন্ত্রাসীরা আরও বেপরোয়া উঠেছে। এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ।

১২-১৫ টাকার মুরগির বাচ্চা: যেভাবে বদলে যাচ্ছে একটি এলাকার অর্থনীতি
কম দামে বাচ্চা পাওয়ায় বিনিয়োগের ঝুঁকি কমে যায়, যা বিশেষ করে সীমিত পুঁজির নারী ও ছোট খামারিদের জন্য বড় সুবিধা। তবে উৎপাদন বাড়ানো ও খাদ্য-ওষুধের দাম সামলানো না গেলে এই সম্ভাবনার পুরো সুফল পাওয়া কঠিন হবে।

জ্বালানি সংকটে আশা দেখাচ্ছে ভোলার গ্যাসকূপ
ভোলায় নতুন একটি গ্যাসকূপ থেকে দৈনিক আড়াই কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের চলমান জ্বালানি সংকটের মধ্যে এই গ্যাসকূপটি আশার আলো দেখাচ্ছে।

ব্যাংক শুধু বড়দের ঋণ দিতে চায়, ছোটরা যাবে কোথায়?
“চাকরির পাশাপাশি নিজের একটা খামার গড়ে তুলতে চেয়েছিলাম। এতে বাড়তি কিছু আয় হতো, পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোরও সুযোগ তৈরি হতো। কিন্তু ঋণের জন্য কয়েকটি ব্যাংকে ঘুরেও কোনো সহায়তা পাইনি।” হতাশা নিয়ে কথাগুলো বলছিলেন গাজীপুরের রিয়াদ হোসেন।