খুলনায় দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। হত্যা, গুলি, হামলা, ভাঙচুর, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের দৌরাত্ম্যে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী ও পেশাজীবীরা। অভিযোগ উঠেছে, স্থানীয় সরকারি দলের নেতাদের অন্তর্কোন্দলের সুযোগে চাঁদাবাজ, সন্ত্রাসীরা আরও বেপরোয়া উঠেছে। এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ।
এ অবস্থায় রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
পুলিশ জানায়, গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর ২২ দিনে ১৩টি গুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে নিহত হয়েছে ছয়জন। এ ছাড়া ওই ২২ দিনে আরও তিনটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর মধ্যে দুটি ঘটনায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং অপরটি পিটিয়ে হত্যা করা হয়েছে। সব মিলিয়ে ২২ দিনে ৯টি হত্যাকাণ্ডের মধ্যে পাঁচটি ঘটেছে খুলনা মহানগরে। তিনটি রূপসা এবং একটি ডুমুরিয়া উপজেলায়। চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত নগরীতে ৩৯টি এবং জেলায় ৪০টি মিলে মোট ৭৯টি হত্যাকাণ্ড হয়েছে।
পুলিশের একাধিক সূত্র জানায়, খুলনায় সাম্প্রতিক অপরাধের বেশির ভাগ ঘটনায় ঘুরেফিরে ৯টি সন্ত্রাসী গ্রুপের নাম এসেছে। মাদক কারবারিরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এতটাই বেপরোয়া যে, প্রকাশ্যে জনবহুল এলাকায় হামলা ও গুলি করে হত্যা করছে।
পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, খুলনায় সক্রিয় সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে রয়েছে রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর বি কোম্পানি, শেখ পলাশের পলাশ গ্রুপ, নুর আজিম গ্রুপ, আশিক বাহিনী, হুমায়ুন কবিরের হুমা বাহিনী, শেখ সাইদুর রহমান ওরফে শাওনের টেংকি শাওন গ্রুপ, আরমান শেখের আরমান গ্রুপ, শাকিল শেখের শাকিল গ্রুপ ও নাসিম গ্রুপ। এর মধ্যে নাসিম গ্রুপের প্রধান নাসিমুলকে গত ৪ অক্টোবর দিঘলিয়া উপজেলায় তার প্রতিপক্ষ সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি ও পাটকল রক্ষা কমিটির সভাপতি কুদরত-ই-খুদা চরচাকে বলেন, “পুলিশ রহস্যজনকভাবে চুপচাপ। তাদের যে দায়িত্ব, তারা তা যথাযথভাবে পালন করছে না। স্থানীয় বিএনপির নেতাদের মধ্যে অন্তর্কোন্দলের কারণে তারাও এর বিরুদ্ধে সম্মিলিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে পারছেন না।”
তবে খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল ইসলাম বাপ্পী এই অভিযোগ নাকচ করে চরচাকে বলেন, “খুলনায় বিএনপির নেতাদের মধ্যে কোনো কোন্দল নেই।”
খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “পরিস্থিতি উন্নয়নের দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। আমরা তাদের সহযোগিতা করতে পারি। বিএনপির নেতারা ঐক্যবদ্ধ থাকলে আরও ভালো হতো।”
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার রেজাউর রহমান চরচাকে বলেন, “অধিকাংশ হত্যাকাণ্ড ও গুলির ঘটনার পেছনে মাদক নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসী গ্রুপগুলোর বিরোধ কাজ করছে। এ ছাড়া চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য নিয়ে সন্ত্রাসী গ্রুপগুলো সক্রিয় রয়েছে। তবে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর রয়েছে পুলিশ।”
গত ১০ নভেম্বর সংসদে খুলনা-২ আসনের জামায়াতের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালও নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেছিলেন, “চাঁদাবাজি ও সন্ত্রাসের কারণে খুলনা যেন মৃত নগরীতে পরিণত হয়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তি চান নগরবাসী।”
পুলিশের অপরাধ শাখার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে খুলনা মহানগর ও জেলায় ৮৬টি হত্যাকাণ্ড ঘটেছে। চলতি বছরের গত সাড়ে ১০ মাসে (১৫ নভেম্বর পর্যন্ত) হত্যার শিকার হয়েছেন ৭৭ জন। তাদের মধ্যে ২৫ জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন শতাধিক মানুষ। পাশাপাশি বেড়েছে চাঁদাবাজি ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা।
সম্প্রতি পুলিশ মহাপরিদর্শকের খুলনা সফরের দিনও একটি বেসরকারি হাসপাতালে চাঁদার দাবিতে হামলা ও ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। গত এক মাসে চাঁদার দাবিতে অন্তত পাঁচটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও একটি রেস্তোরাঁয় হামলা হয়েছে। কিছুদিন আগেও নগরীর রূপসা স্ট্যান্ড রোডের মল্লিক ব্রাদার্স ফার্মেসিতে চাঁদা দাবি ও হুমকির ঘটনায় প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। পরে সেটা চালু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য ও জেলার একজন চিকিৎসক বলেন, “চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলোতে হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। প্রতিবাদ কর্মসূচি দিলেও ভুক্তভোগীরা নতুন করে হামলার আশঙ্কা করছেন। চাঁদার দাবিতে নগরীর অনেক চিকিৎসককে হুমকি দেওয়া হয়েছে। তাদের অনেকেই ভয়ে পুলিশে অভিযোগ করেননি। এভাবে চলতে পারে না।”
কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সম্প্রতি গণমাধ্যমকে বলেছেন, “এভাবে চলতে থাকলে খুলনার মানুষ এই শহরে বসবাস করতে পারবে না। ব্যবসায়ীদের অনেকে ইতোমধ্যে খুলনা ছেড়েছেন।” তার মতে, নগরীতে লাখ থেকে কোটি টাকা পর্যন্ত চাঁদাবাজি চলছে। কয়েকটি সন্ত্রাসী গ্রুপের ভয়ে ভুক্তভোগীরা মুখ খুলতে সাহস পাচ্ছে না।
খুলনা মহানগর পুলিশের অপরাধ বিভাগের তথ্য অনুযায়ী, নগরীর আট থানায় ১২৮ জন সন্ত্রাসী সক্রিয় রয়েছে। তাদের মধ্যে রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর বি কোম্পানি, নূর আজিম ও আশিক বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজির, হামলা ও ভাঙচুরের অভিযোগ বেশি।
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের মতে, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর পুলিশের দুর্বলতার সুযোগ নিয়ে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে ওঠে। আধিপত্য বিস্তার ও মাদক কারবারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষ-খুনখারাবি বাড়তে থাকে। পুলিশ অপরাধে জড়িতদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠালেও বেশির ভাগই দ্রুত জামিনে মুক্ত হয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ছে।
খুলনা মহানগর পুলিশের খুলনা জোনের সরকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম চরচাকে বলেন, “সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের অনেককেই শনাক্ত করা হয়েছে। তবে একই অপরাধীদের বারবার গ্রেপ্তার ও জামিনে মুক্ত হয়ে অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা পরিস্থিতিকে জটিল করে তুলছে।”
জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল চরচাকে বলেন, “খুলনায় কোনোভাবেই সন্ত্রাসীদের দৌরাত্ম্য দেখতে চাই না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সমস্যার সমাধান করবে। অপরাধী যেই হোক এবং যার আশ্রয়েই থাকুক, প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে জনপ্রতিনিধি হিসেবে তিনি জনগণকে সাথে নিয়ে মাঠে নামবেন।”
এদিকে, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলার প্রতিবাদে চিকিৎসকদের পাশাপাশি বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও (সিপিবি) কর্মসূচি পালন করেছে। তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার চরচাকে বলেন, “পুলিশ মাঠপর্যায়ের কিছু অপরাধীকে গ্রেপ্তার করলেও নেপথ্যের হোতা ও আশ্রয়দাতারা ধরাছোঁয়ার বাইরে থাকছেন। অন্যদিকে ভুক্তভোগীদের মামলা না করার প্রবণতাও অপরাধ দমনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।”
কেএমপির উপকমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমান বলেন, “গত ১০ মাসে ৩৭টি হত্যা মামলার মধ্যে ৩৪টির রহস্য উদঘাটন করা হয়েছে এবং ১৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে চাঁদাবাজি ও হামলার ঘটনায় অনেক ভুক্তভোগী মামলা বা তথ্য দিতে সাহস পাচ্ছেন না। এ কারণে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন হচ্ছে। তবে পুলিশ বাদী হয়ে মামলা করে ব্যবস্থা নিচ্ছে।”
পুলিশের আশ্বাসেও পুরোপুরি আস্থা রাখতে পারছেন না ভুক্তভোগীরা।
হামলার শিকার একটি প্রতিষ্ঠানের মালিক জানান, পুলিশ সিসিটিভি ফুটেজ নিয়ে অপরাধীদের শনাক্ত করার কথা বললেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। উল্টো হামলাকারীরা আবারও চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান চরচাকে বলেন, “মাদক কারবার নিয়ন্ত্রণ, আধিপত্য নিয়ে সংঘর্ষ, হামলা ও হত্যাকাণ্ড ঘটছে। খুলনায় কর্মসংস্থানের সুযোগ মারাত্মকভাবে সংকুচিত হওয়ায় অপরাধে জড়িয়ে পড়ছে কিশোর ও যুবকরা। এদেরকে খুব সহজে ব্যবহার করছে সন্ত্রাসী গডফাদাররা।” তিনি বলেন, “পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষ সদস্যদের নিয়ে পৃথক বিশেষ ইউনিট গঠন করা প্রয়োজন। শুধু সন্ত্রাসী নয়, তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।”
সংশ্লিষ্টরা বলছে, খুলনায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার, চাঁদাবাজি বন্ধ, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বন্ধ এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। অন্যথায় নগরীর ব্যবসা-বাণিজ্য ও জনজীবনে নিরাপত্তাহীনতা আরও বাড়তে পারে।