জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুকে মারধরের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি উঠেছে জাতীয় সংসদে।
আজ মঙ্গলবার সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ দাবি জানান জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান।
নাজিবুরের অভিযোগ, যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ও তার সহযোগীরা রাহেদুল ইসলামকে গাড়ি থেকে জোর করে নামিয়ে একটি কক্ষে আটকে রেখে মারধর করেছেন। রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
নাজিবুর রহমান বলেন, “সুপ্রিম কোর্টের একজন সম্মানিত আইনজীবী রাহেদুল ইসলামের ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। যুবদল নেতা নয়ন এবং তার সহযোগীরা সেই সম্মানিত আইনজীবীকে তার গাড়ি থেকে জোর করে টেনে বের করেন। তিনি বারবার বলেছেন, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য, তিনি বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য। তার পরও তাকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রাখা হয়েছে, মারধর করা হয়েছে। রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়েছে।”
এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, “এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, আইনমন্ত্রী আছেন। এখানে আমাদের সুপ্রিম কোর্ট বারের অনেক সদস্য রয়েছেন। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বিবৃতি আমি আজকে আশা করছিলাম, আইনমন্ত্রীর একটা বিবৃতি আশা করছিলাম।”
সম্প্রতি যুবদল নেতা নয়ন ও তার অনুসারীদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মারধর করে পুলিশের কাছে হস্তান্তরসহ নানা অভিযোগ উঠেছে।
সবশেষ গত সোমবার রাতে সুপ্রিম কোর্টে নিজের চেম্বারের কাজ শেষে বাড়ি ফেরার পথে রাহেদুল ইসলাম রঞ্জুকে গাড়ি থেকে নামিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।