ভোলায় নতুন একটি গ্যাসকূপ থেকে দৈনিক আড়াই কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের চলমান জ্বালানি সংকটের মধ্যে এই গ্যাসকূপটি আশার আলো দেখাচ্ছে।
ভোলা নর্থ-৩ নামের এই কূপটিতে গতকাল রোববার সকালে গ্যাসের চাপ, মজুত যাচাই শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। প্রাথমিক পর্যবেক্ষণে দৈনিক ২ কোটি ২০ লাখ থেকে আড়াই কোটি ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। পরীক্ষা শেষে কূপটির প্রকৃত উৎপাদনক্ষমতা জানা যাবে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে বলেছে, নতুন এই গ্যাসের সন্ধান ঘিরে স্থানীয় বাসিন্দারাও খুশি। তাদের আশা, ভোলার গ্যাস কাজে লাগানো গেলে জেলায় শিল্পকারখানা গড়ে উঠবে, কর্মসংস্থান বাড়বে এবং অর্থনৈতিক উন্নয়ন হবে।
স্থানীয়রা মনে করছেন, ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা গেলে দেশের জ্বালানি চাহিদা মেটাতেও তা ভূমিকা রাখতে পারে। পাশাপাশি জেলায় গ্যাসনির্ভর শিল্পকারখানা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
বাপেক্সের তথ্য অনুযায়ী, ১৯৯৫ সালে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায়। এরপর বোরহানউদ্দিন ও ভোলা সদর উপজেলায় তিনটি গ্যাসক্ষেত্রে মোট নয়টি কূপ খনন করা হয়েছে।
সর্বশেষ ভোলা নর্থ-৩ কূপটির অবস্থান ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে। গত ৯ সেপ্টেম্বর কূপটির খননকাজ শুরু হয়। বাপেক্সের তত্ত্বাবধানে চীনা প্রতিষ্ঠান সিনোপেক এই খননকাজ করে।
বাপেক্স জানিয়েছে, কূপটি ৩ হাজার ৫২৬ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। শনিবার কূপের ভেতরে গ্যাসের স্তর শনাক্ত করে প্রয়োজনীয় ছিদ্র তৈরির কাজ শেষ হয়। এরপর গ্যাস পরীক্ষার পাইপ ও ওপরের সংযোগ লাইনে প্রাথমিক চাপ পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল সন্তোষজনক হয়েছে।
বাপেক্স কর্মকর্তারা জানান, পরীক্ষামূলক গ্যাস উত্তোলনের সময় গ্যাসের প্রবাহ ও কূপের চাপের তথ্য বিশ্লেষণ করে এর প্রকৃত উৎপাদনক্ষমতা নির্ধারণ করা হবে।
বাপেক্সের মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন ইউএনবিকে জানান, খননকাজের সময় কূপটির তিনটি পৃথক ভূতাত্ত্বিক স্তরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, এই কূপ থেকে প্রতিদিন ২ কোটি থেকে ২ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে। তবে পরীক্ষা শেষ হলে প্রকৃত উৎপাদনক্ষমতা জানা যাবে।
এই কর্মকর্তা আরও জানান, ভোলার ৯টি কূপের সব মিলিয়ে প্রতিদিন ১৮ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদনের সক্ষমতা রয়েছে। এসব কূপে মোট গ্যাসের মজুত আনুমানিক ২ ট্রিলিয়ন ঘনফুট বা ২ টিসিএফ। বর্তমানে শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ৭ থেকে সাড়ে ৭ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।
আহসানুল আমিন বলেন, বাপেক্স পাঁচটি কূপ খননের একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এসব কূপে প্রত্যাশা অনুযায়ী গ্যাস পাওয়া গেলে ভোলায় প্রতিদিন গ্যাস উৎপাদনের সক্ষমতা আরও প্রায় ১০ কোটি ঘনফুট বাড়বে। তখন মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২৮ কোটি ২০ লাখ ঘনফুটে।
এদিকে, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস এই গ্যাসের সন্ধানকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি ইউএনবিকে বলেন, ভোলার গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা গেলে দেশের জ্বালানি চাহিদা পূরণে সহায়তা হবে। এতে শিল্পকারখানার উৎপাদন সচল রাখা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানো সম্ভব হবে।
ভোলার গ্যাস দ্রুত জাতীয় গ্রিডে যুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।