Advertisement

ব্যাংক শুধু বড়দের ঋণ দিতে চায়, ছোটরা যাবে কোথায়?

ব্যাংক শুধু বড়দের ঋণ দিতে চায়, ছোটরা যাবে কোথায়?
বাংলাদেশ ব্যাংক। ছবি: বাসস

“চাকরির পাশাপাশি নিজের একটা খামার গড়ে তুলতে চেয়েছিলাম। এতে বাড়তি কিছু আয় হতো, পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোরও সুযোগ তৈরি হতো। কিন্তু ঋণের জন্য কয়েকটি ব্যাংকে ঘুরেও কোনো সহায়তা পাইনি।” হতাশা নিয়ে কথাগুলো বলছিলেন গাজীপুরের রিয়াদ হোসেন।

Advertisement

একটি পোশাক কারখানায় কাজ করেন রিয়াদ। মাসে বেতন পান ২৭ হাজার টাকা। এই আয়ে সংসার চালানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য কিছু করার স্বপ্ন দেখেন তিনি। সেই স্বপ্ন থেকেই চাকরির পাশাপাশি একটি খামার গড়ে তোলার পরিকল্পনা করেন। এ জন্য প্রয়োজন ছিল কিছু পুঁজির। ভেবেছিলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে শুরু করবেন নিজের উদ্যোগ। কিন্তু এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ঘুরেও ঋণ জোটেনি। ফলে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন থাকলেও অর্থের অভাবে থমকে আছে সেই উদ্যোগ।

Advertisement

চট্টগ্রামের হাটহাজারির জেরিন রোজীর চাহিদা ভিন্ন, তবে গল্পটা একই। নারীদের নিয়ে ছোট পরিসরে কাপড়ের ব্যবসা পরিচালনা করেন জেরিন। কাপড় কিনে তা দিয়ে জামা তৈরি করে বিক্রি করেন। নিজের পাশাপাশি আরও কয়েকজন নারীর আয়ের সুযোগ তৈরি করেছে জেরিনের এই উদ্যোগ। ব্যবসাটি আরও বড় করার পরিকল্পনা ছিল তার। এ জন্য প্রয়োজন ছিল কিছু বাড়তি পুঁজির। কিন্তু তিনিও ব্যাংকে-ব্যাংকে ঘুরে ঋণ পাননি। অল্প অর্থের জন্যও নানা শর্ত পূরণের বাধ্যবাধকতা থাকায় শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হয়েছে তাকে।

“ব্যবসাটা আরও বড় করতে চেয়েছিলাম। এ জন্য ব্যাংকঋণের চেষ্টা করেছি। কিন্তু একেক ব্যাংক একেক ধরনের কাগজপত্র চেয়েছে। কোনো ব্যাংক জমির কাগজ চেয়েছে। আবার কোনো ব্যাংক জানিয়েছে, সরকারি চাকরিজীবী না হলে ঋণ দিবে না”–হতাশার সঙ্গে নিজের অভিজ্ঞতার কথা বলছিলেন জেরিন রোজী।

রিয়াদ ও জেরিনের অভিজ্ঞতা দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন সংকটের একটি চিত্র তুলে ধরে। দুজনেরই প্রয়োজন তুলনামূলক কম পুঁজি। কিন্তু ব্যাংক থেকে ঋণ না পাওয়ায় তাদের উদ্যোগ এগিয়ে নিতে পারছেন না।

দেশে মোবাইল ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট ও অনলাইন ব্যবসার পরিসর বাড়ছে। ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অনেকেরই এখন নিয়মিত ডিজিটাল লেনদেনের রেকর্ড রয়েছে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে তারা অর্থ গ্রহণ ও পরিশোধ করছেন। কিন্তু এসব লেনদেনের তথ্য ব্যাংকঋণ পাওয়ার ক্ষেত্রে খুব একটা কাজে আসছে না।

ব্যাংক থেকে ঋণ পেতে গেলে উদ্যোক্তাদের পড়তে হচ্ছে নানা ধরনের শর্তের মুখে। কোথাও জমি বা স্থাবর সম্পত্তি জামানত হিসেবে দিতে হচ্ছে, কোথাও প্রয়োজন হচ্ছে নিয়মিত আয়ের প্রমাণ ও শক্তিশালী আর্থিক নথিপত্র। নতুন উদ্যোক্তাদের অনেকেরই এসব শর্ত পূরণের সামর্থ্য নেই। ফলে ব্যবসা শুরু করার আগেই তারা অর্থের সংস্থান নিয়ে সংকটে পড়ছেন। আর যাদের ছোট ব্যবসা রয়েছে, তারাও প্রয়োজনীয় পুঁজি না পাওয়ায় ব্যবসা বড় করতে পারছেন না।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান চরচাকে বলেন, “গত কয়েক বছর ধরে বাংলাদেশ ব্যাংক ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। বর্তমানেও একটা বড় প্রকল্প চলছে। সেটা হলো ‘উদ্যোগ’। এর আওতায় বাংলাদেশ ব্যাংকের সরাসরি তত্ত্বাবধানে ব্যাংকগুলো তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা দিবে। এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ, বাকি ১০ লাখ টাকা অনুদান। এর জন্য কোনো জামানত লাগবে না। একটু বাস্তবমুখী ব্যবসার পরিকল্পনা থাকলেই হবে।”

প্রায় ৯৫ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ঋণ পাচ্ছেন না

বাংলাদেশ, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রভিত্তিক কনসাল্টিং ফার্ম লাইটক্যাসল পার্টনার্সের গত সেপ্টেম্বরে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ৯৫ দশমিক ২ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার অর্থায়নের ঘাটতি রয়েছে। অথচ এসব প্রতিষ্ঠানের ৮৭ শতাংশের ডিজিটাল লেনদেনের রেকর্ড রয়েছে এবং ৯৭ শতাংশ প্রতিষ্ঠান মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে। অর্থাৎ, ব্যবসার নিয়মিত লেনদেন থাকলেও অধিকাংশ উদ্যোক্তার জন্য ব্যাংকঋণ পাওয়া সহজ হচ্ছে না।

প্রতিবেদনটি বলছে, জরিপে অংশ নেওয়া উদ্যোক্তাদের মাত্র ১১ দশমিক ৫৫ শতাংশ ডিজিটাল পদ্ধতিতে ঋণ পেয়েছেন। অন্যদিকে ক্ষুদ্র উদ্যোগগুলোর জন্য প্রচলিত ডিজিটাল ঋণের পরিমাণ সাধারণত ৫০ হাজার টাকার মধ্যে সীমিত। অথচ প্রায় ৬০ শতাংশ উদ্যোক্তা তিন লাখ টাকার বেশি ঋণ নিতে চান। ফলে, একদিকে অধিকাংশ উদ্যোক্তা ঋণ পাচ্ছেন না, অন্যদিকে যারা ঋণ পাচ্ছেন, তাদের অনেকের প্রয়োজনীয় অর্থের চাহিদাও পূরণ হচ্ছে না।

দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের অবদান গুরুত্বপূর্ণ হলেও এসব প্রতিষ্ঠানের অর্থায়নের চাহিদা পূরণ হচ্ছে না। বিশেষ করে নতুন ব্যবসা শুরু করতে চান, এমন উদ্যোক্তাদের জন্য ঋণ পাওয়া আরও কঠিন। জামানত, ব্যবসার অভিজ্ঞতা ও আর্থিক নথিপত্রের মতো শর্তের কারণে অনেকেই ব্যাংক ঋণ পাচ্ছেন না। তাই সম্ভাবনা থাকা সত্ত্বেও পুঁজির অভাবে অনেক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠছে না, আবার বিদ্যমান অনেক উদ্যোগও সম্প্রসারণ করতে পারছে না।

জামানত থাকলেও ঋণ পেতে ভোগান্তি

ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংকঋণ পাওয়ার ক্ষেত্রে শুধু জামানত না থাকাই বাধা নয়, নানা ধরনের শর্ত ও দীর্ঘসূত্রতাও বড় সমস্যা। অনেকের জমি বা স্থাবর সম্পত্তি থাকলেও, ঋণের জন্য ব্যাংকে গিয়ে একের পর এক জটিলতার মুখে পড়তে হচ্ছে। একেক ব্যাংক একেক ধরনের কাগজপত্র চায়। কখনো প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও আবেদন এগোয় না, আবার দীর্ঘদিন ঘোরার পর জানানো হয়–ঋণ দেওয়া সম্ভব নয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি অনেক উদ্যোক্তা হতাশ হয়ে ঋণের চেষ্টা ছেড়ে দেন।

এমন অভিজ্ঞতা রয়েছে সাতক্ষীরার হাবিব বিল্লাহরও। একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেও চাকরি পাননি তিনি। তাই নিজের উদ্যোগে ব্যবসা শুরু করতে একাধিক ব্যাংকে ঋণের জন্য যোগাযোগ করেন। কিন্তু কোনো ব্যাংক থেকেই ঋণ পাননি।

হাবিব বিল্লাহ চরচাকে বলেন, “আমি একাধিক ব্যাংকে গিয়েছি ঋণের জন্য। কেউ ঋণ দেয়নি। কোনো ব্যাংক জামানত চায়। আবার কোনো ব্যাংক বলে, আগে ব্যবসা শুরু করতে, তারপর ঋণ দেবে। আমার কথা হলো, ব্যবসা করার টাকা থাকলে আমি ব্যাংকে ঋণ নিতে যাব কেন? টাকা নেই বলেই তো ব্যবসা করে কিছু একটা করে জীবন নির্বাহ করতে চাচ্ছি।”

তবে এসব অভিযোগের বিষয়ে ভিন্নমত জানিয়েছেন সোনালী ব্যাংকের প্রধান শাখার পল্লী ঋণ বা রুরাল ক্রেডিট ডিভিশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি চরচাকে বলেন, “কোনো ব্যক্তি ঋণ নিতে গেছেন, কিন্তু সোনালী ব্যাংক ঋণ দেয়নি, এমন কোনো অভিযোগ আমার কাছে আসেনি। যদি এমন অভিযোগ আসে, তাহলে সংশ্লিষ্ট শাখায় বিষয়টি জেনে ব্যবস্থা নেব।”

ব্যাংকে স্কিমের ভিত্তিতে ঋণের জন্য প্রযোজ্য শর্ত ভিন্ন হয় বলেও জানালেন সোনালী ব্যাংকের এই কর্মকর্তা, “সব স্কিমের জন্য জামানত বাধ্যতামূলক নয়। তবে কোনো কোনো স্কিমে গ্রাহকেরও কিছু টাকা থাকতে হয়। যেমন পাঁচ লাখ টাকা প্রয়োজন হলে প্রকল্পের মোট পুঁজির ৩০ শতাংশ গ্রাহককে দিতে হয়। বাকি ৭০ শতাংশ ব্যাংক দেয়।”

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান অবশ্য বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের সব নির্দেশনা সব ব্যাংক সব সময় মেনে চলে না। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কী করছে, এ ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “বিভিন্ন প্রকল্পে বিভিন্ন ধরনের ঋণ আছে। অনেক ঋণের জামানত লাগে না। এভাবেই ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরও কিছু ব্যাংক সেই নির্দেশনা মানছে না। এর জন্য বাংলাদেশ ব্যাংক মাঝে মাঝেই নির্দেশনা জারি করে ব্যাংকগুলোতে পাঠায়।”

পুঁজির অভাবে আটকে যাচ্ছে কর্মসংস্থানের সুযোগ

অর্থনীতিবিদরা বলছেন, ক্ষুদ্র উদ্যোগ ও কুটির শিল্প সাধারণত শ্রমনির্ভর। এসব উদ্যোগে তুলনামূলক কম পুঁজি দিয়ে বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়। বিশেষ করে গ্রাম ও মফস্বল এলাকায় কৃষি, পশুপালন, হস্তশিল্প, পোশাক তৈরি, খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ নানা ধরনের ক্ষুদ্র উদ্যোগ গড়ে ওঠে। এসব প্রতিষ্ঠানে আধুনিক যন্ত্রপাতির চেয়ে মানুষের শ্রম ও দক্ষতার ব্যবহার বেশি। ফলে একজন উদ্যোক্তার ছোট উদ্যোগও একাধিক মানুষের আয়ের উৎস হয়ে উঠতে পারে।

দেশের বেকারত্ব কমানো, নারীর অর্থনৈতিক অংশগ্রহণ বাড়ানো এবং স্থানীয় অর্থনীতিকে সচল রাখতে এসব উদ্যোগের ভূমিকা গুরুত্বপূর্ণ। বড় শিল্পের মতো বিপুল বিনিয়োগের প্রয়োজন না হওয়ায় স্বল্প পুঁজিতেও অনেকের পক্ষে এ ধরনের ব্যবসা শুরু করা সম্ভব। কিন্তু প্রয়োজনীয় অর্থায়ন, সহজ শর্তে ব্যাংকঋণ ও প্রশিক্ষণের সুযোগ না থাকায় এসব উদ্যোগের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে শুরুর দিকে পুঁজির সংকটের কারণে অনেক সম্ভাবনাময় উদ্যোগই বড় হওয়ার আগেই থেমে যায়।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে না পারলে দেশের অর্থনীতি চাঙ্গা করা সম্ভব না।

কারণ বাংলাদেশের অর্থনীতির কাঠামোই এমন যে, এখানে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বড় ভূমিকা রয়েছে। এসব উদ্যোক্তা কর্মসংস্থান সৃষ্টি, মানুষের আয় বাড়ানো এবং স্থানীয় অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাদের জন্য সহজ শর্তে ঋণ ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করা গেলে নতুন নতুন উদ্যোগ গড়ে উঠবে, উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে। এতে সামগ্রিক অর্থনীতিও গতিশীল হবে।”

ব্যাংকগুলোর মানসিকতা পরিবর্তনের আহ্বান বিশেষজ্ঞদের

ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর প্রচলিত মানসিকতা পরিবর্তনের প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ব্যাংকগুলো সাধারণত বড় ও প্রতিষ্ঠিত ব্যবসাপ্রতিষ্ঠানে ঋণ দিতে বেশি আগ্রহী। কারণ এসব প্রতিষ্ঠানের সম্পদ, আর্থিক বিবরণী ও ব্যবসার দীর্ঘ ইতিহাস থাকায় ঋণ আদায়ের ঝুঁকি তুলনামূলক কম মনে করে ব্যাংকগুলো। কিন্তু শুধু বড় ঋণের ওপর নির্ভরশীলতা ব্যাংক ও অর্থনীতি উভয়ের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই বড় করপোরেট ঋণের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্যও সহজ শর্তে ঋণের সুযোগ বাড়াতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “আসলে ব্যাংকগুলো ঝুঁকি নিতে চায় না। তারা যেখানে নিরাপদ বিনিয়োগ মনে করে, সেখানেই বিনিয়োগ করে। এই ধরনের মানসিকতা থেকে তাদের বের হতে হবে। কারণ সব সময় বড় বড় করপোরেট ঋণ থাকবে না। তখন কিন্তু ছোট ছোট ঋণের ওপর নির্ভর করেই অনেক ব্যবসা পরিচালিত হবে।”

করপোরেট ঋণের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার পরিণতি অনেক ব্যাংক ইতিমধ্যে বুঝতে পারছে উল্লেখ করে আহসান এইচ মনসুর বলেন, “করপোরেট ঋণের ওপর নির্ভর করলে অবস্থা কেমন হয়, সেটা এখন অনেক ব্যাংক বুঝতে পারছে। কারণ এসব ঋণের অনেকটাই এখন খেলাপি। তাই এখনো সময় আছে। ব্যাংকগুলোর উচিত বড় করপোরেট ঋণের পাশাপাশি ছোট ঋণের দিকেও নজর দেওয়া। ইতিমধ্যে কিছু ব্যাংক এটি শুরু করেছে। আশা করি, তাদের দেখাদেখি অন্য ব্যাংকগুলোও ছোট ছোট ঋণ দেওয়া শুরু করবে।”