খুলনা নগরীতে চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলোতে একের পর এক হামলা, ভাঙচুর ও অস্ত্রের মুখে হুমকির ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গত ১৭ দিনের ব্যবধানে চাঁদার দাবিকে কেন্দ্র করে অন্তত তিনটি ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের চিকিৎসকের ঘাড়ে পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে। একই সময়ে সন্ত্রাসীদের হুমকির মুখে নগরীর একটি ফার্মেসি বন্ধ করে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এসব ঘটনার পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র। প্রাণভয় ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তার কথা বিবেচনা করে অনেক প্রতিষ্ঠান প্রকাশ্যে অভিযোগ না করে নীরবে চাঁদা দিতে বাধ্য হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
নগরীর বাবুখান রোডের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে গত ২৪ অক্টোবর রাতে হামলা চালায় দুর্বৃত্তরা। এর আগে, নগরীর এক শীর্ষ সন্ত্রাসীর ঘনিষ্ঠ সহযোগীর শ্বশুরের চিকিৎসার প্রয়োজনে ওই প্রতিষ্ঠানে যোগাযোগ করা হয়েছিল। সেখানে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়াকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয় বলে জানা গেছে। এর জের ধরেই ওই রাতে দুর্বৃত্তরা প্রতিষ্ঠানে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় দুই চিকিৎসকের কক্ষ, কাউন্টার ও একটি টেলিভিশন ভাঙচুর করা হয়। আতঙ্ক ছড়াতে সেখানে গুলিও ছোড়া হয়।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই পর দিন ২৫ অক্টোবর সকালে একই মালিকের অন্য একটি প্রতিষ্ঠানে হাজির হয় সশস্ত্র অবস্থায় কয়েকজন। সেখানে উপস্থিত এক চিকিৎসকের ঘাড়ে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়ে চলে যায় তারা। তবে এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
একাধিক গোয়েন্দা সংস্থার সূত্রের দাবি, শুধু হামলা ও হুমকির ঘটনাই নয়, নগরীর বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে একটি প্রভাবশালী সন্ত্রাসী চক্রের কাছে মোটা অঙ্কের চাঁদা দিয়ে ব্যবসা পরিচালনা করতে হচ্ছে। তবে নিরাপত্তার স্বার্থে অনেকেই এসব বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না।
এরপর গত ৩ নভেম্বর সন্ধ্যায় নগরীর শামসুর রহমান রোডের আব্দুল্লাহ প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালায় দুর্বৃত্তরা। ক্যানসারের নমুনা সংগ্রহসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে প্রথমে এ হামলার সূত্রপাত বলে জানা গেলেও পরবর্তী সময়ে চাঁদা দাবির বিষয়টি সামনে আসে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালানোর পর দুর্বৃত্তরা কর্তৃপক্ষের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।
সবশেষ গতকাল শনিবার দুপুরে নগরীর খানজাহান আলী রোডে অবস্থিত এ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে হামলার ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রায় এক মাস আগে সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া নুর আজিম বাহিনীর এক সদস্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে হুমকি দিয়েছিল। ওই সময় আজিমের নাম উল্লেখ করে তাকে চেনেন কি না জানতে চায়। ব্যবস্থাপক তাকে চেনেন না জানালে পরে ‘চিনিয়ে দেওয়ার’ হুমকি দেওয়া হয়। প্রতিষ্ঠানের দাবি, ওই ঘটনার জেরেই এক মাস পর এ হামলা চালানো হয়েছে। তবে আতঙ্কের কারণে এ ঘটনায়ও থানায় কোনো অভিযোগ করেনি কর্তৃপক্ষ।
শুধু ডায়াগনস্টিক সেন্টার নয়, সন্ত্রাসীদের হুমকির মুখে পড়েছে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসিও। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপককে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আতঙ্কে ব্যবস্থাপক এলাকা ছেড়ে চলে গেছেন। এ ঘটনার পর থেকে মালিকপক্ষ ফার্মেসিটি বন্ধ রেখেছে।
সংশ্লিষ্টদের মতে, চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহের মতো গুরুত্বপূর্ণ খাতের প্রতিষ্ঠানগুলো এভাবে সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হলে সাধারণ রোগী ও সেবাগ্রহীতারাও নিরাপত্তাহীনতায় পড়বেন। বিশেষ করে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে হামলা ও ভাঙচুরের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন বলেন, “ডায়াগনস্টিক সেন্টারগুলোতে হামলার ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
খুলনায় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ভাঙচুরের ঘটনা জনমনে উদ্বেগ ছড়াচ্ছে। ছবি: চরচা
লোকমান হোসেন আরও জানান, গতকাল শনিবার খানজাহান আলী রোডের এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনায়ও কর্তৃপক্ষ থানায় কোনো অভিযোগ করেনি। তবে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া কয়েকজন ব্যক্তি আবারও নগরীতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
খুলনার নাগরিক সমাজের নেতা আইনজীবী বাবুল হাওলাদার বলেন, “খুলনার প্রাইভেট ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চাঁদাবাজির একের পর হামলা, ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টির বিচ্ছিন্ন কোনো ঘটনা নায়। গত কয়েক মাস ধরে খুলনার যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, তারই বহিঃপ্রকাশ।”
বাবুল আরও বলেন, “সন্ত্রাস ও অপরাধ করে পার পেয়ে যাওয়া, দ্রুত জামিন পেয়ে পুনরায় অপরাধে জড়িয়ে এই সন্ত্রাসী চক্র আরও বেপরোয়া উঠেছে। কিন্তু স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন, তাদের এ ব্যাপারে কোনো তৎপরতা আমরা দেখি না। প্রশাসন, সরকার উদাসীন। ফলে চাঁদাবাজ সন্ত্রাসীরা তাদের কার্যক্রম বেপরোয়া গতিতে চালাতে পারছে।”
জাতীয় সংসদের হুইপ খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল চরচাকে বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আমরা খুব উদ্বিগ্ন। এ ব্যাপারে কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমান্ত্রীকে বলেছেন। তিনি অত্যন্ত কড়া ভাষায় এবং দ্রুততার সাথে এ পরিস্থিতির সমাধান দেখতে চাই বলে জানিয়েছেন। সাধারণ জনমনে আতঙ্ক দূর করে শান্তি প্রতিষ্ঠা করতে চান তিনি। এ ব্যাপারে প্রধানমন্ত্রী কোনো ধরনের অজুহাত তিনি শুনতে চান না। আমরা আশাবাদী এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনীর যে কর্মকর্তারা আছেন হয় তারা এ সমস্যার সমাধান করবে, না হয় তারা আত্মসমর্পন করে চলে যাবেন। এর কোনো বিকল্প নেই।”
বকুল আরও বলেন, “আমরা সরকারি দল এবং বিরোধী দল বুঝি না। আমরা জনগণ। জনগণের প্রতিনিধি। জনগণের পক্ষে আছি। আমরা চাই কোনোভাবে সন্ত্রাসীর দৌরাত্ম্য থাকবে না। সাধারণ মানুষের শান্তিতে থাকবে। কীভাবে হবে এটা প্রশাসনে যারা আছেন তারা ব্যবস্থা নেবেন। সে ব্যক্তি যেই হোক না কেনো যত বড় সন্ত্রাসী হোক না কেনো যত বড় নেতা হোক না কেনো কিংবা যার ছত্রছায়ায় থাকুক না কেনো, এ ব্যাপারে প্রশাসন কঠিন ব্যবস্থা না গ্রহণ করে জনপ্রতিনিধি হিসেবে বলতে চাই আমরা কিন্তু মাঠে নামব।”