Advertisement

খুলনায় আবারও ডায়াগনস্টিক সেন্টারে হামলা

খুলনায় আবারও ডায়াগনস্টিক সেন্টারে হামলা
খুলনার এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ছবি: চরচা

খুলনায় এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুরের নগরীর ২৭৫ নম্বর খানজাহান আলী সড়কে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে পাঁচজন যুবক খানজাহান আলী রোডের নিউ এ্যাপোলো ডায়াগনস্টিক এ্যন্ড কনসালটেশনে প্রবেশ করে। কেউ কিছু বুঝে ওঠার আগে তারা চাইনিজ কুড়াল বের করে বিভিন্ন জিনিসপত্রে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাদের হামলায় দুইটি এসি, একটি টিভি, সামনের দরজার গ্লাস, রিসিপশন কাউন্টার ভেঙ্গে ফেলে। এর আগে তারা ডায়াগনস্টিক সেন্টারের একজন কর্মীর কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক জাহিদ হোসেন বলেন, “গত এক মাস আগে টুটপাড়ার নুর আজিম বাহিনীর এক সদস্য আমাকে ফোন দেয়। বিপরীত দিক থেকে নুর আজিমের কথা বলা হলে আমি জানাই ‘তাকে চিনি না’। এ কথা বলার পরপরই বিপরীত দিক থেকে ফোন কেটে দেয়। আর এক মাস পর এমন ঘটনা ঘটল।”

ডায়াগনস্টিক সেন্টারের ভেতর থাকা এক ব্যক্তি জানান, দুর্বৃত্তরা সংখ্যায় ৫ জন ছিল। তাদের সকলের হাতে চাইনিজ কুড়াল ছিল।

সদর থানার অফিসার ইনচার্জ মো: লোকমান হোসেন রিপন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থলে সিসি ফুটেজ সংগ্রহ করে সকলকে শনাক্ত করা গেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।”

কিছুদিন আগেই ২৪ অক্টোবর রাতে খুলনার বাবুখান রোডের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর ও গুলির ঘটনা ঘটে। এর একদিন পর ২৫ অক্টোবর সোনাডাঙ্গায় অবস্থিত সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় শাখায় একদল দুর্বৃত্তরা যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের অস্ত্র ঠেকিয়ে আতঙ্ক ভয়ভীতি প্রদর্শন করে। ৩ নভেম্বর নগরীর শামসুর রহমান রোডে আব্দুল্লাহ ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালায় দুর্বৃত্তরা।

নগরীতে একের পর এক হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে বেপরোয়াভাবে হামলা অব্যাহত রেখেছো চাঁদাবাজ সন্ত্রাসীরা। এর ফলে নগরীতে এসকল প্রতিষ্ঠানসহ ,বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে আতঙ্ক বিরাজ করছে।