Advertisement

চীনের প্রভাব বিস্তারের মুখে নেপালে প্রভাব পুনরুদ্ধার করতে পারবে কি ভারত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

চীনের প্রভাব বিস্তারের মুখে নেপালে প্রভাব পুনরুদ্ধার করতে পারবে কি ভারত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। হায়দরাবাদ হাউস, দিল্লি, ভারত। ২৩ নভেম্বর ২০২৬। ছবি: রয়টার্স

চলতি বছরের ভয়াবহ বন্যার পর নেপালে দ্রুত ত্রাণ ও পুনর্গঠন অনুদান দিচ্ছে ভারত। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন জেন-জি সমর্থিত সরকার ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়ায় দেশটিতে নিজেদের হারানো প্রভাব পুনরুদ্ধারের সুযোগ কাজে লাগাচ্ছে দিল্লি।

Advertisement

সীমান্ত বিরোধ এবং ২০১৫ সালের অবরোধ নিয়ে অসন্তোষের কারণে গত এক দশকে ভারত ও নেপালের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। ওই অবরোধের জন্য অনেক নেপালি দিল্লিকে দায়ী করেছিল। এর ফলে জ্বালানি ও অন্য পণ্যের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। তবে ভারত এ অবরোধের জন্য নিজেদের দায় অস্বীকার করেছে।

একই সময়ে নেপালে নিজেদের উপস্থিতি বাড়িয়েছে চীন। দেশটির বাজারে চীনা ইলেকট্রনিক পণ্য ও বৈদ্যুতিক যানবাহনের ব্যাপক প্রবেশের ফলে দুই দেশের বাণিজ্য বেড়েছে। পাশাপাশি অবকাঠামো, স্বাস্থ্য ও শিক্ষা খাতে প্রভাব বিস্তারের মাধ্যমে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে বেইজিং।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Advertisement

হিমালয়ের কোলে ভারত ও চীনের মাঝখানে অবস্থিত স্থলবেষ্টিত দেশ নেপাল। দরিদ্র এই দেশটিতে কয়েক দশক ধরে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা চালিয়ে আসছে এশিয়ার দুই বৃহৎ শক্তি। চীনের অর্থনৈতিক উত্থানের ফলে প্রতিবেশী দুই দেশের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলার ক্ষেত্রে কাঠমুন্ডের সুযোগ বেড়েছে। এর ফলে ভারতের দীর্ঘদিনের সেই ধারণা চ্যালেঞ্জের মুখে পড়েছে যে, ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সংযোগ ও দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কের কারণে নেপালে ভারতের প্রাধান্য অক্ষুণ্ন থাকবে।

সাম্প্রতিক বন্যা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় হারানো অবস্থানের কিছুটা পুনরুদ্ধারের সুযোগ করে দিয়েছে।

গত আগস্টে নেপালের ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর প্রথম বিদেশি সরকার হিসেবে ভারতই সাড়া দেয়। দেশটি ত্রাণসামগ্রী পাঠানোর পাশাপাশি যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধারে সহায়তা করে।

এর ধারাবাহিকতায় গতকাল সোমবার পুনর্গঠন, অবকাঠামো ও জ্বালানি খাতে অনুদান এবং ঋণ হিসেবে ১৬২ কোটি ডলারের একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করে দিল্লি। মার্চে ক্ষমতা গ্রহণের পর প্রথম দ্বিপক্ষীয় সফরে ৩৬ বছর বয়সী শাহ দিল্লি গেলে এ সহায়তা প্যাকেজের ঘোষণা দেওয়া হয়।

ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে নেপালের প্রায় ৫০০ কোটি ডলার প্রয়োজন, যা দেশটির মোট অর্থনীতির প্রায় এক-দশমাংশ। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল এক বিবৃতিতে বলেন, ভারতের এই সহায়তা প্যাকেজ দেশটি এ পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় আর্থিক সহায়তা।

নেপাল সরকারের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে (যা গত জুলাইয়ের মাঝামাঝি শেষ হয়েছে) দেশটিকে দেওয়া ভারতের সহায়তার পরিমাণ চীনের তুলনায় চার গুণেরও বেশি ছিল।

ভারত-নেপাল সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞ অশোক মেহতা বলেন, নতুন এই আর্থিক সহায়তা প্যাকেজ দেশের অভ্যন্তরে শাহের অবস্থান শক্তিশালী করতে পারে। একই সঙ্গে ২০২২ সালে অর্থনৈতিক সংকটের সময় শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের মতো নেপালের সঙ্গেও সম্পর্ক মেরামতের সুযোগ পাবে দিল্লি।

মেহতা বলেন, “এটি শ্রীলঙ্কার মডেলের মতো। শ্রীলঙ্কার সংকটের আগে ভারতের সঙ্গে দেশটির সম্পর্ক তলানিতে ছিল। এখন সেই সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী।”

এ অঞ্চলের অন্য দেশের সঙ্গেও সম্পর্ক জোরদারে আর্থিক সহায়তা কাজে লাগিয়েছে দিল্লি।

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু প্রথমে ভারত মহাসাগরের দ্বীপদেশটিকে চীনের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন। তবে পরে তিনি ভারতকে তার দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে অভিহিত করেন।

আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন, ‘গুরুতর অর্থনৈতিক চাপের সময় ভারত যে সহায়তা দিতে প্রস্তুত ছিল, তার কারণেই’ মালদ্বীপের অবস্থানে এই পরিবর্তন এসেছে।

কুগেলম্যান বলেন, “দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলো এখনো ভারতের আর্থিক সহায়তার ওপর, বিশেষ করে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে, ব্যাপকভাবে নির্ভরশীল।”

বিশ্বব্যাপী চীনের আর্থিক সক্ষমতা ভারতের তুলনায় অনেক বেশি হলেও এ নির্ভরশীলতা অব্যাহত রয়েছে। এইডডেটার তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০২৩ সালের মধ্যে চীনের সরকারি প্রতিষ্ঠানগুলো বিদেশে প্রায় ২ লাখ ২০ হাজার কোটি ডলারের ঋণ ও অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে, ভারতের অনুদান ও স্বল্পসুদে ঋণের পরিমাণ ছিল প্রায় ৪৬০০ কোটি ডলার।

তবে প্রতিবেশী দেশগুলোকে দ্রুত জরুরি সহায়তা দেওয়ার পাশাপাশি অনুদান ও স্বল্পসুদে ঋণও দিয়ে থাকে দিল্লি। অন্যদিকে, বিদেশে চীনের অর্থায়নের বড় অংশই রাষ্ট্রীয় সহায়তায় দেওয়া ঋণ ও বৃহৎ অবকাঠামো প্রকল্পনির্ভর।

ভারত-চীন প্রতিদ্বন্দ্বিতা

নয়াদিল্লির কাছে এই প্রতিযোগিতার লক্ষ্য এখন ক্রমেই নেপালে বেইজিংয়ের প্রবেশ ঠেকানোর চেয়ে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক উপস্থিতি যাতে দেশটির ওপর আরও বেশি রাজনৈতিক প্রভাবে রূপ না নেয়, তা নিশ্চিত করা।

গত এক দশকে নেপালের সঙ্গে চীনের বাণিজ্য তিন গুণেরও বেশি বেড়েছে। এ প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি চীনা পণ্য রপ্তানি।

চীনা ভাষা ও সংস্কৃতির শিক্ষাও নেপালে বিস্তৃত হয়েছে। কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ে পরিচালিত কনফুসিয়াস ইনস্টিটিউট ২০০৭ সাল থেকে মাধ্যমিক পর্যায়ের প্রায় ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে।

গতকাল সোমবার প্রশ্নোত্তরভিত্তিক এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, আগস্টের ভয়াবহ বন্যার পর চীন নেপালকে নগদ অর্থ ও পাঁচ দফায় ত্রাণসামগ্রী দিয়েছে। পাশাপাশি ২০ জনের বেশি উদ্ধার ও ফরেনসিক বিশেষজ্ঞ পাঠিয়েছে এবং আবহাওয়া, পানির অবস্থা ও ভূতাত্ত্বিক তথ্য বিনিময় করেছে।

তবে শাহের ভারত সফর নেপালের নতুন প্রশাসনের কাছে ভারতের গুরুত্বও তুলে ধরেছে। সফরে তিনি ভারতকে ‘নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিবেশী’ হিসেবে অভিহিত করেন। ভারতীয় বিনিয়োগের আহ্বান জানান এবং শিক্ষা, স্যাটেলাইট যোগাযোগ ও টেকসই নগর উন্নয়নে সহযোগিতা বাড়াতে কয়েকটি চুক্তি স্বাক্ষর করেন।

নেপালের পত্রিকা নেপালি টাইমসের সাবেক সম্পাদক কুন্দা দীক্ষিত বলেন, ভারত এখনো নতুন প্রধানমন্ত্রীকে বোঝার চেষ্টা করছে। ‘রহস্যময়’ এই প্রধানমন্ত্রীর কাছ থেকে সদিচ্ছা অর্জনের চেষ্টা করছে দিল্লি।

দীক্ষিত বলেন, “ভারতীয়রা হয়তো নিশ্চিত করতে চাইছে, তিনি যেন অতিরিক্ত মাত্রায় চীনের দিকে ঝুঁকে না পড়েন।” তাঁর মতে, এই সহায়তা নেপালের সঙ্গে সম্পর্ক ‘নতুন করে সাজানোর’ একটি প্রচেষ্টা হতে পারে।

বহু বছরের টানাপোড়েনপূর্ণ সম্পর্কের পর দুই দেশের মধ্যে আস্থা প্রতিষ্ঠাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন শাহ।

তিনি বলেন, “নেপাল ও ভারতের বন্ধুত্ব এমন হোক, যেখানে আস্থার উচ্চতা হিমালয়ের মতোই অটল ও সুউচ্চ থাকবে।”