নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাবেক এপিএস আ ন ম আহমাদুল বাশারের নামে থাকা সিটি ব্যাংকের ১১টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। ফ্রিজ আদেশ হওয়া এসব হিসাবে ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা বর্তমানে স্থিতি রয়েছে বলে আবেদনে উল্লেখ করেছেন দুদকের উপ-সহকারী পরিচালক মো. আবু তালহা।
আবেদনে বলা হয়েছে, আ ন ম আহমাদুল বাশার একজন সরকারি কর্মচারী হিসেবে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে তার নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন ও দখলে রেখেছেন। বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক লেনদেন করায় তার বিরুদ্ধে সম্পদ বিবরণী জারি করা হয়।
অনুসন্ধানকালে জানা যাচ্ছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার নামে থাকা অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা করতে পারলে অত্র অনুসন্ধানের উদ্দেশ্যই ব্যর্থ হবে। এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার ব্যাংক হিসাবগুলো ফ্রিজ (অবরুদ্ধ) করা একান্ত প্রয়োজন।