Advertisement

মোতালেব হত্যা মামলায় ফের রিমান্ডে সাঈদ খোকন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

মোতালেব হত্যা মামলায় ফের রিমান্ডে সাঈদ খোকন
আদালতে সাঈদ খোকন। ছবি: চরচা

ধানমন্ডি থানায় দায়ের করা কিশোর মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন।

Advertisement

এদিন সাত দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সুজন হক পাঁচ কারণে আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

Advertisement

আবেদনে বলা হয়েছে, আসামির কাছ থেকে প্রাপ্ত তথ্যের যাচাই-বাছাই করা; আসামির সনাক্ত মতে অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা; মামলার ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের অবস্থান সনাক্ত; মামলার ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার; মামলার মূল রহস্য ও মূল পরিকল্পনাকারীদের নাম-ঠিকানা সংগ্রহ পূর্বক গ্রেপ্তারের লক্ষ্যে আরও সাত দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।

এদিন, পুলিশ প্রহরায় তাকে কাঠগড়ায় নেওয়া হয়। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। এর আগে গত ১৭ নভেম্বর তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলার ২৯ নম্বর এজাহারনামীয় আসামি হলেন সাঈদ খোকন।

জুলাই অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা ‘আবার ফিরবেন’, সম্প্রতি এক ভিডিও বার্তা প্রকাশের পর গত মঙ্গলবার সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়। তার আগে গত দুই বছর নিভৃতেই ছিলেন তিনি। তার দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞাও ছিল।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচিত হয়েছিলেন। পরের নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাননি। ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে সাঈদ খোকন ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হয়েছিলেন।

তার সাত মাসের মধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর সংসদ ভেঙে দেওয়া হলে তার সংসদ সদস্যপদের অবসান ঘটে। সাঈদ খোকনের বাবা মোহাম্মদ হানিফ অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন।