সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে বলে আবারও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ সোমবার তিনি বলেন, দণ্ডিত কোনো পলাতক অভিযুক্তের ক্ষেত্রে যে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়, হাসিনার ক্ষেত্রেও সরকার একই প্রক্রিয়া অনুসরণ করবে।
শামা ওবায়েদ আরও বলেন, কাউকে বিমান, হেলিকপ্টার, বাস, গাড়ি কিংবা রিকশা পাঠানোর জন্য বাংলাদেশ সরকার কারও সঙ্গে কোনো ব্যবস্থা করেনি। “বিষয়টি কি পরিষ্কার?”
আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা এবং তাকে ফিরিয়ে আনার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শামা ওবায়েদ বলেন, বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনকে ‘বাংলাদেশের ভূখণ্ড’ হিসেবে বিবেচনা করা হয়। ফলে হাসিনা এসব মিশনের যেকোনোটিতে গেলেও তাকে গ্রেপ্তার করা হবে।
তিনি বলেন, “আমি বিষয়টি স্পষ্ট করে বলতে চাই—আগেও আমরা যা বলেছি, এখনো যা বলছি এবং ভবিষ্যতেও যখনই আপনারা জানতে চাইবেন, একই কথা বলব। এই নির্দিষ্ট ব্যক্তি কিংবা অন্য কোনো দণ্ডিত ব্যক্তি দেশে ফিরলে তাকে অভিযুক্ত হিসেবে বিবেচনা করা হবে। তাকে অবিলম্বে গ্রেপ্তার করে কারাগারে—কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এ ক্ষেত্রে কোনো ব্যতিক্রম হবে না।”
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে উড়োজাহাজ বা অন্য কোনো যানবাহন পাঠানোর বিষয়ে চলমান জল্পনা নাকচ করে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের কোনো ব্যবস্থা বা আলোচনা সরকার কারও সঙ্গে করেনি।
বিষয়টি নিয়ে গণমাধ্যমে অপ্রয়োজনীয় আলোচনা হচ্ছে বলেও সমালোচনা করেন তিনি। তার মতে, বারবার এ নিয়ে আলোচনা করে সাংবাদিক, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের সময় নষ্ট করা হচ্ছে।
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের হাসিনাকে গ্রেপ্তারের সক্ষমতা আছে কি না, জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, হাসিনা কোথায় আছেন, তা এখনো জানা যায়নি। তবে ভারতের সঙ্গে সরকারের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড, গুম ও অন্য অপরাধের ঘটনায় অভিযুক্ত ও দণ্ডিত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করছে সরকার। বিভিন্ন দেশে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে, এমন ব্যক্তিরাও এর আওতায় রয়েছেন।
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক উদ্যোগের বিষয়ে প্রকাশিত খবরের উল্লেখ করে শামা ওবায়েদ একে ‘রাজনৈতিক স্টান্ট’ বলে অভিহিত করেন। তিনি বলেন, হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। দিনটি বিজয় দিবস। এ দিনেই ভারতে নির্বাসিত জীবন থেকে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ হাসিনা।
বার্তা সংস্থা এপি জানায়, মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে দেশে ফেরার তারিখ ঘোষণা করে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাতীয় পতাকাবাহী উড়োজাহাজে করে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করার আহ্বান জানান।
বিবৃতিতে হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাত দিয়ে এপি জানায়, “২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তিনি সরকারের কাছে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য তার আকাশপথে যাতায়াতের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন।”
পরবর্তী সময়ে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওই অভ্যুত্থানের সময় শত শত বিক্ষোভকারী নিহত হয়।
রায় প্রত্যাখ্যান করে হাসিনা বলেছেন, বাংলাদেশে ফেরার পর তিনি মামলাটির বিরুদ্ধে আইনি লড়াই চালাতে প্রস্তুত।