আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এক রায়ে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে প্রমাণিত হওয়ার পর দেশটির পাঁচ জ্যেষ্ঠ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বিবিসির তথ্য অনুযায়ী, এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠিত হলো।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নে হাজারো রোহিঙ্গা নিহত হয়। এ সময় আরও সাত লাখের বেশি রোহিঙ্গা বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটি ছেড়ে পালাতে বাধ্য হয়। ১৯৮৯ সাল পর্যন্ত দেশটি বার্মা নামে পরিচিত ছিল।
আইসিজের এই রায়কে স্বীকৃতি দিয়ে যুক্তরাজ্যের সঙ্গে একমত হয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডাসহ আরও কয়েকটি দেশ।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিরুদ্ধে প্রতিক্রিয়ায় অভিন্ন মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে এবং এর সঙ্গে সুস্পষ্ট পদক্ষেপও নিতে হবে।
নিষেধাজ্ঞার মুখে পড়া মিয়ানমারের পাঁচ সামরিক নেতা হলেন মিও হুত হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেত ও, কিয়াও সোয়ে এবং কিয়াও সোয়ার ও।
মিলিব্যান্ড আরও বলেন, মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ২০১৭ সালের গণহত্যার সময় দেশটির সামরিক বাহিনীর নেতৃত্বে ছিলেন। তাই ওই সময় সংঘটিত বহু নৃশংসতার জন্য তিনি ‘সরাসরি দায়ী’। ২০২১ সালেই তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য।
মিয়ানমারকে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ, দায়ীদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা, অপরাধীদের শাস্তি দেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী মিলিব্যান্ড আরও বলেন, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ করে দিতে অবিলম্বে সংঘাত বন্ধ করতে হবে। বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংলাপ শুরু করতে হবে।
মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ বন্ধে নতুন আইন প্রণয়নের বিষয়টিও নিশ্চিত করেন তিনি।
গত সপ্তাহে ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযানের বিষয়ে আইসিজের রায়ের পর দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করেন মিলিব্যান্ড।
গতকাল সোমবার ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের তিনি জানান, চলতি সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করবে যুক্তরাজ্য। এ বিষয়ে দুই সপ্তাহের মধ্যে একটি বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রোহিঙ্গা শরণার্থী। ছবি: ইউএনবি
গত বৃহস্পতিবার দেওয়া রায়ে আইসিজে বলেছে, আদালতের সামনে উপস্থাপিত প্রমাণ থেকে ‘গণহত্যার অভিপ্রায় ছাড়া অন্য কোনো যুক্তিসংগত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই’।
আন্তর্জাতিক বিচারকদের প্যানেলে ৯-৬ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় এ রায় দেওয়া হয়। একই সঙ্গে ১৯৪৮ সালের গণহত্যা সনদের আরও কয়েকটি বিধান লঙ্ঘনের দায়েও সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতামতের ভিত্তিতে মিয়ানমারকে দায়ী করেছে আদালত।
আদালত নির্ধারণ করেছেন, বাংলাদেশের সীমান্ত ও বঙ্গোপসাগরসংলগ্ন পশ্চিম রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা অভিযান চলাকালে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হয়।
মিয়ানমার তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই অভিযানের সময় পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি নারী ও কিশোরীদের ধর্ষণের শিকার হতে হয়েছিল।
মিলিব্যান্ড বলেন, ১২ লাখের বেশি শরণার্থী মিয়ানমার থেকে পালিয়ে গেছে এবং বাংলাদেশ তাদের আশ্রয় ও সহায়তা দিচ্ছে।
গণহত্যার সময় মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতাচ্যুত করে।
ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের আরও জানানো হয়, দেশটিতে বিমান হামলা এবং আরাকান আর্মিকে ঘিরে সহিংসতা অব্যাহত রয়েছে।