২০১৮ সালের একটি মানহানি মামলায় জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। গত ২৩ নভেম্বর সোমবার এই আদেশ দেওয়া হয়।
আইনবিষয়ক সংবাদমাধ্যম ‘বার অ্যান্ড বেঞ্চ’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনাম রইস খান এই পরোয়ানা জারি করেন। আগামী ৩ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
মামলার সূত্রপাত ২০১৮ সালে ধ্রুব রাঠির প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে। ওই ভিডিওতে তিনি দাবি করেছিলেন, ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তথ্য ও প্রযুক্তি সেল বিকাশ সংস্কৃত্যায়ন ওরফে বিকাশ পাণ্ডেকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যমতে, বিকাশ পাণ্ডে ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদি’ নামক ফেসবুক পেজের প্রতিষ্ঠাতা।
সে সময় আম আদমি পার্টির আহ্বায়ক ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভিডিওটি রিটুইট করেছিলেন। এর জেরে বিকাশ পাণ্ডে ধ্রুব রাঠি ও অরবিন্দ কেজরিওয়াল—উভয়ের বিরুদ্ধেই মানহানির মামলা দায়ের করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বাদীপক্ষের আইনজীবী আদালতে যুক্তি দেন যে ধ্রুব রাঠি বিদেশে বসবাস করায় দীর্ঘ কয়েক বছর ধরে তার কাছে আদালতের সমন পৌঁছানো সম্ভব হয়নি। এই যুক্তির পরিপ্রেক্ষিতেই আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রতিবাদে গত অক্টোবরে ককরোচ জনতা পার্টির ডাকা বিক্ষোভে অংশ নিতে ভারতে এসেছিলেন ধ্রুব রাঠি। সে সময় দিল্লিতে পুলিশ তাকে আটকও করেছিল। বিক্ষোভ চলাকালে আটক হওয়া কয়েক হাজার মানুষের মোবাইল ফোন পুলিশ জব্দ করলে, তাদের ডিজিটাল অধিকারের পক্ষেও সোচ্চার ভূমিকা পালন করেন তিনি।