ছোটপর্দার অভিনেতা সোহেল খান মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মঙ্গলবার সকালে এক ফেসবুক পোস্টে সোহেল খানের মৃত্যুর তথ্য জানান সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোহেল খানের একটি ছবি যুক্ত করে পোষ্টে ফারুকী লিখেছেন, ‘‘জীবন এমনই। কালকে আমি সোহেল খানের ফটোকার্ড শেয়ার করলাম ৪২০ থেকে। আজকে সকাল ১০টায় উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। কালকে হঠাৎ আমার চোখের সামনে ঐ কার্ডটা পড়লো কেনো? সোহেল খান কী কোনো ভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, ‘আমি আছি’?’’
জানা গেছে, বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিং করছিলেন সোহেল খান। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ফেসবুকে লিখেছেন, ‘‘একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম ‘নসিব’। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হলো। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় ওপরে উঠল। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ, আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯টার দিকে ব্রেকফাস্টে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’’
দুই দশক আগে একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মিডিয়ায় আত্মপ্রকাশ সোহেল খানের। এরপর টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন।