
বারবার কেন হামলার শিকার হচ্ছে গ্রামীণ ব্যাংক?
গত ১৮ নভেম্বর বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানিতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা চালিয়ে প্রায় ৩০ বছরের নথিপত্রসহ আসবাবপত্র ও সরঞ্জাম ধ্বংস করা হয়। ব্যাংকের অধিকাংশ কর্মী তখন মাঠ পরিদর্শনে ছিলেন
চরচা ডেস্ক

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী থাকলেই যে কোনো যুদ্ধ জেতা যায় না। সামরিক সক্ষমতা দিয়ে প্রতিপক্ষের অবকাঠামো ধ্বংস করা যায়, তার সামরিক শক্তি দুর্বল করা যায়, এমনকি তার নেতৃত্বকেও বিপর্যস্ত করা সম্ভব। কিন্তু একটি দেশের রাজনৈতিক সিদ্ধান্ত পরিবর্তন করা, জনগণের প্রতিরোধের ইচ্ছা ভেঙে দেওয়া কিংবা যুদ্ধ-পরবর্তী স্থিতিশীলতা নিশ্চিত করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধ আবারও এই বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। ওয়াশিংটনের সামরিক শ্রেষ্ঠত্বের সঙ্গে তার রাজনৈতিক লক্ষ্য অর্জনের সক্ষমতার যে ব্যবধান, সেটিই এখন আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ প্রশ্ন।
মার্কিন নৌবাহিনীর সাবেক অ্যাডমিরাল উইলিয়াম এইচ ম্যাকরাভেন তার এক নিবন্ধে এই সংকটের ঐতিহাসিক ও কৌশলগত ব্যাখ্যা দিয়েছেন। নিবন্ধটি প্রভাবশালী মার্কিন সাময়িকী ফরেন অ্যাফেয়ার্সে প্রকাশিত হয়েছে। তার মূল বক্তব্য, মার্কিন পররাষ্ট্রনীতিতে একটি দীর্ঘস্থায়ী সমস্যা রয়েছে। সেটি হলো সামরিক শক্তির কার্যকারিতা সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসের কারণে ওয়াশিংটন বারবার মনে করেছে, প্রযুক্তি, অস্ত্র ও সামরিক শ্রেষ্ঠত্ব দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান করা সম্ভব। অথচ ইতিহাস বলছে, যুদ্ধক্ষেত্রে জয়লাভ আর রাজনৈতিক উদ্দেশ্য অর্জন এক বিষয় নয়।
ইরান যুদ্ধকে এই দীর্ঘস্থায়ী কৌশলগত ভুলের সাম্প্রতিক উদাহরণ হিসেবে দেখছেন ম্যাকরাভেন। তার বিশ্লেষণে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর থেকেই যুদ্ধের লক্ষ্য অস্পষ্ট হয়ে পড়ে। কখনো বলা হয়েছে, ইরানের সরকার পরিবর্তন করতে হবে। কখনো পারমাণবিক কর্মসূচি বন্ধ করাকে প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছে। পরে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক করাই প্রধান অগ্রাধিকার হয়ে ওঠে। অথচ যুদ্ধ শুরুর আগে এই প্রণালি বন্ধ ছিল না। অর্থাৎ সামরিক অভিযান শুরু করার পর এমন একটি সংকট তৈরি হয়েছে, যেটি মোকাবিলা করাও যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতির অংশ হয়ে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতির তাৎপর্য শুধু ইরান বা মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্ব, মিত্রদের সঙ্গে সম্পর্ক, আন্তর্জাতিক আইন ও সামরিক শক্তির ভবিষ্যৎ ব্যবহার নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে এমন এক সময়ে, যখন বিশ্বব্যবস্থা ক্রমেই বহুমেরুকেন্দ্রিক হচ্ছে এবং আঞ্চলিক শক্তিগুলো নিজেদের কৌশলগত স্বাধীনতা বাড়ানোর চেষ্টা করছে।
১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সঙ্গে ২০২৬ সালের ইরান যুদ্ধের তুলনা করলে এই ব্যবধান আরও স্পষ্ট হয়। প্রথম যুদ্ধে যুক্তরাষ্ট্র যে কৌশল অনুসরণ করেছিল, বর্তমান যুদ্ধে তার অনেক কিছুই অনুপস্থিত। প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করেছিলেন। জাতিসংঘের মাধ্যমে ইরাকের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান তৈরি করেছিলেন। আরব দেশগুলোকে নিয়ে একটি আন্তর্জাতিক জোট গঠন করেছিলেন। যুদ্ধের লক্ষ্যও ছিল নির্দিষ্ট। ইরাককে কুয়েত থেকে বিতাড়িত করা। বাগদাদ দখল করা বা সাদ্দাম হোসেনের সরকার উৎখাত করা ছিল না সেই অভিযানের উদ্দেশ্য।
ম্যাকরাভেনের মতে, উপসাগরীয় যুদ্ধের সাফল্যের পেছনে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ ছিল। নৈতিক ও আন্তর্জাতিক বৈধতা, শক্তিশালী বহুজাতিক জোট এবং রাজনৈতিক ও সামরিক লক্ষ্যের মধ্যে সামঞ্জস্য। ৩৬টি দেশের প্রায় সাড়ে সাত লাখ সেনা এই অভিযানে অংশ নিয়েছিল। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সেনা ছিল প্রায় ৫ লাখ ৪০ হাজার। ৪৩ দিনের বিমান অভিযান এবং এক শ ঘণ্টার স্থল অভিযানের মধ্য দিয়ে ইরাকি বাহিনীকে কুয়েত থেকে বিতাড়িত করা হয়। লক্ষ্য অর্জনের পর যুক্তরাষ্ট্র যুদ্ধ দীর্ঘায়িত করেনি।
কিন্তু এই সাফল্য থেকেই ওয়াশিংটনে নতুন ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়। সামরিক প্রযুক্তি ও অপ্রতিদ্বন্দ্বী শক্তি দিয়ে প্রায় যেকোনো প্রতিপক্ষকে পরাজিত করা সম্ভব—এমন ধারণা প্রতিষ্ঠা পেতে থাকে। নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র, উপগ্রহনির্ভর যোগাযোগ, উন্নত নজরদারি এবং ডিজিটাল যুদ্ধ পরিচালনার প্রযুক্তি যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে অনেক এগিয়ে দেয়। কিন্তু প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকে রাজনৈতিক বিজয়ের নিশ্চয়তা হিসেবে বিবেচনা করাই ছিল বড় ভুল।
ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতা থেকে যুক্তরাষ্ট্রের শিক্ষা নেওয়ার কথা ছিল। ১৯৭৫ সালে মার্কিন বাহিনী যখন সায়গন ছেড়ে চলে যায়, তখনও যুক্তরাষ্ট্রের অনেক সামরিক ও রাজনৈতিক নেতা বুঝতে পারেননি, কীভাবে এতগুলো যুদ্ধক্ষেত্রের সাফল্যের পরও পুরো যুদ্ধে পরাজয় ঘটল। উত্তর ভিয়েতনামের এক সামরিক কর্মকর্তা কর্নেল টুয়ের সঙ্গে মার্কিন কর্নেল হ্যারি সামার্সের কথোপকথন এ ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। সামার্স বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র কখনো উত্তর ভিয়েতনামের কাছে পরাজিত হয়নি। উত্তরে টু বলেছিলেন, সেটি অপ্রাসঙ্গিক। কারণ যুদ্ধের ফলাফল নির্ধারিত হয়েছিল রাজনৈতিক ও জাতীয় সংকল্পের লড়াইয়ে।
এই ঘটনাই ম্যাকরাভেনের বিশ্লেষণের অন্যতম ভিত্তি। তার বক্তব্য, যুদ্ধ কেবল অস্ত্র ও সামরিক সক্ষমতার প্রতিযোগিতা নয়। এটি মানুষের ইচ্ছাশক্তি, জাতীয় পরিচয়, রাজনৈতিক বৈধতা, ভূগোল ও দীর্ঘ সময় ধরে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ক্ষমতার লড়াই। প্রতিপক্ষকে সামরিকভাবে দুর্বল করলেই তার রাজনৈতিক আত্মসমর্পণ নিশ্চিত হয় না।
২০০১ সালে আফগানিস্তান এবং ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এই বাস্তবতার পুনরাবৃত্তি ঘটিয়েছে। আফগানিস্তানে তালেবান সরকার দ্রুত ক্ষমতাচ্যুত হলেও পরবর্তী সময়ে বিদ্রোহ দমন, সন্ত্রাসবাদ মোকাবিলা ও রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্য একসঙ্গে যুক্ত হয়ে যায়। যুদ্ধের উদ্দেশ্য বারবার পরিবর্তিত হয়। বিপুল অর্থ, সেনা ও আধুনিক অস্ত্র ব্যবহারের পরও শেষ পর্যন্ত ২০২১ সালে যুক্তরাষ্ট্রকে আফগানিস্তান ছাড়তে হয়। তালেবান আবার ক্ষমতায় ফিরে আসে।
ইরাকেও একই ধরনের সমস্যা দেখা যায়। সাদ্দাম হোসেনের সরকার উৎখাতের পর যুদ্ধের লক্ষ্য হয়ে ওঠে পশ্চিমা ধাঁচের গণতন্ত্র প্রতিষ্ঠা। কিন্তু দুর্বল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুদ্ধ শুরু, আন্তর্জাতিক সমর্থনের অভাব ও যুদ্ধ-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে ভুল ধারণা যুক্তরাষ্ট্রকে দীর্ঘ সংঘাতে জড়িয়ে ফেলে। ম্যাকরাভেন মনে করেন, আফগানিস্তান ও ইরাকে যুক্তরাষ্ট্রের সেনারা সাহসিকতা ও পেশাদারত্বের পরিচয় দিলেও রাজনৈতিক নেতৃত্ব সামরিক সাফল্যকে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতায় রূপান্তর করতে পারেনি।
ইরান যুদ্ধের ক্ষেত্রেও সেই পুরোনো ভুলের পুনরাবৃত্তি ঘটেছে বলে তার মূল্যায়ন। ইরানকে আক্রমণের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাধিক স্বার্থ ছিল। ইসরায়েলের কাছে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলোর প্রভাব দীর্ঘদিনের নিরাপত্তা উদ্বেগ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বজায় রাখা, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের আঞ্চলিক শক্তি সীমিত করা। ইরানের সরকার পরিবর্তনের সম্ভাবনাও মার্কিন প্রশাসনের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছিল। কিন্তু সামরিক আঘাতের মাধ্যমে এসব লক্ষ্য একসঙ্গে অর্জনের পরিকল্পনা কতটা বাস্তবসম্মত ছিল, সেটিই এখন বড় প্রশ্ন।
যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) গত ১৮ সেপ্টেম্বর হালনাগাদ করা ইউএস কনফ্লিক্ট উইথ ইরান প্রতিবেদনে যুদ্ধের লক্ষ্য ও ফলাফল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও নৌবাহিনী ধ্বংস করা ও দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা ছিল যুক্তরাষ্ট্রের ঘোষিত সামরিক লক্ষ্য। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন আশা করেছিল, ইরানের নেতৃত্ব ও সামরিক সক্ষমতা দুর্বল হলে দেশটির জনগণের বিদ্রোহের মাধ্যমে সরকারের পতন ঘটতে পারে। কিন্তু সর্বোচ্চ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এবং সামরিক ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইসলামি প্রজাতন্ত্র ক্ষমতায় টিকে রয়েছে।
প্রতিবেদনটি আরও জানায়, যুদ্ধ বন্ধ এবং বৃহত্তর সমঝোতার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান এ বছরের জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে সেই সমঝোতা ভেঙে পড়ে। আগস্টে এর মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়। সেপ্টেম্বর নাগাদ দুই পক্ষ আবার সীমিত আকারে হামলা-পাল্টা হামলায় জড়িয়ে পড়ে। অর্থাৎ সামরিক অভিযানের পরও রাজনৈতিক সমাধান প্রতিষ্ঠিত হয়নি। বরং যুদ্ধ ও কূটনীতির মধ্যে অনিশ্চিত এক পরিস্থিতি তৈরি হয়েছে।
এখানে ইরানের কৌশলগত অবস্থান বুঝতে হলে তার ভূগোলের দিকে তাকাতে হবে। ইরান শুধু একটি বড় ভূখণ্ডের দেশ নয়। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী হরমুজ প্রণালির ওপর তার ভৌগোলিক অবস্থান দেশটিকে বিশেষ সুবিধা দিয়েছে। এই প্রণালি দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের গত ৭ আগস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বের সামুদ্রিক পথে পরিবাহিত অপরিশোধিত তেল ও পরিশোধিত পণ্যের প্রায় ২৫ শতাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ১৯ শতাংশ এই প্রণালি দিয়ে গেছে।
ইরানের জন্য হরমুজ প্রণালি তাই শুধু একটি নৌপথ নয়। এটি তার কৌশলগত দর-কষাকষির গুরুত্বপূর্ণ হাতিয়ার। যুক্তরাষ্ট্র সামরিকভাবে অনেক শক্তিশালী হলেও এই প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা সহজ নয়। কারণ এখানে সামরিক সংঘাতের প্রভাব সরাসরি বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহে পড়ে। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ইরানের নৌ ও সামরিক সক্ষমতা দুর্বল করতে পারে। কিন্তু আন্তর্জাতিক জাহাজ চলাচলে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করার জন্য শুধু সামরিক অভিযান যথেষ্ট নয়।
এই জায়গায় দুই দেশের ক্ষমতার সমীকরণটি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের শক্তি তার উন্নত সামরিক প্রযুক্তি, বৈশ্বিক সামরিক উপস্থিতি, অর্থনৈতিক সামর্থ্য ও আন্তর্জাতিক অংশীদারত্বে। অন্যদিকে ইরানের শক্তি তার ভৌগোলিক অবস্থান, দীর্ঘদিনের প্রতিরোধের অভিজ্ঞতা, আঞ্চলিক সম্পর্ক ও সংঘাত দীর্ঘায়িত করার সক্ষমতায়। দুই পক্ষের শক্তি এক ধরনের নয়। যুক্তরাষ্ট্রের পক্ষে যুদ্ধের সামরিক ব্যয় বহন করা সম্ভব হলেও তার রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যয় ক্রমেই বাড়তে পারে। ইরান সামরিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হলেও সংঘাত চালিয়ে যাওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর চাপ সৃষ্টি করতে পারে।
ইরানের নেতৃত্বের কাছে এই যুদ্ধ অস্তিত্ব রক্ষার লড়াই। ফলে সামরিক ক্ষয়ক্ষতি বা অর্থনৈতিক সংকটের পরও তারা সহজে আপস করতে চাইবে, এমন নিশ্চয়তা নেই। ম্যাকরাভেন ১৯৮০ থেকে ১৯৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। ওই যুদ্ধে বিপুল প্রাণহানি সত্ত্বেও ইরান দীর্ঘ আট বছর প্রতিরোধ চালিয়ে গিয়েছিল। তার যুক্তি, ইরানের জনগণ ও নেতৃত্বের প্রতিরোধের ইচ্ছাকে অবমূল্যায়ন করা যুক্তরাষ্ট্রের জন্য বড় কৌশলগত ভুল।
এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। কোনো দেশের সরকারকে দুর্বল করা আর সেই দেশের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করা এক নয়। বাইরের সামরিক আক্রমণ অনেক সময় জাতীয়তাবাদী অনুভূতিকে শক্তিশালী করে। সরকারের বিরুদ্ধে অসন্তোষ থাকলেও বিদেশি আক্রমণের মুখে জনগণের একটি অংশ রাষ্ট্রের পাশে দাঁড়াতে পারে। ফলে সামরিক হামলার মাধ্যমে যে রাজনৈতিক পরিবর্তন আনার পরিকল্পনা করা হয়, সেটিই উল্টো জাতীয় প্রতিরোধকে শক্তিশালী করতে পারে।
যুক্তরাষ্ট্রের জন্য আন্তর্জাতিক সমর্থনের অভাবও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় বুশ প্রশাসন ইউরোপ, আরব বিশ্ব, সোভিয়েত ইউনিয়ন ও জাতিসংঘের সমর্থন আদায় করেছিল। কিন্তু ইরান যুদ্ধের আগে ট্রাম্প প্রশাসন মিত্রদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা করেনি। ম্যাকরাভেনের মতে, যুদ্ধ শুরুর আগে আরব মিত্রদেরও অবহিত করা হয়নি। ফলে পরবর্তী সময়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র যখন অন্য দেশগুলোর সহযোগিতা চেয়েছে, তখন প্রত্যাশিত সমর্থন পায়নি।
এই অনাস্থার পেছনে ট্রাম্পের মিত্রদের সঙ্গে সম্পর্ক পরিচালনার ধরনও ভূমিকা রেখেছে। ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তার বিরোধপূর্ণ সম্পর্ক, আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে সংশয় ও একতরফা সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা মার্কিন কূটনৈতিক অবস্থানকে দুর্বল করেছে। কোনো সামরিক জোট শুধু অস্ত্র ও সেনাসংখ্যার ওপর নির্ভর করে না। সদস্যদের মধ্যে আস্থা ও অভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যও প্রয়োজন। ইরান যুদ্ধ সেই আস্থার সংকটকে সামনে এনেছে।
১৭ নভেম্বর প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে দেখা যায়, প্রায় নয় মাসের সংঘাতের পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত ছিল। একই সময়ে ওমান ও কাতার দুই দেশের মধ্যে সমঝোতার চেষ্টা চালাচ্ছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান সফরে সামুদ্রিক পথের নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্য স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করেন। কিন্তু কূটনৈতিক উদ্যোগের মধ্যেই দুই পক্ষের মধ্যে নতুন করে সামরিক হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। রয়টার্স সংঘাতটিকে কার্যত অচলাবস্থা হিসেবে বর্ণনা করেছে।
এর অর্থ, মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক বজায় রাখার পাশাপাশি ইরানের সঙ্গে সংঘাত এড়িয়ে চলাও জরুরি হয়ে উঠেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতের অর্থনীতি জ্বালানি রপ্তানি, আন্তর্জাতিক বিনিয়োগ ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর নির্ভরশীল। তাদের ভূখণ্ডে মার্কিন সামরিক উপস্থিতি একদিকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়, অন্যদিকে ইরানের পাল্টা আক্রমণের ঝুঁকিও তৈরি করে। ফলে তারা এমন পরিস্থিতিতে পড়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন।
ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাবও ক্রমেই বিস্তৃত হচ্ছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে শুধু তেলের বাজার ক্ষতিগ্রস্ত হয় না। প্রাকৃতিক গ্যাস, সার, শিল্পের কাঁচামাল ও অন্যান্য পণ্যের সরবরাহেও প্রভাব পড়ে। তেলের দাম বাড়লে পরিবহন ব্যয় বৃদ্ধি পায়। এর প্রভাব খাদ্যপণ্য, শিল্প উৎপাদন ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে ছড়িয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) ১৯ নভেম্বর প্রকাশিত এক বিশ্লেষণে জানিয়েছে, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলো দিয়ে সম্মিলিত তেল পরিবহন দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ১৯ শতাংশ বেড়েছিল। ঝুঁকিপূর্ণ পথ এড়িয়ে বিকল্প পরিবহনব্যবস্থা ও ছোট জাহাজ ব্যবহার করে সরবরাহ বাড়ানোর চেষ্টা হয়েছিল। কিন্তু সরবরাহ কিছুটা স্বাভাবিক হলেও অক্টোবর মাসে ব্রেন্ট অপরিশোধিত তেলের গড় দাম ব্যারেলপ্রতি ১২৪ ডলারে পৌঁছায়। সংঘাত শুরুর পর এটি ছিল সর্বোচ্চ মাসিক গড়। ইআইএর বিশ্লেষণে বৈশ্বিক তেলের মজুত কমে যাওয়া ও চাহিদা বৃদ্ধিকেও এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এই পরিস্থিতি বাংলাদেশের মতো জ্বালানি আমদানিনির্ভর দেশের জন্যও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে আমদানি ব্যয় বাড়ে। জ্বালানি আমদানিতে বেশি বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হলে অন্যান্য প্রয়োজনীয় পণ্য আমদানির ওপর চাপ তৈরি হতে পারে। পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়লে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হয়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতা প্রবাসী শ্রমিকদের কর্মসংস্থান ও আঞ্চলিক বাণিজ্যের ওপরও ঝুঁকি তৈরি করতে পারে। ফলে ইরান যুদ্ধ বাংলাদেশের কাছে দূরের কোনো ভূরাজনৈতিক সংঘাত নয়; এটি সরাসরি অর্থনৈতিক স্বার্থের সঙ্গে যুক্ত।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিও এই যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘ যুদ্ধের জন্য জনগণের সমর্থন প্রয়োজন। সামরিক ব্যয়, প্রাণহানি এবং জ্বালানির মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করতে পারে। রয়টার্সের ১৭ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের অর্থনৈতিক প্রভাব ও জ্বালানির মূল্যবৃদ্ধি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও অসন্তোষ বাড়িয়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রতি ভোটারদের বিরূপ প্রতিক্রিয়ার পেছনেও এই পরিস্থিতি ভূমিকা রেখেছে।
ম্যাকরাভেনের বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের কাঠামোগত দুর্বলতা। তার মতে, সাম্প্রতিক বছরগুলোতে প্রেসিডেন্টের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হচ্ছে। প্রতিষ্ঠানের প্রতি আনুগত্যের পরিবর্তে ব্যক্তির প্রতি আনুগত্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সামরিক বাহিনী, কূটনৈতিক বিভাগ ও গোয়েন্দা সংস্থার নেতৃত্বে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পেলে প্রেসিডেন্টের কাছে নিরপেক্ষ পরামর্শ পৌঁছানোর সুযোগ কমে যায়। বিশেষ করে যুদ্ধের ঝুঁকি, ব্যয় ও সম্ভাব্য পরিণতি সম্পর্কে ভিন্নমত প্রকাশের পরিবেশ সংকুচিত হলে ভুল সিদ্ধান্তের আশঙ্কা বাড়ে।
তিনি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অধীনে সামরিক নেতৃত্বে পরিবর্তন ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের অপসারণের বিষয়টিও উল্লেখ করেছেন। তার আশঙ্কা, এ ধরনের পদক্ষেপ সামরিক বাহিনীর পেশাদারত্ব ও স্বাধীন পরামর্শ দেওয়ার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সামরিক কর্মকর্তারা যদি মনে করেন, রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে মতবিরোধ তাদের পেশাগত ভবিষ্যৎ বিপন্ন করবে, তাহলে তারা প্রয়োজনীয় সতর্কবার্তা দিতে দ্বিধা করবেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন সামরিক প্রযুক্তি নিয়েও তার উদ্বেগ রয়েছে। আধুনিক প্রযুক্তি যুদ্ধক্ষেত্র সম্পর্কে দ্রুত তথ্য সরবরাহ করতে পারে। সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়াতে পারে। কিন্তু প্রযুক্তি যুদ্ধের রাজনৈতিক ও মানবিক বাস্তবতা পরিবর্তন করতে পারে না। প্রতিপক্ষের মনস্তত্ত্ব, জাতীয় প্রতিরোধ, ভৌগোলিক সীমাবদ্ধতা ও আন্তর্জাতিক বৈধতার প্রশ্ন প্রযুক্তি দিয়ে সমাধান করা সম্ভব নয়। বরং প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা সামরিক নেতৃত্বের মধ্যে এমন আত্মবিশ্বাস তৈরি করতে পারে, যা বাস্তব পরিস্থিতি সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করবে।
এখানে আন্তর্জাতিক আইনের প্রশ্নটিও উপেক্ষা করা যায় না। আমেরিকান জার্নাল অব ইন্টারন্যাশনাল ল-এর গত অক্টোবর সংখ্যায় প্রকাশিত যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিষয়ক একটি গবেষণায় যুক্তরাষ্ট্রের ২৮ ফেব্রুয়ারির হামলার আন্তর্জাতিক আইনি বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। গবেষণাটিতে জাতিসংঘ সনদের শক্তি প্রয়োগসংক্রান্ত বিধান ও আত্মরক্ষার অধিকারের শর্ত বিশ্লেষণ করা হয়েছে। অর্থাৎ যুদ্ধের সামরিক ফলাফল ছাড়াও এর আইনি ভিত্তি ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্বের ওপর প্রভাব ফেলবে।
এখন প্রশ্ন, ইরান যুদ্ধের ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে? প্রথম সম্ভাবনা হলো, দুই পক্ষের মধ্যে সীমিত সংঘাত ও কূটনৈতিক আলোচনা পাশাপাশি চলবে। যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক চাপ বজায় রাখবে। ইরানও হরমুজ প্রণালিকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। এই পরিস্থিতিতে কোনো পক্ষই পূর্ণ বিজয় অর্জন করতে পারবে না। কিন্তু সংঘাতের অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী হবে।
দ্বিতীয় সম্ভাবনা হলো, আঞ্চলিক মধ্যস্থতার মাধ্যমে একটি নতুন সমঝোতা তৈরি হবে। ওমান ও কাতারের কূটনৈতিক উদ্যোগ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তবে শুধু যুদ্ধবিরতি যথেষ্ট হবে না। ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা, হরমুজ প্রণালির নিরাপত্তা ও উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিয়ে গ্রহণযোগ্য সমঝোতা প্রয়োজন। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সামরিক চাপের পাশাপাশি কূটনীতিকে গুরুত্ব দিতে হবে।
তৃতীয় সম্ভাবনা হলো, কোনো নতুন সামরিক উত্তেজনা সংঘাতকে আবার বিস্তৃত করে তুলবে। হরমুজ প্রণালি ছাড়াও লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে অস্থিরতা বাড়লে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ আরও বিপর্যস্ত হতে পারে। রয়টার্সের প্রতিবেদনেও ইয়েমেনের হুতি গোষ্ঠীর মাধ্যমে সংঘাতের বিস্তারের আশঙ্কা উঠে এসেছে। ফলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিপক্ষীয় বিরোধে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে আঞ্চলিক শক্তি, আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক নিরাপত্তার প্রশ্ন যুক্ত হয়েছে।
সব মিলিয়ে উইলিয়াম ম্যাকরাভেনের বিশ্লেষণ একটি মৌলিক সত্যের দিকে দৃষ্টি আকর্ষণ করে। সামরিক শক্তি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ, কিন্তু সেটিই পররাষ্ট্রনীতির একমাত্র ভিত্তি হতে পারে না। যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দেহের অবকাশ নেই। কিন্তু সেই শক্তি কখন, কোথায় ও কী উদ্দেশ্যে ব্যবহার করা হবে, সেটিই আসল প্রশ্ন। ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাক ও এখন ইরানের অভিজ্ঞতা দেখাচ্ছে, সামরিক অভিযান শুরু করা যতটা সহজ, রাজনৈতিক লক্ষ্য অর্জন ততটা সহজ নয়।
একটি যুদ্ধের প্রকৃত সাফল্য শুধু কতটি লক্ষ্যবস্তু ধ্বংস হলো, কতজন প্রতিপক্ষ নিহত হলো কিংবা কত দ্রুত সামরিক অভিযান পরিচালিত হলো, তা দিয়ে বিচার করা যায় না। দেখতে হয়, যুদ্ধের ঘোষিত রাজনৈতিক লক্ষ্য অর্জিত হয়েছে কি না, দীর্ঘমেয়াদি নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে কি না এবং যুদ্ধের ব্যয় অর্জিত ফলাফলের তুলনায় যুক্তিসংগত কি না।
যুক্তরাষ্ট্রের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সামরিক শক্তির সীমাবদ্ধতা স্বীকার করা। মিত্রদের আস্থা ফিরিয়ে আনা, আন্তর্জাতিক বৈধতা প্রতিষ্ঠা করা ও ইরানের সঙ্গে রাজনৈতিক সমাধানের পথ খুঁজে বের করা। অন্যথায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী নিয়েও ওয়াশিংটন এমন একটি যুদ্ধে আটকে থাকতে পারে, যেখানে সামরিকভাবে শক্তিশালী হয়েও কৌশলগতভাবে জয়ী হওয়া সম্ভব হবে না।
ম্যাকরাভেনের সতর্কবার্তাটি তাই শুধু ট্রাম্প প্রশাসনের জন্য নয়। এটি ভবিষ্যতের সব মার্কিন প্রেসিডেন্ট ও নীতিনির্ধারকদের জন্যও প্রযোজ্য। তার বক্তব্যের সারকথা, পৃথিবীর সব সামরিক শক্তি হাতে থাকলেও ভুল রাজনৈতিক সিদ্ধান্তের পরিণতি এড়ানো যায় না।

বারবার কেন হামলার শিকার হচ্ছে গ্রামীণ ব্যাংক?
গত ১৮ নভেম্বর বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানিতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা চালিয়ে প্রায় ৩০ বছরের নথিপত্রসহ আসবাবপত্র ও সরঞ্জাম ধ্বংস করা হয়। ব্যাংকের অধিকাংশ কর্মী তখন মাঠ পরিদর্শনে ছিলেন

বনের বাঘে খাওয়ার আগে মনের বাঘেই কাবু বাংলাদেশ
সুপার স্পোর্টস পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল এমন একটা বিব্রতকর রেকর্ড করেছে, যেটা দীর্ঘ ইতিহাসে কোনো সফরকারী দলই গড়তে পারেনি। টেস্টে এই ভেন্যুতে সর্বনিম্ন দলীয় রানের ইনিংসটা এখন বাংলাদেশের দখলে।

সংলাপ: এনসিপি কী চাইল, সরকার কী দিল
বৈঠকে জাতীয় ঐক্যের প্রশ্নে দুই পক্ষের মধ্যে যোগাযোগ ও আলোচনার একটি সূচনা হলেও এনসিপির উত্থাপিত শর্তগুলোর বিষয়ে দৃশ্যমান কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি। বিশেষ করে সংবিধান সংশোধন কমিটির ভবিষ্যৎ, সংবিধান সংস্কার পরিষদের শপথ, বিচার কার্যক্রমের অগ্রগতি এবং পররাষ্ট্রনীতির প্রস্তাবগুলো নিয়ে সরকারের পরবর্

সত্যিকারের সক্ষম এআই পারমাণবিক অস্ত্রের চেয়েও বিপজ্জনক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বর্তমানে পৃথিবীর সবচেয়ে আলোচিত প্রযুক্তি। এটি মানুষের জীবনকে যেমন সহজ করছে, তেমনি তৈরি করছে গভীর শঙ্কা। এই প্রযুক্তির নির্মাতারাই এখন এর ভবিষ্যৎ ও বিপদ নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন। ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প