Advertisement

সত্যিকারের সক্ষম এআই পারমাণবিক অস্ত্রের চেয়েও বিপজ্জনক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

সত্যিকারের সক্ষম এআই পারমাণবিক অস্ত্রের চেয়েও বিপজ্জনক
প্রতীকী ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বর্তমানে পৃথিবীর সবচেয়ে আলোচিত প্রযুক্তি। এটি মানুষের জীবনকে যেমন সহজ করছে, তেমনি তৈরি করছে গভীর শঙ্কা। এই প্রযুক্তির নির্মাতারাই এখন এর ভবিষ্যৎ ও বিপদ নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন। ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটির মূল কেন্দ্রে রয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই।

Advertisement

দারিও আমোদেই একসময় ওপেনএআইর গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ২০১৬ সালে সেখানে কাজ করার সময় তিনি এআইর বিপদ নিয়ে অত্যন্ত সতর্ক ছিলেন। ওপেনএআইর গবেষক জেফ্রি আরভিংয়ের মতে, আমোদেই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে বিশেষ ল্যাপটপ ব্যবহার করতেন। তিনি মনে করতেন, শক্তিশালী এআই তৈরির তথ্য ভুল হাতে পড়লে তা পারমাণবিক বোমার চেয়েও ভয়ংকর হতে পারে। ওপেনএআইর নিরাপত্তা নীতি নিয়ে মতবিরোধের জেরে ২০২১ সালে তিনি ছয়জন সহকর্মীকে নিয়ে অ্যানথ্রপিক প্রতিষ্ঠা করেন। তার লক্ষ্য ছিল মানবজাতির জন্য নিরাপদ এআই তৈরি করা।

Advertisement

অ্যানথ্রপিক বর্তমানে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বিশাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর আমোদেই ও তার সহ-প্রতিষ্ঠাতারা এখন বিলিয়নিয়ার। ইনভেস্টমেন্ট মার্কেটপ্লেস হিল ডটকমের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানের প্রায় ৬০০ কর্মীর শেয়ারের মূল্য ১০০ মিলিয়ন ডলারের বেশি। এ ছাড়া, পাঁচ হাজারের বেশি কর্মীর হাতে রয়েছে অন্তত ১ মিলিয়ন ডলারের শেয়ার। এত বিশাল আর্থিক সাফল্যের মাঝেও প্রতিষ্ঠানটির ভেতরে এক অদ্ভুত দর্শন কাজ করে। আমোদেই তার কর্মীদের কাছে নিয়মিত দীর্ঘ মেমো ও প্রবন্ধ লেখেন। তিনি বিশ্বাস করেন, মানুষের চেয়ে বুদ্ধিমান এআই বা এজিআই তৈরি হওয়া এখন কেবল সময়ের ব্যাপার।

২০২২ সালের এক অভ্যন্তরীণ মেমোতে আমোদেই এক ভয়াবহ আশঙ্কার কথা লিখেছিলেন। তার মতে, এআই যেভাবে এগোচ্ছে তাতে মানবজাতি ধ্বংস বা স্থায়ীভাবে পঙ্গু হয়ে যাওয়ার ২০ থেকে ৩০ শতাংশ আশঙ্কা রয়েছে। তিনি স্পষ্টভাবেই লিখেছেন, সত্যিকারের সক্ষম এআই পারমাণবিক অস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী ও বিপজ্জনক। নিজের এই আশঙ্কার কথা জেনেও আমোদেই থেমে নেই। বরং তার প্রতিষ্ঠান এখন এআই উন্নয়নের দৌড়ে সবার সামনে থাকার চেষ্টা করছে।

অ্যানথ্রপিকের ভেতরের সংস্কৃতি অনেকটা গোপন সামরিক প্রকল্পের মতো। কর্মীরা নিজেদের ‘অ্যান্টস’ বা পিঁপড়া বলে পরিচয় দেন। তারা বিশ্বাস করেন, পৃথিবীকে বাঁচানোর মহান দায়িত্ব তাদের কাঁধে। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ অর্পিত গুপ্ত সম্প্রতি অ্যানথ্রপিকের এক বিশেষ ব্রিফিংয়ে অংশ নিয়েছিলেন। তিনি জানান, প্রতিষ্ঠানটির কর্মকর্তারা মনে করেন এআই খুব দ্রুত নিজেকে নিজেই উন্নত করতে শিখছে। যন্ত্রকে নৈতিকতা শেখানো না গেলে তা মানুষের জন্য ক্ষতিকর হয়ে উঠবে। এ জন্য অ্যানথ্রপিক তাদের চ্যাটবট ‘ক্লড’-এর জন্য ২৩ হাজার শব্দের একটি বিধিমালা তৈরি করেছে। সেখানে বলা হয়েছে, ক্লড কখনো ছোটখাটো মিথ্যাও বলবে না।

তবে প্রতিষ্ঠানটির এই আদর্শবাদী অবস্থানের পেছনে ভিন্ন চিত্রও দেখছেন অনেকে। অ্যানথ্রপিকের সাবেক কর্মী জ্যাকব কক্সন গত সেপ্টেম্বরে পদত্যাগ করেন। তিনি সতর্ক করে বলেন, “অ্যানথ্রপিক এমন এক প্রতিযোগিতায় আটকা পড়েছে যা মানবজাতির বিলুপ্তির ঝুঁকি তৈরি করছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক সাবেক কর্মী জানান, প্রতিষ্ঠানের ভেতরে একটি ধারণা প্রচলিত আছে। সেটি হলো, যেহেতু তারা দায়িত্বশীল, তাই পৃথিবীর সব ক্ষমতা তাদের হাতেই থাকা উচিত। অর্থাৎ, অন্যদের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে গিয়ে তারাই একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে চাইছেন।

ভূ-রাজনীতি নিয়েও আমোদেইয়ের অবস্থান বেশ কঠোর। কর্মীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি নিজেকে একজন দেশপ্রেমিক হিসেবে দাবি করেন। তার মতে, এআইর বিশ্বব্যাপী লড়াই আসলে গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের লড়াই। তিনি মনে করেন, আমেরিকার উচিত চীনকে উন্নত এআই চিপ থেকে বঞ্চিত রাখা। অ্যানথ্রপিকের অভ্যন্তরীণ তথ্যের গোপনীয়তা রক্ষায় কঠোর নীতি রয়েছে। ওয়্যার্ড ম্যাগাজিনে একবার আমোদেইয়ের একটি বার্তা ফাঁস হয়েছিল। সেখানে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তহবিল নেওয়াকে স্বৈরশাসকদের ধনী করার শামিল বলেছিলেন। এই তথ্য ফাঁসের জেরে সংশ্লিষ্ট কর্মীকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়।

শেয়ারবাজারে যাত্রা শুরুর দিন নিউইয়র্কের টাইমস স্কয়ারে আমোদেই আবারও নিরাপত্তার কথা বলেন। তিনি প্রতিশ্রুতি দেন, এআই মানুষের নিয়ন্ত্রণে আছে কি না তা নিশ্চিত না হয়ে তারা সামনে এগোবেন না। কিন্তু এআই নিরাপত্তা বিশেষজ্ঞরা তার এই কথায় আশ্বস্ত হতে পারছেন না। ওপেনএআইর সাবেক কর্মী ড্যানিয়েল কোকোটাজলো অ্যানথ্রপিকের সদর দপ্তরের সামনে বিক্ষোভে অংশ নেন। তিনি বলেন, “আমোদেই নিজের ভাবনা লিখে প্রকাশ করছেন তা ভালো, কিন্তু এর ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানটিকে বিশ্বাস করা যায় না।”

আমোদেইয়ের একসময়ের ঘনিষ্ঠ সহকর্মী জেফ্রি আরভিংয়ের কণ্ঠেও এখন হতাশা। ওয়াশিংটন পোস্টকে তিনি বলেন, “আমোদেই এখন এই ভয়ংকর প্রতিযোগিতায় আটকে পড়া অন্য সব এআই কোম্পানির প্রধান নির্বাহীদের মতোই হয়ে গেছেন।” আরভিংয়ের মতে, ঝুঁকির মাত্রা কমিয়ে না আনা পর্যন্ত এআইর উন্নয়ন পুরোপুরি বন্ধ রাখা উচিত। কিন্তু অ্যানথ্রপিকের বিশাল মুনাফা আর শেয়ারবাজারের চাপ সেই পথ বন্ধ করে দিয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা চিকিৎসা, বিজ্ঞান ও অর্থনীতিতে বিপ্লব ঘটাতে পারে। অ্যানথ্রপিক তাদের আইপিও নথিতে দাবি করেছে, তাদের আয় পুরো আমেরিকার অর্থনীতির সমান হতে পারে। কিন্তু যে প্রযুক্তি একটি রাষ্ট্রের সমান ক্ষমতাধর হয়ে উঠছে, তার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? মুনাফার প্রলোভন আর অস্তিত্ব রক্ষার লড়াইয়ের এই দ্বন্দ্বে মানবজাতি এখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি। প্রযুক্তির এই অশ্বমেধের ঘোড়া শেষ পর্যন্ত আমাদের কোথায় নিয়ে যাবে, তা নিয়ে সংশয় ক্রমেই ঘনীভূত হচ্ছে।