কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যখন দ্রুত মানুষের কাজের জায়গা দখল করে নিচ্ছে, তখন অভিভাবক ও শিক্ষাবিদদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, আগামী দিনের অনিশ্চিত কর্মবাজারের জন্য সন্তানদের কীভাবে প্রস্তুত করবেন?
প্রযুক্তি খাতের শীর্ষ নেতাদের বড় একটি অংশের দাবি, আগামী এক দশকের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রায় সব কাজেই মানুষকে ছাড়িয়ে যাবে। লন্ডনের গ্রেশাম কলেজের বিজনেস অধ্যাপক এবং “What Should My Children Do? A Human’s Guide to the Age of AI” বইয়ের লেখক ড্যানিয়েল সাসকিন্ডও এই সতর্কবার্তাই দিয়েছেন। তার মতে, এআই মানুষের কাজ কেড়ে নিক বা না নিক, আজকের শিশুরা বড় হয়ে এমন এক পৃথিবীতে যাবে, যেখানে এআইয়ের প্রভাব হবে অনেক বেশি। আর সেই ভবিষ্যৎ ঠিক কেমন হবে, তা আগে থেকে অনুমান করা কঠিন।
প্রযুক্তির গতি এতটাই দ্রুত যে ১০ বছর পর কোন কাজগুলো টিকে থাকবে আর কোনগুলো হারিয়ে যাবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। ফলে অতি-নির্দিষ্ট কোনো কারিগরি বা সংকীর্ণ দক্ষতার ওপর বাজি ধরা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
সাসকিন্ড এর একটি বড় উদাহরণ হিসেবে ২০১৩ সালে ইংল্যান্ডের সিদ্ধান্তের কথা তুলে ধরেন। তখন ঠিক করা হয়েছিল, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিশুকে কোডিং শেখানো হবে। সে সময় এটিকে দারুণ দূরদর্শী ভাবা হয়েছিল এবং অনেক দেশই সেই পথ অনুসরণ করে। উদ্দেশ্য ছিল ভবিষ্যৎ প্রজন্মকে টেকসই কারিগরি দক্ষতায় সমৃদ্ধ করা। কিন্তু ২০২৩ সালের জানুয়ারিতে চ্যাটজিপিটি যখন কোড লেখায় পারদর্শী হয়ে ওঠে, তখন দেখা গেল, ভবিষ্যতের ক্যারিয়ারকে নিরাপদ করার জন্য যে দক্ষতা শেখানো হয়েছিল, শিক্ষার্থীরা স্কুল শেষ করার আগেই তা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে।
সাসকিন্ডের মতে, এটি কেবল ‘দুর্ভাগ্য’ নয়; বরং ভবিষ্যৎকে পুরোপুরি ‘ফিউচার-প্রুফ’ বা সুরক্ষিত করে ফেলা যাবে—এমন অতি-আত্মবিশ্বাসের ফল। তার ভাষায়, এআইয়ের এই যুগ মূলত অনিশ্চয়তার যুগ। তাই আমাদের কাজ ভবিষ্যৎ নিয়ে যতটা সম্ভব চতুর অনুমান করা বা সব অনিশ্চয়তা দূর করা নয়, বরং অজানা ও অনিশ্চিত ভবিষ্যতের জন্য নতুন প্রজন্মকে প্রস্তুত করা।
এই পরিবর্তিত বাস্তবতায় কেবল শিশুদের প্রস্তুতিই যথেষ্ট নয়। সাসকিন্ডের মতে, বড়দেরও নতুন করে শেখার বা আবার স্কুলে ফেরার কথা ভাবা উচিত। কারণ বদলে যাওয়া কর্মজগৎ ও প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়া এখন আজীবনের প্রক্রিয়া।
এই অনিশ্চয়তা মোকাবিলায় সন্তানদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে মৌলিক বিষয়গুলোতে ফিরে যাওয়াই হতে পারে কার্যকর কৌশল-
গভীর মৌলিক জ্ঞান: দ্রুত বদলে যাওয়া প্রযুক্তির উপরিভাগের দক্ষতার চেয়ে মৌলিক ধারণাগুলো দীর্ঘমেয়াদে টিকে থাকে এবং নতুন কিছু শেখার ভিত্তি তৈরি করে
অভিযোজন ক্ষমতা: যাদের মৌলিক ভিত্তি শক্ত, প্রযুক্তি বা কাজের ধরন বদলে গেলেও তারা সহজেই নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে নিতে পারেন।
মানবিক দৃষ্টিকোণ ও বিচারবোধ: এআই উত্তর তৈরি করতে পারে, কিন্তু কোন প্রশ্নটি করা জরুরি, কোন সিদ্ধান্তটি নৈতিক বা মানবিক—সেই বোধ ও সমালোচনামূলক চিন্তার জায়গাটি মানুষের হাতেই থাকা প্রয়োজন।
সন্তানদের ক্যারিয়ার নিয়ে এই দুশ্চিন্তা কেবল শিক্ষাব্যবস্থার নয়, এটি সরাসরি অভিভাবকদের মানসিক প্রশান্তি ও সুস্থতার সাথেও জড়িয়ে গেছে। ‘সন্তান পিছিয়ে পড়ছে না তো?’, এই আতঙ্ক থেকে অনেক সময় শিশুদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। অথচ প্রযুক্তিগত অনিশ্চয়তার এই সময়ে শিশুদের কৌতূহল, শেখার আনন্দ এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি।
এআই ভবিষ্যতের কর্মজগৎকে বদলে দেবে—এ বিষয়ে সন্দেহ কমই আছে। কিন্তু সেই পরিবর্তনের ভয়ে আতঙ্কিত না হয়ে বরং সন্তানদের শক্ত ভিত্তি, প্রশ্ন করার সাহস এবং অনিশ্চিত ভবিষ্যতের সাথে মানিয়ে নেওয়ার মানসিকতা গড়ে তোলাই আজকের সবচেয়ে বড় বিনিয়োগ। আর সেই শেখার যাত্রায় বড়দেরও শামিল হওয়া জরুরি।