Advertisement

১৮ দিনে ৩ হাজার কোটি টাকার পোশাকের অর্ডার হারাল বাংলাদেশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

১৮ দিনে ৩ হাজার কোটি টাকার পোশাকের অর্ডার হারাল বাংলাদেশ
১৮ দিনে ২৫৪ মিলিয়ন ডলারের পোশাকের অর্ডার হারিয়েছে বাংলাদেশ। ফাইল ছবি

চলমান অস্থিরতায় দেশের তৈরি পোশাক খাত বড় অঙ্কের অর্ডার হারিয়েছে। মাত্র ১৮ দিনে ক্রেতারা বাংলাদেশের ৫৯ মিলিয়ন পিস পোশাকের অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব অর্ডারের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ১০০ কোটি টাকা।

Advertisement

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির জরিপ অনুযায়ী, গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতির কারণে তৈরি পোশাক খাতের উৎপাদন ও সরবরাহ কার্যক্রম ব্যাহত হয়েছে।

Advertisement

বিজিএমইএর জরিপে অংশ নেওয়া ৩১৭টি কারখানার মধ্যে অনেকগুলো এক থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এসব কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন ডলার। উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় ক্রেতারা নিশ্চিত করা অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছেন।

বিজিএমইএ বলছে, অর্ডার ধরে রাখতে কারখানাগুলোকে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে। পাশাপাশি মূল্যছাড় দেওয়া এবং অর্ডার বাতিলের ঝুঁকিতেও পড়তে হচ্ছে তাদের।

সংগঠনটির দাবি, জরিপে পাওয়া ক্ষয়ক্ষতির পরিসংখ্যান প্রকৃত পরিস্থিতির পূর্ণ চিত্র নয়। তাদের হিসাবে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি হলেও এই জরিপে অংশ নিয়েছে ৩১৭টি কারখানা। এ ছাড়া জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত হলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা অব্যাহত রয়েছে।

বিজিএমইএ মনে করে, উৎপাদন ও অর্ডার হারানোর আর্থিক ক্ষতির বাইরেও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি ও ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।