ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হওয়া শ্রমিক নেতাসহ সব সাধারণ শ্রমিকদের মুক্তির দাবি করেছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং শ্রমিকদের হয়রানি বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ রোববার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। সমাবেশ শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু।
সমাবেশে বক্তারা বলেন, “গ্রেপ্তার হওয়া ছয় শ্রমিক নেতা কোনো ধরনের সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। তারা শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি-দাওয়া আদায়ে শ্রমিক সংগঠনের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। অথচ শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনায় শ্রমিক সংগঠনগুলোর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।”
বক্তারা আরও বলেন, “শ্রমিক নেতাদের উপস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তাদের গ্রেপ্তার বা হয়রানি করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এরপরও শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারের ঘটনা ঘটছে। এতে সাধারণ শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।”
সমাবেশে বক্তব্যে আরও বলা হয়, “একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে অপরাধ হিসেবে বিবেচনা করা উচিত নয়। শ্রমিক নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি নিরাপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ করা রাষ্ট্রের দায়িত্ব।”
সমাবেশ থেকে গ্রেপ্তার শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তি, তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং সাধারণ শ্রমিকসহ সব শ্রমিক নেতার বিরুদ্ধে হয়রানি বন্ধে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়।