খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আবারও কালো রং মেখে বিকৃত করেছে দুর্বৃত্তরা। ১৬ দিনের ব্যবধানে একই প্রতিকৃতিতে দ্বিতীয়বারের মতো এ ঘটনা ঘটল।
আজ রোববার সকালে শিববাড়ি মোড়ের গ্রাফিতিটি কালি লেপিত অবস্থায় দেখা যায়। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে আঁকা দেয়ালের অন্যান্য গ্রাফিতি অক্ষত থাকলেও রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডলে স্প্রে করে কালো রং ছিটিয়ে দেওয়া হয়েছে।
মহানগরীর গুরুত্বপূর্ণ শিববাড়ি মোড়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ভবনের বিপরীতে রেলওয়ের সীমানাপ্রাচীরে এসব দেয়ালচিত্র আঁকা হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত এবং জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ ও ওসমান হাদিসহ বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি। পাশাপাশি সেখানে জুলাই আন্দোলনের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন চরচাকে জানিয়েছেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে।
এর আগে গত ৬ নভেম্বর একই দেয়ালচিত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি মাখিয়ে বিকৃত করেছিল দুর্বৃত্তরা। পরদিন ৭ নভেম্বর কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উদ্যোগে প্রতিকৃতিটি নতুন করে আঁকা হয়। এর দুই সপ্তাহের মাথায় আবারও একই প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনা ঘটল।