এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত বাংলাদেশ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন, লক্ষ্যবস্তু বানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।
পুলিশের বরাত দিয়ে উইয়র্ক টাইমস জানিয়েছে, এসব সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন ক্ষমতাসীন দলের সদস্য। বাকি দুজন পরিবহন শ্রমিক, যারা বাসে আগুন দেওয়ার ঘটনায় প্রাণ হারিয়েছেন।
এদিকে, আওয়ামী লীগের এসব কর্মকাণ্ড যখন চলছে, তখন সরকারবিরোধী শক্তিগুলোও আগামী দিনগুলোতে আরও বিক্ষোভ কর্মসূচির ডাক দিচ্ছে।
এই অস্থিরতার প্রভাব পড়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কেও।
এক সময় দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ মিত্রতার সম্পর্ক ছিল। ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ও দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা, আশ্রয় নেন ভারতে। এরপর থেকেই দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সহিংসতা কারা করছে?
দেড় সপ্তাহ ধরে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা হিসেবে বিক্ষোভকারীরা সীমিত পরিসরে সশস্ত্র তৎপরতা চালাচ্ছেন। এ সময়ে তারা গণপরিবহনে আগুন দিয়েছেন, পুড়িয়ে দিয়েছেন কয়েকটি থানা ও একটি হাসপাতাল। এ ছাড়া, ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই নেতার বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।
গত কয়েকদিনে সহিংসতা ও আওয়ামী লীগের সমর্থনে বিক্ষোভ সবচেয়ে তীব্র ছিল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জেলা গোপালগঞ্জে। এটি শেখ হাসিনার জন্মস্থান। বিক্ষোভকারীরা দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সংযোগকারী প্রধান মহাসড়ক অবরোধ করে। এতে সড়কটিতে যান চলাচল টানা ৩৬ ঘণ্টা বন্ধ থাকে।
এ সময় বিক্ষোভকারীরা অস্ত্র হাতে মহাসড়ক ধরে মিছিল করেন। তারা পুলিশের একটি গাড়িতে আগুন দেন এবং এক পুলিশ সদস্যকে মারধর করে আহত করেন। গত শুক্রবার সকালে মহাসড়কটি আবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এ ঘটনায় কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শেখ হাসিনার পতনের পর আনন্দ মিছিল করে ছাত্র-জনতা। ফাইল ছবি: চরচা
নিউ ইয়র্ক টাইমস বলছে, এসব সহিংস কর্মকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। ২০২৪ সালে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনা এই দলটির নেত্রী। চব্বিশের ৫ আগস্ট ক্ষুব্ধ বিক্ষোভকারীরা যখন তার বাসভবনের দিকে এগিয়ে আসছিল, তখন নাটকীয়ভাবে দেশ ছাড়েন শেখ হাসিনা এবং ভারতে পালিয়ে যান।
সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার বিষয়ে মন্তব্য জানতে নিউইয়র্ক টাইমস আওয়ামী লীগের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো জবাব দেননি বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।
গত বছরের শেষ দিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে। শাস্তি হিসেবে দেওয়া হয় মৃত্যুদণ্ড। দেশের প্রধান প্রসিকিউটরের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, শেখ হাসিনা দেশে ফিরলে বাংলাদেশ সরকার তার মৃত্যুদণ্ড কার্যকর করবে।
সম্প্রতি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করে বাংলাদেশের বর্তমান প্রশাসনের ক্ষোভের মুখে পড়েন শেখ হাসিনা। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেন তিনি। তবে বাংলাদেশের সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাকে পাসপোর্ট ও এনআইডি দেওয়া হবে না।
এর আগে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন। বলেছেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার, কারাবন্দী এমনকি হত্যা করা হতে পারে, সে বিষয়েও তিনি পুরোপুরি অবগত।
শেখ হাসিনা কেন নির্বাসনে?
শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের হিসেবে পাঁচবার নির্বাচিত হওয়া প্রধানমন্ত্রী। তবে তার শেষ তিনটি নির্বাচনে ব্যাপক অনিয়ম এবং বিরোধীদের ওপর দমন-পীড়নের অভিযোগ ওঠে।
বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা যেমন সহিংসতার শিকার হয়েছেন, তেমনি তার বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতায় জড়িত থাকার অভিযোগও রয়েছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট এক সামরিক অভ্যুত্থানে সপরিবার নিহত হন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। ওই হত্যাকাণ্ড থেকে বেঁচে যান তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। ঘটনার সময় তারা দুজনই দেশের বাইরে ছিলেন। শেখ হাসিনা তখন ছিলেন পশ্চিম জার্মানিতে।
২০২৪-এর জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে শুরুতে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা। ওই কোটা ব্যবস্থায় আওয়ামী লীগের সমর্থকেরা বাড়তি সুবিধা পেত বলে উল্লেখ করা হয় নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে। একপর্যায়ে বিক্ষোভ রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান শেখ হাসিনার সমর্থকেরা। পাশাপাশি আন্দোলন দমনে নামানো হয় তার নিয়ন্ত্রণাধীন নিরাপত্তা বাহিনীকে।
এসব সংঘর্ষে অন্তত ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়।
আন্দোলন দমনে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেন শেখ হাসিনা। বিক্ষোভকারীদের গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনীকে অভিযান চালানোর নির্দেশও দেন তিনি। এসব অভিযানে ১০ হাজারের বেশি মানুষকে কারাগারে পাঠানো হয়।
এখন সামনে কী?
পাসপোর্টের আবেদন করায় শেখ হাসিনার সমালোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাকে ‘সন্ত্রাসী’ ও ‘পলাতক অপরাধী’ বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে জানান, সরকার চায়, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করুক।
তবে ভারত তাকে ফেরত দেবে, এমন সম্ভাবনা কম বলে উল্লেখ করেছে নিউইয়র্ক টাইমস। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ও ভারতের সরকারের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল, বিশেষ করে শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে।
শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি নরেন্দ্র মোদি। তবে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তুলতে আগ্রহী তার সরকার। এ বছরের জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিষিদ্ধ থাকায় নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ।
এ সপ্তাহের শুরুতে ভারতকে পরোক্ষভাবে ইঙ্গিত করে কথা বলেন তারেক রহমান। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আন্দোলনকারীরা ‘সীমান্তের ওপার’ থেকে নির্দেশনা পাচ্ছে।
গত শুক্রবার বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে নিউইয়র্ক টাইমসে কোনো মন্তব্য করতে রাজি হননি মোদি সরকারের এক মুখপাত্র। তবে এর আগে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই হতে পারে তারেক রহমানের প্রথম ভারত সফর। তবে সেই আমন্ত্রণের এখনো কোনো জবাব দেননি তারেক রহমান।