
দেশজুড়ে অস্থিরতা, সামনে কী হবে?
এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত বাংলাদেশ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন, লক্ষ্যবস্তু বানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও।
চরচা ডেস্ক

দশ বছর আগে ব্রেক্সিট গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাজ্য। ওই সিদ্ধান্তের কারণে দুই পক্ষের সম্পর্কে বড় ধরনের দূরত্ব তৈরি হয়। সে সময় এই সিদ্ধান্তকে বড় বিজয় হিসেবে স্বাগত জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। ট্রাম্পের শুল্ক ও নিরাপত্তাসহ বিভিন্ন নীতি, রাশিয়ার আগ্রাসী ভূমিকা এবং অর্থনৈতিকভাবে চীনের শক্তিশালী হয়ে ওঠার কারণে ইউরোপের দেশগুলো ও যুক্তরাজ্য আবারও কাছাকাছি আসছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ব্রেক্সিটের কারণে দুই পক্ষের সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা কমাতে নতুন একটি সমঝোতায় পৌঁছেছে যুক্তরাজ্য ও ইইউ। একই সঙ্গে ব্রেক্সিটের কারণে অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে ওঠার কথাও বিবেচনা করা হচ্ছে।
স্থানীয় সময় গতকাল শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেন, এই চুক্তির মাধ্যমে “বহু বছর আগে ভেঙে যাওয়া সম্পর্কের সেতুগুলো আবার তৈরি হবে।” একে ব্রিটেনের জন্য “একটি ভালো সমঝোতা” বলেও উল্লেখ করেন বার্নহাম।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন জানিয়েছেন, ব্রেক্সিটের পর থেকে বিশ্বে কতটা পরিবর্তন এসেছে, তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, নতুন সমঝোতায় মূলত তিনটি বিষয় গুরুত্ব পেয়েছে। এগুলো হলো–যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্যিক বাধা কমানো, তরুণদের এক দেশ থেকে অন্য দেশে গিয়ে বসবাস ও কাজের সুযোগ বাড়ানো এবং কার্বন নিঃসরণজনিত শুল্কের বিষয়টি সমাধান করা।
তবে কিছু বিষয়ে এখনো মতবিরোধ রয়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বা পড়াশোনার খরচ নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য আছে।
এদিকে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক কতটা ঘনিষ্ঠ করা উচিত, তা নিয়ে নিজ দেশেও রাজনৈতিক বিরোধিতার মুখে পড়তে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
কেন ইউরোপ-যুক্তরাজ্য সম্পর্ক জোড়া লাগাতে চাইছে?
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রদিবেদনে বলা হয়েছে, ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেশটির ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যে নেতিবাচক প্রভাব পড়েছে, তা এখনো কাটেনি। এসব কারণে যুক্তরাজ্যের বেশির ভাগ মানুষই এখন ব্রেক্সিটের বিরোধিতা করছেন। তবে এ বিষয়ে মানুষের মতামত বদলানোর পেছনে আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
নিউইয়র্ক টাইমস বলছে, ট্রাম্পের বিভিন্ন নীতির কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা বিশ্বব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে। একই সময়ে চীনের অর্থনৈতিক শক্তি বেড়েছে এবং রাশিয়া অন্য দেশের ভূখণ্ড দখলে আগ্রাসী ভূমিকা নিয়েছে।
বিশ্বের পরিস্থিতি ধীরে ধীরে আরও অস্থির ও প্রতিকূল হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য ও ইউরোপের দেশগুলো কাছের মিত্র খুঁজছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ক যখন ভাঙনের মুখে, তখন যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন আবারও একে অপরের কাছাকাছি আসছে।
যুক্তরাজ্যের সংসদ সদস্য এবং সাবেক উপপ্রধানমন্ত্রী (কিয়ার স্টারমারের প্রশাসনে) ডেভিড ল্যামি নিউইয়র্ক টাইসমকে বলেন, ব্রেক্সিটের পর লন্ডন এই আশা অনেকটা ছেড়েই দিয়েছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি হবে এবং দুই দেশের বিশেষ সম্পর্ক নতুন করে শক্তিশালী হবে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতি নিয়ে দীর্ঘদিন কাজ করা অনেকের মতে, ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম দুই বছরে এমন অনেক পদক্ষেপ নিয়েছেন, যেগুলোর কারণে যুক্তরাজ্যের কাছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশেষ সম্পর্কের গুরুত্ব কমে গেছে।
ট্রাম্পের শুরু করা বাণিজ্যযুদ্ধ আগে থেকেই দুর্বল যুক্তরাজ্যের অর্থনীতিকে আরও চাপে ফেলেছে। ন্যাটো সামরিক জোটের বিষয়ে তার উদাসীন মনোভাব বিশ্ব নিরাপত্তাব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে। অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ঘনিষ্ঠতাও অনেককে অবাক করেছে।
নিউইয়র্ক টাইমস বলছে, যুক্তরাষ্ট্রের আরেক ঘনিষ্ঠ মিত্র ইউরোপও একই ধরনের পরিস্থিতির মুখে পড়েছে। বিশেষ করে গ্রিনল্যান্ড দখল করার বিষয়ে ট্রাম্পের হুমকি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্কের অবনতির বিষয়টি আরও স্পষ্ট করে দিয়েছে।
এ পরিস্থিতিতে ইউরোপ এখন বিকল্প মিত্র ও বাণিজ্যিক অংশীদার খুঁজছে। এরই মধ্যে কানাডা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করার উদ্যোগ নিয়েছে তারা। মধ্যম শক্তির দেশগুলো যখন একজোট হচ্ছে, তখন ইউরোপ ও যুক্তরাজ্যও ধীরে ধীরে কাছাকাছি আসছে।
কী বিষয়ে চুক্তি হতে পারে?
আল জাজিরা জানিয়েছে, ব্রাসেলসের শীর্ষ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার মধ্যে তিনটি প্রধান চুক্তি নিয়ে আলোচনা হয়েছে।
প্রথম চুক্তির লক্ষ্য হলো, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে খাদ্য ও কৃষিপণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে কড়াকড়ি কমানো। এ ক্ষেত্রে পণ্য পরীক্ষা কমানো হবে এবং কাগজপত্রের ঝামেলাও কমানো হবে। এর ফলে দুই পক্ষের মধ্যে পণ্য রপ্তানি করা সহজ হবে। পাশাপাশি ব্যবসায়ীদের খরচ কমতে পারে। এর সুফল পেতে পারেন সাধারণ ক্রেতারাও, কারণ পণ্যের দাম কমার সম্ভাবনা তৈরি হবে।
দ্বিতীয় চুক্তির মাধ্যমে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের কার্বন নিঃসরণ বাণিজ্যব্যবস্থাকে একসঙ্গে যুক্ত করা হবে। এর ফলে দুই পক্ষের পণ্যের ওপর একে অপরের সীমান্তে কার্বন নিঃসরণজনিত শুল্ক আরোপ করতে হবে না। যেমন, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আমদানি-রপ্তানি হওয়া ইস্পাত এই শুল্ক থেকে অনেকটা ছাড় পাবে।
তৃতীয় চুক্তিতে তরুণদের জন্য বিশেষ সুযোগ রাখা হয়েছে। এর আওতায় প্রতি বছর যুক্তরাজ্য থেকে সর্বোচ্চ এক লাখ তরুণ-তরুণী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যাওয়ার সুযোগ পাবেন। একইভাবে ইইউভুক্ত দেশগুলো থেকে প্রতিবছর সর্বোচ্চ এক লাখ তরুণ-তরুণী যুক্তরাজ্যে যেতে পারবেন। ১৮ থেকে ৩১ বছর বয়সীরা এই সুযোগ পাবেন এবং সেখানে সর্বোচ্চ তিন বছর থাকা, কাজ ও পড়াশোনার সুযোগ থাকবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহাম বলেছেন, এই চুক্তিগুলোর ফলে যুক্তরাজ্যের মোট দেশজ উৎপাদন বা জিডিপি শূন্য দশমিক ৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এর আগে তিনি জিডিপি শূন্য দশমিক ৪ শতাংশ বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। তার দাবি, এই চুক্তির ফলে ব্যবসা ও পণ্যের খরচ কমবে, সুপারমার্কেটে পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।
কোন বিষয়গুলোতে এখনো মতবিরোধ রয়েছে?
আল জাজিরা বলছে, নতুন চুক্তির বিষয়ে বড় অগ্রগতি হলেও কিছু বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে। এর মধ্যে অন্যতম হলো বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বা পড়াশোনার খরচ।
ব্রাসেলস চায়, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে যাওয়া ইউরোপীয় ইউনিয়নের শিক্ষার্থীদেরও ব্রিটিশ শিক্ষার্থীদের সমান ফি দেওয়ার ব্যবস্থা করা হোক। বর্তমানে বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে ব্রিটিশ শিক্ষার্থীদের তুলনায় অনেক বেশি ফি নেওয়া হয়। তবে লন্ডন এই প্রস্তাবে রাজি হয়নি। কারণ, এটি কার্যকর হলে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের ওপর বড় প্রভাব পড়তে পারে।
নাম প্রকাশ না করার শর্তে ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা আল জাজিরাকে বলেন, “টিউশন ফি নিয়ে এখনো কোনো সমঝোতা হয়নি। এ বিষয়ে একমত হতে আমরা নিজেদের ছয় মাস সময় দিয়েছি।” গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইইউ এই ফি-সংক্রান্ত সমঝোতাকে বাকি তিনটি চুক্তি বাস্তবায়নের সঙ্গে যুক্ত করতে চাইছে। অর্থাৎ, ফি নিয়ে সমাধান না হলে অন্য চুক্তিগুলোর বাস্তবায়নও আটকে যেতে পারে।
ইউরোপীয় ইউনিয়নের ‘মেইড ইন ইউরোপ’ নীতির আওতায় যুক্তরাজ্যের আসার দাবি এখানে আরেকটি অমীমাংসিত বিষয়। বিশেষ করে গাড়ি উৎপাদনের ক্ষেত্রে এই নীতি গুরুত্বপূর্ণ।
ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পিত ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যাকসিলারেটর অ্যাক্ট’-এর অংশ এই নীতি। এর মূল লক্ষ্য হলো, চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ভেতরেই গাড়ি উৎপাদনে উৎসাহিত করা। এ জন্য তাদের স্থানীয় সরবরাহকারীদের কাছ থেকে যন্ত্রাংশ নিতে হবে। তাহলে তারা ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সরকারি ভর্তুকি পাওয়ার এবং সরকারি কাজের চুক্তি করার সুযোগ পাবে।
যুক্তরাজ্যকে এই নীতির আওতায় আনার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তবে শর্ত দিয়েছে, লন্ডনকে তাদের নীতির সঙ্গে মিল রেখে চলতে হবে। এর মধ্যে চীনের তৈরি বৈদ্যুতিক গাড়ি আমদানিতে বিধিনিষেধও রয়েছে।
সামনে কি তাহলে ‘ব্রেক্সিট রিভার্স?’
আল জাজিরা বলছে, সামনে দুই পক্ষের মধ্যে আরও আলোচনা, দর-কষাকষি ও সমঝোতার চেষ্টা চলবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, তার সরকার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কের বিভিন্ন পথ খতিয়ে দেখবে। এর মধ্যে রয়েছে বর্তমান সম্পর্ক বজায় রাখা, ইউরোপীয় ইউনিয়নের কাস্টমস ইউনিয়নে যোগ দেওয়া কিংবা ভবিষ্যতে আবারও জোটটির সদস্য হওয়া।
তবে ইউরোপীয় ইউনিয়নে আবার যোগ দিতে হলে ব্রিটিশ ভোটারদের সমর্থন প্রয়োজন হবে। পাশাপাশি জোটের সব সদস্য দেশের সর্বসম্মত অনুমোদনও লাগবে। তাই নিকট ভবিষ্যতে যুক্তরাজ্যের আবার ইইউতে ফিরে যাওয়ার সম্ভাবনা কম।
বার্নহাম নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, এই চুক্তি কার্যকর করতে আগামী সপ্তাহেই ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল উত্থাপন করবে তার সরকার। তিনি আরও বলেন, “চুক্তি বাস্তবায়নে আমরা এক মুহূর্তও দেরি করব না। বহু বছর আগে যে সম্পর্ক ভেঙে গিয়েছিল, তা আবার গড়ে তুলতে দ্রুত কাজ শুরু করব।”
যুক্তরাজ্যের অন্য রাজনৈতিক দলগুলোর অবস্থান কী?
আল জাজিরা বলছে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার উদ্যোগ যুক্তরাজ্যের রাজনীতিতে বিভক্তি তৈরি করেছে। প্রধানমন্ত্রী বার্নহামের দল লেবার পার্টির কয়েকজন নেতা ইউরোপের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার পক্ষে রয়েছেন। তবে তাদের আশঙ্কা, এতে ব্রেক্সিট নিয়ে পুরনো বিতর্ক আবারও সামনে চলে আসতে পারে।
লেবার পার্টির এক সংসদ সদস্য বার্তা সংস্থা এএফপিকে বলেন, “ইউরোপের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হোক, তা আমি চাই। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীকে খুব সতর্কভাবে এগোতে হবে।”
অন্যদিকে, সরকারের এই উদ্যোগের সমালোচনা করেছে বিরোধী কনজারভেটিভ পার্টি এবং নাইজেল ফারাজের নেতৃত্বাধীন দল রিফর্ম ইউকে। ব্রেক্সিটের পক্ষে প্রচার চালানো নাইজেল ফারাজ বিবিসিকে বলেন, “আমার আশঙ্কা, ব্রেক্সিট নিয়ে বড় বিতর্ক আবারও শুরু হতে যাচ্ছে।”
এই আলোচনা শেষ পর্যন্ত যুক্তরাজ্যের আবারও ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়া উচিত কি না, সেই প্রশ্নে গিয়ে ঠেকবে বলেও সতর্ক করেছেন নাইজেল ফারাজ।
গত বুধবার প্রকাশিত ইউগভের এক জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের ৫৪ শতাংশ মানুষ মনে করেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশটি আবার ইউরোপীয় ইউনিয়নে যোগ দেবে কি না, তা নিয়ে গণভোট আয়োজন করা গ্রহণযোগ্য হবে। তবে বিষয়টি কতটা জরুরি, সে বিষয়ে তাদের মধ্যে মতভেদ রয়েছে।
এদিকে, যুক্তরাজ্যের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইউরোপীয় কর্মকর্তারা এখনো সতর্ক অবস্থানে রয়েছেন। লন্ডনে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত সোনজা হাইল্যান্ড আল জাজিরাকে বলেন, ব্রেক্সিটের আসল মানে কী এবং এর মাধ্যমে যুক্তরাজ্য আসলে কী অর্জন করতে চেয়েছিল, তা নিয়ে এখনো স্পষ্ট ধারণার অভাব রয়েছে। তার পরামর্শ, যুক্তরাজ্য যদি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করতে চায়, তাহলে প্রথমেই তাদের ঠিক করতে হবে, তারা আসলে কী চায়। এ বিষয়ে যুক্তরাজ্যকে “স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে” বলে জানান হাইল্যান্ড।

দেশজুড়ে অস্থিরতা, সামনে কী হবে?
এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত বাংলাদেশ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন, লক্ষ্যবস্তু বানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও।

সব বিষয়ে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে, জানাল যুক্তরাষ্ট্র
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের অবস্থান সম্পর্কে জানতে চায় চরচা। চরচার পাঠানো পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটির জবাব তারা দিয়েছে। মোটাদাগে ‘সব বিষয়ে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে’ বলে একটা জবাব তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

স্পেনে নির্বাচন: ইউরোপে বাম রাজনীতির ভবিষ্যৎ কি ডানপন্থীদের হাতে চলে যাচ্ছে?
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের রাজনৈতিক ভবিষ্যৎ এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে। আট বছর ধরে ক্ষমতায় থাকা এই বামপন্থী নেতা আন্তর্জাতিক অঙ্গনে প্রগতিশীল রাজনীতির অন্যতম পরিচিত মুখ। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করেছেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধ

রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের বিরুদ্ধে রায় হলো, এরপর কী?
বর্তমান বিশ্বের দীর্ঘদিনের অমীমাংসিত সংকটগুলোর একটি রোহিঙ্গা ইস্যু। মিয়ানমারের এই সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর দেশটির রাষ্ট্রীয় বাহিনীর দমন-পীড়ন, হত্যা ও নির্যাতনের ঘটনা নতুন নয়। তবে ২০১৭ সালের আগস্টে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে আশ্রয় নেন বাংলাদেশে।