
দেশজুড়ে অস্থিরতা, সামনে কী হবে?
এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত বাংলাদেশ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন, লক্ষ্যবস্তু বানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও।

দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। একদিকে গোপালগঞ্জ, অন্যদিকে নড়াইল–বাড়িঘরে হামলা, ভাঙচুর থেকে শুরু করে অগ্নিসংযোগ– সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। সঙ্গে আছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে বিতর্ক। এর মধ্যেই ঢাকায় ভারত ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মধ্যকার সাক্ষাৎ ঘিরে গুঞ্জন। এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের অবস্থান সম্পর্কে জানতে চায় চরচা। চরচার পাঠানো পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটির জবাব তারা দিয়েছে। মোটাদাগে ‘সব বিষয়ে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে’ বলে একটা জবাব তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে।
বাংলাদেশের রাজনীতি গত কয়েকদিন ধরেই ‘ডিসেম্বর সিনড্রোমে’ আক্রান্ত। এর শুরুটা হয়েছিল গত জুলাইয়ে বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারের মধ্য দিয়ে। সে সময় রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে চলতি বছরের ডিসেম্বরে তিনি দেশে ফেরার পরিকল্পনা করেছেন। এর পর থেকেই দেশের বিভিন্ন স্থানে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের ঝটিকা মিছিল হতে দেখা যায়, যার মাত্রা নভেম্বরে বৃদ্ধি পায়। একই সময়ে বাড়তে থাকে বিভিন্ন স্থানে অতর্কিতে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা, যার অভিযোগও আওয়ামী লীগের দিকেই।
এই প্রেক্ষাপটেই দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে গত ৯ নভেম্বর যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স ই-মেইল করে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করে। এ সম্পর্কিত খবর প্রকাশের পর সারা দেশেই রাজনৈতিক অস্থিরতা বাড়ে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনাকে ভারতের সঙ্গে থাকা বন্দী প্রত্যর্পণ চুক্তির অধীনেই ফিরতে হবে।

এই প্রেক্ষাপটে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গত ১২ নভেম্বর সকালে ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশনে বৈঠক করেন। বিদ্যমান পরিস্থিতিতে এ বৈঠক নিয়ে জনআগ্রহ তৈরি হলেও তাদের আলোচনার বিষয়ে তেমন কিছু জানা যায়নি।
চরচার পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, শেখ হাসিনার বিচার ও তার বাংলাদেশে ফেরা সম্পর্কিত বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো এক ই-মেইলে পাঁচটি সুনির্দিষ্ট বিষয়ে প্রশ্ন করা হয়–
আন্তর্জাতিক মান ও যথাযথ বিচারিক পদ্ধতি বিবেচনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্র কীভাবে দেখে? এবং বাংলাদেশে আইনের শাসন সম্পর্কেই বা তাদের মূল্যায়ন কী?
অন্য দেশ থেকে কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের ক্ষেত্রে ঢাকা যে অনুরোধ বা আইনি পদক্ষেপ নিয়েছে, যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে তা কি দ্বিপক্ষীয় বা আন্তর্জাতিক বন্দী প্রত্যর্পণ কাঠামো মোতাবেক হয়েছে?
ঢাকায় দিল্লি ও ওয়াশিংটনের মধ্যকার উচ্চ পর্যায়ের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তার ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রশ্নে যুক্তরাষ্ট্রের মূল্যায়ন কী?
বাংলাদেশের বর্তমান শাসনব্যবস্থা ও গণতান্ত্রিক পরিবেশ সম্পর্কে ওয়াশিংটনের মূল্যায়ন কী এবং এ ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ নিশ্চিতে তারা কী ধরনের পরামর্শ ও সহায়তা দিচ্ছে?
গণতান্ত্রিক রূপান্তরের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি হওয়া ব্যক্তির আইনি অধিকার ও অনুপস্থিতিতে বিচার সম্পর্কে যুক্তরাষ্ট্রের নীতি কী?
গত ১৮ নভেম্বর চরচা থেকে পাঠানো এ প্রশ্নগুলোর জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “এই বিষয়গুলো সম্পর্কে সিদ্ধান্ত বাংলাদেশিদের নিতে হবে।”
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস অফিস থেকে পাঠানো ওই ই-মেইলে বলা হয়, “দুই পক্ষের মধ্যকার সম্পর্ক জোরদার ও উভয় পক্ষের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এগিয়ে যেতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে যেতে চায়।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার প্রক্রিয়া ও শেখ হাসিনার বিচার সম্পর্কিত প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “আমরা ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া ও সব ব্যক্তির জবাবদিহিকে সমর্থন করি। বাংলাদেশে চলমান বিচারপ্রক্রিয়া নিয়ে বাংলাদেশ সরকারের কাছেই প্রশ্ন করার পরামর্শ দিই আমরা।”
এদিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল আকার নিচ্ছে। নড়াইলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মোটরসাইকেল শো-ডাউনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা করে। এতে আহত কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ শাহীন ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরই জেরে শুক্রবার রাতে ওই এলাকার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের বাড়িসহ বেশ কিছু বাড়িঘরে হামলা ও ভাঙচুর হয়। একই রাতে ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নূরে আলমের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
এর আগে গোপালগঞ্জে থানা ও পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে, যার অভিযোগ আওয়ামী লীগের দিকে। উদ্ভুত পরিস্থিতিতে গোপালগঞ্জ পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং এসআরবি ও বিজিবি মহাপরিচালক। পরে সংবাদ সম্মেলনে আইজিপি সাধারণ মানুষের প্রতি পুলিশকে সহায়তা করার আহ্বান জানান। পাশাপাশি সতর্কও করেন যে, “পুলিশকে এভাবে আক্রান্ত করলে সাধারণ মানুষকে নিজেদের নিরাপত্তা নিজেদেরই দিতে হবে।” আর চলমান আন্দোলন কর্মসূচি সম্পর্কে এমন কিছু না করার আহ্বান জানান, যাতে পুলিশকে ‘স্ট্রিক্ট’ হতে হয়।
শেখ হাসিনার ফেরা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে রাজনৈতিক বিশ্লেষকেরা বারবার ‘রাজনৈতিক সমাধানের’ কথা বলছেন। এমনকি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীম ভোলায় এক বক্তব্যে ‘প্রয়োজনে সব দল মিলে আলোচনার’ মাধ্যমে সমাধান করারও ডাক দেন। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে দলটি একটি বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে–কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কার্যক্রমের সমালোচনা করে।
এ নিয়ে সম্প্রতি কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদুর রহমানও। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে বিবিসি বাংলার একটি প্রতিবেদনে উল্লেখ করা ‘ভারতের শর্ত’ প্রসঙ্গে জাহেদুর রহমান বলেন, “কোনো সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে সরকার প্রতিক্রিয়া জানাবে না। ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হলে তা বিবেচনা করা হবে। ৫ আগস্টের পর বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজের পররাষ্ট্রনীতি পরিচালনা করছে। কোনো অন্যায় চাপ বা শর্ত মেনে নেওয়া হবে না।”
শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ‘সরকারের অবস্থান পরিষ্কার’ উল্লেখ করে তিনি বলেন, “আইনি প্রক্রিয়া ও প্রত্যর্পণ চুক্তির আওতায় আনুষ্ঠানিক চিঠির মাধ্যমেই তাকে ফেরত চাওয়া হয়েছে।”
যদিও ভারতের পক্ষ থেকে এ নিয়ে তাদের অবস্থান আগের মতোই আছে। এ নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফ্রিংয়ে শুক্রবার রনধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে তার কোনো মন্তব্য নেই। তবে ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায়।
এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ভারতের তরফ থেকে আসা কূটনৈতিক বার্তা মোটাদাগে একই। সিদ্ধান্তটি বাংলাদেশের মানুষকে নিতে হবে।

দেশজুড়ে অস্থিরতা, সামনে কী হবে?
এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত বাংলাদেশ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন, লক্ষ্যবস্তু বানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও।

ব্রেক্সিটের পর আবার কেন ইউরোপের সঙ্গে মিশতে চাইছে ব্রিটেন?
দশ বছর আগে ব্রেক্সিট গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাজ্য। ওই সিদ্ধান্তের কারণে দুই পক্ষের সম্পর্কে বড় ধরনের দূরত্ব তৈরি হয়। সে সময় এই সিদ্ধান্তকে বড় বিজয় হিসেবে স্বাগত জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্পেনে নির্বাচন: ইউরোপে বাম রাজনীতির ভবিষ্যৎ কি ডানপন্থীদের হাতে চলে যাচ্ছে?
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের রাজনৈতিক ভবিষ্যৎ এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে। আট বছর ধরে ক্ষমতায় থাকা এই বামপন্থী নেতা আন্তর্জাতিক অঙ্গনে প্রগতিশীল রাজনীতির অন্যতম পরিচিত মুখ। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করেছেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধ

রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের বিরুদ্ধে রায় হলো, এরপর কী?
বর্তমান বিশ্বের দীর্ঘদিনের অমীমাংসিত সংকটগুলোর একটি রোহিঙ্গা ইস্যু। মিয়ানমারের এই সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর দেশটির রাষ্ট্রীয় বাহিনীর দমন-পীড়ন, হত্যা ও নির্যাতনের ঘটনা নতুন নয়। তবে ২০১৭ সালের আগস্টে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে আশ্রয় নেন বাংলাদেশে।