
দেশজুড়ে অস্থিরতা, সামনে কী হবে?
এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত বাংলাদেশ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন, লক্ষ্যবস্তু বানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও।
চরচা ডেস্ক

বর্তমান বিশ্বের দীর্ঘদিনের অমীমাংসিত সংকটগুলোর একটি রোহিঙ্গা ইস্যু। মিয়ানমারের এই সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর দেশটির রাষ্ট্রীয় বাহিনীর দমন-পীড়ন, হত্যা ও নির্যাতনের ঘটনা নতুন নয়। তবে ২০১৭ সালের আগস্টে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে।
২০২০ সালে প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সেনাবাহিনীর ব্যাপক দমন-পীড়নের মুখে দেশটি থেকে পালাতে শুরু করেন রোহিঙ্গা মুসলিমরা। সেনাবাহিনীর সামরিক অভিযান থেকে বাঁচতে কেউ সমুদ্রপথে, কেউবা পায়ে হেঁটে সীমান্ত পাড়ি দেন। প্রাণের ঝুঁকি নিয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ওপর চালানো এই অভিযানকে জাতিসংঘ বর্ণনা করেছিল ‘জাতিগত নিধনের ধ্রুপদী উদাহরণ’ হিসেবে।
এরপর ২০২০ সালের জানুয়ারিতে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারকে, দেশটিতে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীকে গণহত্যার ঝুঁকি থেকে সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
তবে মিয়ানমারের সেনাবাহিনীর দাবি ছিল, তারা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে, বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করেনি। একসময় বিশ্বজুড়ে মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত এবং শান্তিতে নোবেলজয়ী দেশটির তৎকালীন নেত্রী অং সান সু চিও গণহত্যার অভিযোগ বারবার অস্বীকার করেছেন।

এবার সেই অভিযোগের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত থেকে। গত ১৯ নভেম্বর এক ঐতিহাসিক রায়ে আদালত ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার ঘটনায় মিয়ানমারকে দায়ী করেছেন। ১৯৪৮ সালে জাতিসংঘের গণহত্যা সনদ গৃহীত হওয়ার পর এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যা সংঘটনের জন্য দায়ী বলে রায় দিলেন আইসিজে।
মামলাটি দায়েরের সাত বছর পর দেওয়া এই রায়ে আদালত ২০১৭ সালে রাখাইন রাজ্যে পরিচালিত ‘ক্লিয়ারেন্স অপারেশনের’ শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ ও যথাযথ প্রতিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে গণহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও বিচার নিশ্চিত করার বিষয়টিও উঠে এসেছে রায়ে। ১৫ বিচারকের মধ্যে ৯ জনের পক্ষে এবং ৬ জনের বিপক্ষে ভোটে সিদ্ধান্তটি গৃহীত হয়।
কিন্তু এই মামলার গুরুত্ব শুধু মিয়ানমারের বিরুদ্ধে দেওয়া রায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক বিচারব্যবস্থা, গণহত্যার আইনি সংজ্ঞা এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের বিচার কীভাবে হবে, সেসব ক্ষেত্রেও মামলাটি গুরুত্বপূর্ণ নজির তৈরি করেছে। এমনটাই বলা হয়েছে অস্ট্রেলিয়া-ভিত্তিক সংবাদমাধ্যম কনভারসেশনের এক প্রতিবেদনে।
মামলাটি কেন গুরুত্বপূর্ণ
মিয়ানমারের বিরুদ্ধে রায়ের আগে আরও দুবার গণহত্যার অভিযোগের বিষয়ে মূল বিচারিক সিদ্ধান্ত দিয়েছিল আন্তর্জাতিক বিচার আদালত।
২০০৭ সালে আদালত রায় দেন, ১৯৯৫ সালে বসনিয়া যুদ্ধের সময় স্রেব্রেনিৎসায় বসনীয় সার্ব বাহিনী গণহত্যা চালিয়েছিল। তবে এ ঘটনার জন্য সার্বিয়া সরাসরি দায়ী নয় বলে জানান আদালত। একই সঙ্গে আদালত বলেন, গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হয়েছিল সার্বিয়া। পাশাপাশি এর জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতেও দেশটি ব্যর্থ হয়েছে।
এরপর ২০১৫ সালে যুগোস্লাভিয়া ভেঙে যাওয়ার পর ১৯৯০-এর দশকে সংঘটিত অপরাধ নিয়ে ক্রোয়েশিয়ার অভিযোগ এবং সার্বিয়ার পাল্টা অভিযোগ খারিজ করে দেন আইসিজে। আদালত স্বীকার করেন, ওই সংঘাতে গুরুতর অপরাধ সংঘটিত হয়েছিল। তবে কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য ছিল না। অথচ গণহত্যার অভিযোগ প্রতিষ্ঠার জন্য এ ধরনের উদ্দেশ্য থাকা অপরিহার্য।
মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি আরেকটি কারণে শুরু থেকেই তাৎপর্যপূর্ণ ছিল। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে কোন দেশ মামলা করতে পারবে, সে বিষয়ে নতুন নজির তৈরি হয়।
২০১৯ সালে রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক না থাকা আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া গণহত্যা সনদের আওতায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে। এর তিন বছর পর আদালতের বিচারকেরা স্বীকার করেন, এই সনদে স্বাক্ষরকারী যেকোনো দেশ এর বিধান কার্যকর করার দাবি জানাতে পারে। অর্থাৎ, গণহত্যার শিকার জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট না হলেও কোনো দেশ এ ধরনের মামলা করতে পারে।
আদালতের এই যুক্তি বর্তমানে বিচারাধীন আরেকটি গণহত্যার মামলার ক্ষেত্রেও গুরুত্ব পাবে। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের অভিযোগে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে মামলাটি করেছে।
কীভাবে শুরু হয়েছিল রোহিঙ্গাদের ওপর হামলা
২০১৭ সালের শেষ দিকে রোহিঙ্গা সশস্ত্র একটি গোষ্ঠীর হামলার পর মিয়ানমারের সেনাবাহিনী উত্তর রাখাইন রাজ্যে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। সেনাবাহিনী এ অভিযানকে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা ‘নির্মূল অভিযান’ বলে অভিহিত করে।
ওই অভিযানে হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক মানুষ নিহত হন। শত শত নারী ও কিশোরী ধর্ষণের শিকার হন। পুড়িয়ে দেওয়া হয় গ্রামের পর গ্রাম। প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন ৭ লাখ ৪০ হাজারেরও বেশি রোহিঙ্গা।
তবে কোনো অভিযান বা সহিংসতার ঘটনায় বিপুলসংখ্যক মানুষের মৃত্যু হলেই আইনের দৃষ্টিতে তা গণহত্যা হয়ে যায় না। গণহত্যার একটি সুনির্দিষ্ট আইনি সংজ্ঞা রয়েছে। কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য নিয়েই সংশ্লিষ্ট অপরাধগুলো সংঘটিত হতে হবে।
গণহত্যার শারীরিক কর্মকাণ্ডের প্রমাণ সংগ্রহ করা সম্ভব হলেও এর পেছনের উদ্দেশ্য প্রমাণ করা বেশ কঠিন। কারণ, গণহত্যার পরিকল্পনা সাধারণত সরকারি নথিপত্রে লিখিতভাবে সংরক্ষণ করা হয় না।
এ কারণে মিয়ানমারের উদ্দেশ্য বুঝতে দেশটির সেনাবাহিনীর কর্মকাণ্ড ও আচরণ পর্যালোচনা করতে হয়েছে আদালতকে। আদালত স্পষ্ট করেন, কোনো জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্যের পাশাপাশি অন্য উদ্দেশ্যও থাকতে পারে। তবে সব প্রমাণ একসঙ্গে বিবেচনা করলে গণহত্যার উদ্দেশ্যই সেগুলোর সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা কি না, সেটিই ছিল মূল বিবেচ্য বিষয়।
মিয়ানমারের সেনাবাহিনী এবং দেশটির সাবেক নেত্রী অং সান সু চি অবশ্য হতাহতের ঘটনা অস্বীকার করেননি। তাঁদের যুক্তি ছিল, সেনাবাহিনী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে। রোহিঙ্গা জাতিগোষ্ঠীকে ধ্বংস করার কোনো উদ্দেশ্য তাদের ছিল না।
মিয়ানমার আরও দাবি করে, তাদের বিরুদ্ধে করা মামলাটি ‘ত্রুটিপূর্ণ ও ভিত্তিহীন’। একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া ও পুনর্বাসনে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও দাবি করে দেশটি।
তবে মিয়ানমারের এসব যুক্তি গ্রহণ করেনি আন্তর্জাতিক বিচার আদালত। আদালতের পর্যবেক্ষণ, সেনাবাহিনীর অধিকাংশ কর্মকাণ্ডকে কেবল বিদ্রোহ দমনের অভিযান হিসেবে ব্যাখ্যা করা সম্ভব নয়।
এর পক্ষে বেশ কিছু বিষয় তুলে ধরেন আদালত। যেমন, সেনাবাহিনী বেসামরিক মানুষ ও সশস্ত্র যোদ্ধাদের মধ্যে কোনো পার্থক্য করেনি। পুরুষ ও কিশোরদের হত্যা করা হয়েছে। ব্যাপক হারে ধর্ষণের শিকার হয়েছেন নারী ও কিশোরীরা। এমনকি শিশু ও নবজাতকদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে। পরিকল্পিতভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে গ্রামগুলো। বাড়িঘর ছেড়ে পালানোর সময়ও রোহিঙ্গাদের ওপর গুলি চালানো হয়েছে।
আদালতের মতে, এসব প্রমাণ থেকে একটিই যুক্তিসংগত সিদ্ধান্তে পৌঁছানো যায়। তা হলো, উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়েই এসব কর্মকাণ্ড চালানো হয়েছিল।
ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের নির্দেশ
গণহত্যার ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্যও বেশ কিছু নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত।
আদালত মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। দায়ীদের মধ্যে সামরিক কমান্ডাররাও রয়েছেন। পাশাপাশি দেশটির জাতীয় আইনে গণহত্যা নিষিদ্ধ করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর ঘটবে না, সেই নিশ্চয়তাও দিতে হবে।
বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ নিশ্চিত করা, বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোকে আবার একত্র করা এবং তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া অথবা হারানো সম্পত্তির পরিবর্তে সমমূল্যের সম্পত্তি দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।
এ ছাড়া নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং নিহত ব্যক্তিদের মরদেহ পুনরায় যথাযথভাবে দাফনের ব্যবস্থা করতে হবে মিয়ানমারকে। গণহত্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের শারীরিক ও মানসিক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের ভবিষ্যতে আরও বৈষম্য ও নিপীড়নের শিকার হওয়া থেকে সুরক্ষা দিতে হবে।
এসব পুনরুদ্ধারমূলক ব্যবস্থা গ্রহণের পরও ক্ষয়ক্ষতি পুরোপুরি পূরণ করা সম্ভব না হলে রোহিঙ্গাদের ব্যক্তিগত ও সামষ্টিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে।
তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। আন্তর্জাতিক বিচার আদালত মূলত রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি করেন। ব্যক্তির অপরাধের বিচার করার এখতিয়ার এই আদালতের নেই। তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলিরা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিয়ানমারের সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন।
এ বিষয়ে আইসিসির বিচারকেরা এখনো কোনো সিদ্ধান্ত দেননি। তবে আইসিজির এই রায় ভবিষ্যতে গণহত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের পথ আরও সুগম করতে পারে।
বর্তমানে মিয়ানমারের পরিস্থিতি
২০২১ সালে অং সান সু চির সরকারকে উৎখাত করে সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেন মিন অং হ্লাইং। চলতি বছরের এপ্রিলে তিনি দেশটির প্রেসিডেন্ট হন। এর আগে অনুষ্ঠিত নির্বাচনকে ব্যাপকভাবে ‘প্রহসনমূলক’ বলে প্রত্যাখ্যান করা হয়েছিল।
এরপর দক্ষিণ-পূর্ব এশিয়ার পাঁচটি দেশের সরকার তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে। রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতাকে গণহত্যা হিসেবে ঘোষণা করা যুক্তরাষ্ট্রও এই দেশগুলোর সঙ্গে যুক্ত হয়েছে। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মিয়ানমারে গিয়ে মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া প্রকাশিত এক মার্কিন কৌশলপত্রে মিয়ানমারের বিরল খনিজ পাওয়ার সঙ্গে দেশটিতে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়টি যুক্ত করা হয়েছে।
অথচ আন্তর্জাতিক বিচার আদালতে আইনি বিজয় এলেও রোহিঙ্গাদের দুর্দশা কাটেনি। রাখাইন রাজ্যে এখনো যারা রয়েছেন, তাদের অনেকে মিয়ানমারের সেনাবাহিনী এবং রাজ্যটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণে থাকা জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে নির্যাতন, নিপীড়ন ও বৈষম্যের শিকার হচ্ছেন।
অন্যদিকে, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীও দিন দিন আরও খারাপ পরিস্থিতির মধ্যে বসবাস করছেন। শরণার্থীশিবিরগুলোতে তাদের জীবনযাত্রার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।
এরপর কী?
ক্ষতিপূরণের পরিমাণ কত হবে, সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য আন্তর্জাতিক বিচার আদালত মামলাটি খোলা রেখেছেন। আদালতের রায় মেনে চলতে মিয়ানমার কী কী পদক্ষেপ নিয়েছে, তা দুই বছরের মধ্যে আদালতকে জানাতে হবে।
আইসিজের রায় চূড়ান্ত এবং আইনগতভাবে বাধ্যতামূলক। তবে এই রায় কার্যকর করার জন্য আদালতের নিজস্ব কোনো পুলিশ বা নিরাপত্তা বাহিনী নেই। ফলে মিয়ানমারকে রায় মানতে বাধ্য করার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, মিয়ানমারকে আদালতের সিদ্ধান্ত মানতে বাধ্য করতে পদক্ষেপ নিতে পারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তবে অতীতে পরিষদ কখনো এ ধরনের পদক্ষেপ নেয়নি। অন্যদিকে, নিরাপত্তা পরিষদে মিয়ানমারের সামরিক জান্তার দুই সমর্থক দেশ চীন ও রাশিয়া নিয়মিতভাবে জান্তার পক্ষে কূটনৈতিক সমর্থন দিয়ে এসেছে। গণহত্যার অভিযোগে মিয়ানমারকে দায়ী করে আদালতের রায়ের পরও দেশ দুটি এই সমর্থন অব্যাহত রাখবে কি না, এখন সেটিই দেখার বিষয়।
চীন নিজেকে দায়িত্বশীল বৈশ্বিক শক্তি হিসেবে তুলে ধরতে চায়। ফলে আইসিজির এই সিদ্ধান্ত মিয়ানমারের সামরিক সরকারের প্রতি দেশটির কূটনৈতিক সমর্থনের মাত্রায় প্রভাব ফেলতে পারে। তবে ভৌগোলিক অবস্থান ও ঐতিহাসিক সম্পর্কের কারণে মিয়ানমারের সঙ্গে চীনের সম্পৃক্ততা বজায় থাকার সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে আন্তর্জাতিক অঙ্গনে আবারও গ্রহণযোগ্যতা ফিরে পেয়েছে রাশিয়া। তাই গণহত্যাকে সমর্থন করছে, এমন ভাবমূর্তি এড়াতে চাইবে মস্কো। তবে মিয়ানমারের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
কূটনৈতিক অবস্থানে সবচেয়ে বেশি পরিবর্তন আসতে পারে দক্ষিণ-পূর্ব এশিয়ায়। ১১টি দেশের জোট আসিয়ান সম্প্রতি মিয়ানমারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে ধাপে ধাপে সম্পৃক্ততা বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। তবে আইসিজির এই রায় সেই উদ্যোগকে আরও কঠিন করে তুলতে পারে। মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিলে যেকোনো দেশকে সেই সম্পর্ক থেকে সরে আসার জন্য ইউরোপীয় ইউনিয়নের উল্লেখযোগ্য চাপের মুখে পড়তে পারে।
সব মিলিয়ে পরিস্থিতির একটি বড় বৈপরীত্য সামনে এসেছে। যে সরকার রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টা করেছে বলে আদালত সিদ্ধান্ত দিয়েছেন, সেই সরকারকেই এখন রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ পর্যন্ত আদালতের পক্ষে যতটুকু করা সম্ভব, তারা করেছে। মামলা দায়ের করে গাম্বিয়াও নিজের দায়িত্ব পালন করেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আদালতের নির্দেশনা বাস্তবায়নে মিয়ানমারকে বাধ্য করতে বিশ্ব কতটা কার্যকর ভূমিকা রাখবে। এই দায়িত্ব বিশ্বের সব রাষ্ট্রের। এর মধ্যে সেই দেশগুলোও রয়েছে, যারা এত দিন এই সংকট থেকে মুখ ফিরিয়ে রেখেছে।

দেশজুড়ে অস্থিরতা, সামনে কী হবে?
এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত বাংলাদেশ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন, লক্ষ্যবস্তু বানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও।

ব্রেক্সিটের পর আবার কেন ইউরোপের সঙ্গে মিশতে চাইছে ব্রিটেন?
দশ বছর আগে ব্রেক্সিট গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাজ্য। ওই সিদ্ধান্তের কারণে দুই পক্ষের সম্পর্কে বড় ধরনের দূরত্ব তৈরি হয়। সে সময় এই সিদ্ধান্তকে বড় বিজয় হিসেবে স্বাগত জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সব বিষয়ে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে, জানাল যুক্তরাষ্ট্র
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের অবস্থান সম্পর্কে জানতে চায় চরচা। চরচার পাঠানো পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটির জবাব তারা দিয়েছে। মোটাদাগে ‘সব বিষয়ে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে’ বলে একটা জবাব তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

স্পেনে নির্বাচন: ইউরোপে বাম রাজনীতির ভবিষ্যৎ কি ডানপন্থীদের হাতে চলে যাচ্ছে?
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের রাজনৈতিক ভবিষ্যৎ এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে। আট বছর ধরে ক্ষমতায় থাকা এই বামপন্থী নেতা আন্তর্জাতিক অঙ্গনে প্রগতিশীল রাজনীতির অন্যতম পরিচিত মুখ। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করেছেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধ