Advertisement

রোহিঙ্গাদের গণহত্যা স্বীকৃতি দেওয়া রায়ের গুরুত্ব কতটা?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

রোহিঙ্গাদের গণহত্যা স্বীকৃতি দেওয়া রায়ের গুরুত্ব কতটা?
মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে আসছে রোহিঙ্গারা। ফাইল ছবি: রয়টার্স

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলায় রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এতে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত।

Advertisement

নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) আজ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করে।

Advertisement

মামলার রায়ে বলা হয়েছে, ২০১৭ সালের সামরিক অভিযানে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার ঘটনায় মিয়ানমারের ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল এবং দেশটি এ জন্য দোষী।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে নির্মূল করার চেষ্টার অভিযোগ এনে মিয়ানমারের বিরুদ্ধে এই মামলা করে। ১৯৪৮ সালের ‘জেনোসাইড কনভেনশন’ (গণহত্যা সনদ) লঙ্ঘনের দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করা, রোহিঙ্গাদের লক্ষ্য করে চালানো সব অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া এবং গণহত্যার জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করার জন্য আইসিজের কাছে আবেদন জানিয়েছিল দেশটি।

অন্যদিকে, মিয়ানমার দাবি করে আসছিল যে ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ (আরসা)-র সদস্যদের পুলিশ চৌকিতে হামলার জবাবেই তারা ওই অভিযান চালিয়েছিল।

জাতিসংঘের তথ্যমতে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে এখনো ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। এর মধ্যে কেবল বাংলাদেশের কক্সবাজারের বিশাল শরণার্থী শিবিরগুলোতেই আশ্রয় নিয়ে আছে ১২ লাখ রোহিঙ্গা।

চলমান সংঘাত, মানবিক সহায়তা কমে আসা এবং সাগরপথে বিপজ্জনক যাত্রার কারণে এই জনগোষ্ঠীর অসংখ্য মানুষ এখনো চরম অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে।

কোন প্রেক্ষাপটে এই রায় এল

এক দশকের মধ্যে গণহত্যা-সংক্রান্ত কোনো মামলায় এটিই আইসিজের প্রথম রায়।

২০১৬ সালের অক্টোবর মাসে রাখাইন রাজ্যে কথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর পুলিশ ফাঁড়িতে হামলার পর ২০১৭ সালের আগস্টে আরও বড় পরিসরে সামরিক অভিযান চালানো হয়।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন এবং ৭ লাখ ৪০ হাজার মানুষ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।

জাতিসংঘের তদন্তকারীরা জানান, সেনাসদস্যরা শত শত গ্রাম পুড়িয়ে ধ্বংস করেন, ব্যাপক হত্যাকাণ্ড চালান এবং রোহিঙ্গা নারী, কিশোরী ও ছেলেশিশুরা নিয়মিত ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। তদন্তকারীদের মতে, যৌন সহিংসতার ধরন থেকে গণহত্যার উদ্দেশ্যের ইঙ্গিত পাওয়া যায়।

সামরিক অভিযান শুরুর অনেক আগে, ১৯৮২ সালে মিয়ানমার সরকার দেশটির স্বীকৃত ১৩৫টি জাতিগোষ্ঠীর তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেয়। তাদের ‘অভিবাসী বাঙালি’ হিসেবে আখ্যায়িত করা হয়, যদিও অনেক রোহিঙ্গা পরিবারের বসবাস মিয়ানমারে কয়েক প্রজন্ম ধরে। এরপর থেকে প্রায় সব রোহিঙ্গাকেই নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে। ফলে তারা বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রহীন জনগোষ্ঠীতে পরিণত হয়েছে।

এদিকে, সহিংসতার পর মিয়ানমারের সেনাবাহিনী মাত্র দুটি মামলায় শাস্তি দেওয়ার কথা জানিয়েছে। এর মধ্যে ইন দিন গ্রামে ১০ জন রোহিঙ্গা পুরুষ ও কিশোরকে হত্যার দায়ে সাত সেনাসদস্যকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে এক বছরেরও কম সময় সাজা ভোগের পর তাদের মুক্তি দেওয়া হয়।

২০২৩ সালে সেনাবাহিনীর সঙ্গে নতুন করে সংঘাত শুরুর পর রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে নেয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় জানায়, উভয় পক্ষই রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক ও পরিকল্পিত মানবাধিকার লঙ্ঘন করেছে। আরাকান আর্মির বিরুদ্ধে নির্যাতন, যৌন সহিংসতা ও জোরপূর্বক নিয়োগের অভিযোগও আনা হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এসব নির্যাতনের কারণে ২০২৪ সালের শুরু থেকে ১ লাখ ৫৫ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা বেড়ে প্রায় ১২ লাখে দাঁড়িয়েছে।

এসব শরণার্থীর প্রায় সবাই কক্সবাজার জেলার ঘনবসতিপূর্ণ শিবিরগুলোতে বসবাস করছে।

২০১৭ সালের অভিযানের পর থেকে মিয়ানমারে থাকা প্রায় পাঁচ লাখ ২০ হাজার রোহিঙ্গার পরিস্থিতি ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর আরও খারাপ হয়েছে। রাখাইনের স্বায়ত্তশাসনের দাবিতে লড়াইরত আরাকান আর্মি এখন রাজ্যটির অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। তাদের বিরুদ্ধে রোহিঙ্গাদের জমি দখল, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগ রয়েছে।

অন্যদিকে, মিয়ানমারের সেনাবাহিনী আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করতে জোর করে রোহিঙ্গা পুরুষদের নিয়োগ দিচ্ছে।

২০২৪ সালের আগস্টে মংডুতে সংঘাত থেকে পালিয়ে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে আসার সময় ড্রোন ও কামানের গোলার আঘাতে কয়েকশ রোহিঙ্গা নিহত হন বলে খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল রোহিঙ্গাদের জন্য সাম্প্রতিক বছরগুলোতে ত্রাণ সহায়তা উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষ করে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বৈদেশিক সহায়তা কমিয়ে দেওয়ার পর পরিস্থিতির আরও অবনতি হয়।

বর্তমানে অধিকাংশ শরণার্থী আগের তুলনায় কম খাদ্যসহায়তা পাচ্ছে। বন্ধ হয়েছে শিবিরের অনেক স্কুলও। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের কার্যালয় সতর্ক করে বলেছে, নতুন করে আসা রোহিঙ্গাদের অনেকেরই পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবার অভাব রয়েছে।

গাম্বিয়া কেন মামলা করেছিল?

গাম্বিয়ার ভাষ্য, কয়েক দশক ধরে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন চালিয়ে আসছিল মিয়ানমার। ২০১৭ সালের সামরিক অভিযানে সেই নিপীড়ন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, যা জাতিসংঘের ১৯৪৮ সালের গণহত্যা সনদের (জেনোসাইড কনভেনশন) সুস্পষ্ট লঙ্ঘন।

৫৭ সদস্যের ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে ২০১৯ সালের নভেম্বরে মামলাটি দায়ের করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া। দেশটির তৎকালীন অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী আবুবকর তামবাদু মামলাটির নেতৃত্ব দেন।

২০২০ সালের জানুয়ারিতে আইসিজে মিয়ানমারকে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

প্রথম দিকে মিয়ানমার যুক্তি দিয়েছিল, সংঘাতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকায় গাম্বিয়ার এই মামলা করার এখতিয়ার নেই। তবে ২০২২ সালে আন্তর্জাতিক আদালত জানিয়ে দেন, গাম্বিয়া মামলা করতে পারে। কারণ, উভয় দেশই গণহত্যা সনদের স্বাক্ষরকারী।

এই সনদ অনুযায়ী, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করা প্রতিটি স্বাক্ষরকারী দেশের দায়িত্ব।

সে বছরের জানুয়ারিতে, অর্থাৎ ২০২২ সালে মামলার মূল বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এতে গাম্বিয়ার পক্ষে সমর্থন জানায় সাতটি দেশ, যার মধ্যে কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যও ছিল।

মিয়ানমার রাষ্ট্র হিসেবে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে এবং এর মাধ্যমে ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সনদ লঙ্ঘন করেছে, সেটিই নির্ধারণ করে আইসিজের বিচারকেরা রায় দিয়েছেন।

রায় পড়ার সময় আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, তথ্য-প্রমাণ বলছে, মিয়ানমারের বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে।

ইওয়াসাওয়া আরও বলেন, “আদালত দেখতে পেয়েছে যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপক মাত্রায় যৌন সহিংসতা চালিয়েছে এবং শিশুদের ওপর চরম নৃশংসতা চালিয়েছে। এ ছাড়া বিপুলসংখ্যক রোহিঙ্গা যখন প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখনও তাদের ওপর হামলা চালানো হয়েছে।”

কক্সবাজারে নিজেদের অধিকার আদায়ে রোহিঙ্গাদের সমাবেশ। ফাইল ছবি/ রয়টার্স।
কক্সবাজারে নিজেদের অধিকার আদায়ে রোহিঙ্গাদের সমাবেশ। ফাইল ছবি/ রয়টার্স।

নির্দিষ্ট কিছু ঘটনার উল্লেখ করে বিচারক ইওয়াসাওয়া জানান, এসব ক্ষেত্রে মিয়ানমার ‘গণহত্যার অভিপ্রায়’ থেকেই কাজ করেছে।

আইসিজে রাষ্ট্রের কর্মকাণ্ডের বিষয়ে রায় দিয়ে থাকে। কোনো ব্যক্তি, সেনাসদস্য বা সামরিক কমান্ডারকে অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত করার এখতিয়ার এই আদালতের নেই।

গণহত্যা সনদ অনুযায়ী, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে হত্যা কিংবা গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতিসাধনের মতো কর্মকাণ্ড গণহত্যার অন্তর্ভুক্ত।

তবে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নৃশংসতা বা ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলেই সেটিকে গণহত্যা বলা যায় না। এসব কর্মকাণ্ডের পেছনে একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল, সেটিও আদালতকে নিশ্চিত করতে হয়েছে।

বিচারপতি ইওয়াসাওয়া বলেন, “মিয়ানমারের কর্মকাণ্ড ও পদ্ধতির মাত্রা এবং ধরন একটি জনগোষ্ঠীকে কেবল শাস্তি দেওয়ার প্রয়োজনের চেয়েও অনেক বেশি ছিল; বরং এটি ওই গোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায়েরই বহিঃপ্রকাশ।”

আইসিজে প্রেসিডেন্ট আরও বলেন, “আদালত মনে করে যে, মিয়ানমারের এই কর্মকাণ্ডের পেছনে একমাত্র যৌক্তিক ব্যাখ্যা হলো, উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে নির্মূল বা ধ্বংস করার অভিপ্রায়।”

গণহত্যার রায় রোহিঙ্গাদের জন্য কী অর্থ বহন করবে?

এই রায়ের ফলে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনের আনুষ্ঠানিক স্বীকৃতিও মিলেছে। তবে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার ১০ লাখের বেশি মানুষের জীবনে স্বল্পমেয়াদে এর প্রভাব সীমিত থাকতে পারে বলে মনে করেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা।

আদালতের রায় প্রকাশের আগে আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজ ডাবলিনের আন্তর্জাতিক আইন বিভাগের অধ্যাপক এবং আইসিজের সাবেক আইন কর্মকর্তা মাইকেল বেকার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, গণহত্যার স্বীকৃতি রোহিঙ্গাদের ওপর চালানো অপরাধের আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেও তাৎক্ষণিকভাবে তাদের দুর্দশা দূর করতে পারবে না।

বেকারের মতে, এ ক্ষেত্রে আইসিজের রায়কে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে।

গাম্বিয়া আদালতের কাছে মিয়ানমারকে কয়েকটি পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছে। এর মধ্যে রয়েছে, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে নিজ ভূমিতে ফিরে যাওয়ার ব্যবস্থা করা, ক্ষতিপূরণ দেওয়া এবং ধ্বংস হওয়া বাড়িঘর ও সম্পত্তি পুনর্নির্মাণ বা প্রতিস্থাপন করা।

যুক্তরাজ্যের মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিভাগের অধ্যাপক উইলিয়াম শাবাস বলেন, রোহিঙ্গাদের পক্ষে গাম্বিয়ার করা দাবিগুলো বেশ জোরালো। তবে এসব দাবির মধ্যে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত নেই। নাগরিকত্ব দেওয়া হলে তাদের রাষ্ট্রহীনতার অবসান ঘটত।

এক দশকেরও বেশি সময় ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। ছবি: বাসস
এক দশকেরও বেশি সময় ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। ছবি: বাসস

শাবাস আল-জাজিরাকে বলেন, “মিয়ানমার যদি আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করে, তাহলে দেশটিতে রোহিঙ্গাদের নিরাপত্তা, মর্যাদা ও জীবনযাত্রার ক্ষেত্রে তা উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলবে।”

রায়ের প্রভাব কী?

আইসিজেতে বিচারাধীন পাঁচটি গণহত্যা মামলার মধ্যে এটিই প্রথম চূড়ান্ত রায়।

রায় প্রকাশের আগে আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিভাগের অধ্যাপক উইলিয়াম শাবাস বলেন, এই রায় আইসিজেতে বিচারাধীন অন্য গণহত্যা মামলাগুলোর ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলবে। বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় এর প্রভাব পড়তে পারে।

শাবাস বলেন, “আমার মতে, মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলার তুলনায় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলাটি অনেক বেশি শক্তিশালী। গাম্বিয়া যদি মিয়ানমারের বিরুদ্ধে জয়ী হয়, তাহলে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, দক্ষিণ আফ্রিকাও ইসরায়েলের বিরুদ্ধে জয়ী হবে।”

আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বলেন, “মিয়ানমারের বেআইনি কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ নিজ বসতভিটায় নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন এবং পরিবারগুলোর পুনর্মিলন নিশ্চিত করতে রাষ্ট্রকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।”