Advertisement

ইউরোপজুড়ে জেনজিরা কেন আন্দোলন করছে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ইউরোপজুড়ে জেনজিরা কেন আন্দোলন করছে?
তরুণরা পরিবর্তনের জন্য বুভুক্ষু হয়ে আছে। তারা প্রমাণ করেছে, পরিবর্তন আনার ক্ষমতা তাদের আছে। কিন্তু প্রশ্ন রয়ে গেছে–তারপর কী হবে? ছবি: এআই দিয়ে তৈরি

ইউরোপের ২৫টিরও বেশি দেশে গতকাল শুক্রবার হাজার হাজার তরুণ ও শ্রমিক একযোগে রাস্তায় নেমে আন্দোলনে করেছে। যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইতালিসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এ বিক্ষোভে অংশ নেন।

Advertisement

জীবনযাত্রার ব্যয় দ্রুত বেড়ে যাওয়া, শিক্ষাখাতে ব্যয়বৃদ্ধি এবং পর্যাপ্ত অর্থ বরাদ্দ না দেওয়ার প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। একই সঙ্গে গাজায় ইসরায়েলের যুদ্ধের ক্ষেত্রে নিজ নিজ দেশের নেতাদের ভূমিকারও সমালোচনা করেন বিক্ষোভকারীরা।

ইতালিতে ট্রেড ইউনিয়নগুলোও এই আন্দোলনে যোগ দিয়েছে। দেশজুড়ে ধর্মঘট পালনের জন্য সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

এ ছাড়া, বেকারত্ব বৃদ্ধি, জলবায়ু সংকট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অনিয়ন্ত্রিত ব্যবহার মোকাবিলায় সরকারগুলোর প্রস্তুতির অভাব নিয়েও ক্ষোভ রয়েছে তরুণদের মধ্যে।

Advertisement

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এসব বিষয়কে কেন্দ্র করেই চলতি ইউরোপের বিভিন্ন দেশে জেনজি বা তরুণ প্রজন্মের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

কোথায় বেশি আন্দোলন হচ্ছে?

সিএনএন জানিয়েছে, গতকাল শুক্রবার ইউরোপের বিভিন্ন দেশের রাজধানী ও বড় বড় শহরের কেন্দ্রীয় চত্বরে জড়ো হয় তরুণ বিক্ষোভকারীরা।

ইতালির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন সিজিআইএল জানিয়েছে, দেশটির ১০০টিরও বেশি স্থানে বিক্ষোভ হয়েছে। এর মধ্যে মিলানের বিখ্যাত পিয়াজা দেল দুয়োমো চত্বরও রয়েছে। এদিকে, পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে ইতালির ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পার্লামেন্ট স্কয়ারের দিকে মিছিল নিয়ে যায় বিভিন্ন শিক্ষার্থী সংগঠনের সদস্যরা। জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর কোলন এবং ইতালির বিভিন্ন শহরেও বিক্ষোভে অংশ নেয় শিক্ষার্থীরা।

ইতালির রোম, জেনোয়া, বোলোনিয়া ও মিলানে বিক্ষোভকারীরা সামরিক অস্ত্র ও সরঞ্জাম বাড়ানোর উদ্যোগ বন্ধ এবং জনসেবামূলক খাতে বেশি অর্থ বিনিয়োগের দাবি জানিয়েছেন।

আন্দোলনে অংশ নেওয়া সংগঠনগুলোর একটি যুক্তরাজ্যের সোশ্যালিস্ট স্টুডেন্টস সিএনএনকে জানায়, কেবল যুক্তরাজ্যেই ৩৫০টিরও বেশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস বর্জন করে বিক্ষোভে অংশ নেওয়ার কথা ছিল। ইতালির শ্রমিক সংগঠন সিজিআইএলের প্রধান মাউরিজিও লান্দিনি দাবি করেছেন, দেশটিতে বিক্ষোভে ১০ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছে।

তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সিএনএন।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল শুক্রবার লান্দিনি বলেছিলেন, “আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, শুধু ইতালিতেই নয়, পুরো ইউরোপজুড়েই তরুণরা রাস্তায় নেমে এসেছে।” তিনি আরও বলেন, “পরিবর্তনের দাবি দিন দিন জোরালো হচ্ছে।”

লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে বিক্ষোভের আগে মেট্রোপলিটন পুলিশ সিএনএনকে জানায়, তারা আন্দোলনের আয়োজকদের সঙ্গে যোগাযোগ রাখছে।

এক বিবৃতিতে ব্রিটিশ পুলিশের মুখপাত্র জানান, মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার এবং নিজেদের মত প্রকাশের অধিকারকে তারা সম্মান করে। তবে কেউ আইন ভঙ্গ করলে তা ঠেকাতে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।

বিক্ষোভকারীদের প্রধান উদ্বেগ কী?

সিএনএন বলছে, গত এক বছরে ইউরোপের বিভিন্ন দেশ ছাড়াও বিশ্বের দক্ষিণাঞ্চলের দেশগুলো এবং আমেরিকা মহাদেশের কয়েকটি দেশে জেনজিদের নেতৃত্বে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। এসব আন্দোলন যত ছড়িয়েছে, ততই নতুন নতুন দাবি যুক্ত হয়েছে। আবার দেশভেদে দাবির মধ্যেও কিছু পার্থক্য রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, করোনাভাইরাস মহামারির সময় কিশোরকাল পার করা এই প্রজন্ম জলবায়ু পরিবর্তন এবং ইউক্রেন, গাজা, সুদান ও ইরানের যুদ্ধের মতো সংকটও দেখেছে। এখন তাদের আশঙ্কা, সামরিক খাতে ব্যয় বাড়াতে গিয়ে বিশ্বনেতারা শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন জনসেবামূলক খাতে অর্থ বরাদ্দ কমিয়ে দিচ্ছেন। এর ফলে তরুণদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ছে।

গতকাল শুক্রবার জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের বিক্ষোভকারীরা সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ, সামরিক খাতে ব্যয় বৃদ্ধি এবং জনসেবামূলক খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

যুক্তরাজ্যের সমাজতান্ত্রিক ছাত্র সংগঠন সোশ্যালিস্ট স্টুডেন্টসের সভাপতি অ্যাডাম পাওয়েল-ডেভিস এক বিবৃতিতে বলেন, “আমাদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বাজেট কমানো হচ্ছে, অথচ যুদ্ধের পেছনে খরচ করার জন্য কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। তরুণেরা এসব চুপচাপ মেনে নেবে না। আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করতে হবে, তাদের যুদ্ধের জন্য নয়।”

ইতালির রাজধানী রোমে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘যুদ্ধ নয়, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অর্থ চাই’ এবং ‘জীবনযাত্রার বাড়তি ব্যয় ছাড়াই আমরা বাঁচতে চাই’।

ইতালির শ্রমিক সংগঠন সিজিআইএলের আরেক নেতা জর্জিও আইরাউদো আন্তর্জাতিক এই কর্মসূচিকে ‘চমৎকার একটি দিন’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “শিক্ষার্থী, শ্রমিক ও অবসরপ্রাপ্ত ব্যক্তিরা একসঙ্গে যুদ্ধ ও অস্ত্রের মজুত বাড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন।”

যুদ্ধবিরোধী সংগঠন ব্রিটেনের ‘স্টপ দ্য ওয়ার কোয়ালিশনও’ একই ধরনের দাবি জানিয়েছে। সংগঠনটি শ্রমিকদের বেতন বাড়ানো এবং স্বাস্থ্যসেবা খাতে বেশি অর্থ বরাদ্দের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সরকারের ব্যাপকভাবে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বাড়ানোর উদ্যোগ এবং ইসরায়েলের গণহত্যায় আইনপ্রণেতাদের সমর্থনেরও সমালোচনা করেছে।