
মানবদেহের ভেতরের অদৃশ্য জগৎ উন্মোচিত
মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ কীভাবে কাজ করে, রোগ কীভাবে সৃষ্টি হয় এবং সুস্থ কোষের সঙ্গে অসুস্থ কোষের সম্পর্ক কী—এসব প্রশ্নের উত্তর খুঁজতে চিকিৎসাবিজ্ঞান দীর্ঘদিন ধরে কোষ ও টিস্যু নিয়ে গবেষণা করছে।
চরচা ডেস্ক

শাম্মা আবু হুসেইন সম্ভবত তার গ্রামের একমাত্র জীবিত ব্যক্তি, যিনি ঐতিহাসিক ফিলিস্তিনে জীবন কাটিয়েছেন। মিশরে বসবাস করলেও গত কয়েক দশকে নিজের পরিবারের তিন প্রজন্মকে আইনি অনিশ্চয়তার মধ্যে বেড়ে উঠতে দেখেছেন তিনি।
বার্তা সংস্থা এএফপির বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় যারা নিজ ভূমি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল কিংবা যাদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছিল, আবু হুসেইন তাদেরই একজন। ওই সময় বাস্তুচ্যুত হওয়া কয়েক লাখ ফিলিস্তিনির উত্তরসূরির সংখ্যা এখন কয়েক মিলিয়নে পৌঁছেছে।
এখন তার আশঙ্কা, গাজা যুদ্ধের প্রভাব এবং গাজাবাসীকে নিজ ভূমি থেকে উচ্ছেদের পক্ষে ইসরায়েলি মন্ত্রীদের বক্তব্যের কারণে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে।
৯০ বছর বয়সী আবু হুসেইন বলেন, “এত কষ্ট সহ্য করার পরও এখন তারা ফিলিস্তিনিদের নিজেদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করতে চায়।”
মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে উত্তর-পূর্ব দিকে শারকিয়া প্রদেশের মাঠ ও সেচ খালের মাঝখানে অবস্থিত গেজিরেত ফাদেল গ্রামের একটি নিচু ইটের বাড়িতে বসে তিনি এএফপিকে বলেন, “আমার জীবনে কী দুর্ভোগ পোহাতে হয়েছে, তা আজও মনে আছে।”
তিনি স্মৃতিচারণ করছিলেন, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাতের সময় কীভাবে তাদের পরিবার বেরশেবা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। বর্তমানে দক্ষিণ ইসরায়েলে অবস্থিত বেরশেবাই ছিল তাদের আদি নিবাস। ফিলিস্তিনিরা ১৯৪৮ সালের সেই বাস্তুচ্যুতি ও দুর্ভোগের ঘটনাকে ‘নাকবা’ বা মহাবিপর্যয় হিসেবে স্মরণ করে।
এক সন্ধ্যায় আকাশজুড়ে আগুনের শিখা দেখা যাচ্ছিল। তখন পরিবারের বয়োজ্যেষ্ঠরা শিশুদের দ্রুত উটের পিঠে তুলে মরুভূমির দিকে রওনা হয়। আবু হুসেইনের পরিবার খাবার ও পানি ছাড়াই কয়েক দিন হেঁটে মিশরে পৌঁছায়। এ পথে আবু হুসেইন তার মাকেও হারান।
পরবর্তী সময়ে যে বসতিতে তারা আশ্রয় পেয়েছিলেন, সেটিই এখন প্রায় চার হাজার ফিলিস্তিনির একটি জনপদে পরিণত হয়েছে।
এখানকার অনেকেই সারা জীবন মিশরে কাটিয়েছেন। কিন্তু তাদের অভিযোগ, মিশরের নাগরিক হিসেবে নয়, বিদেশি হিসেবে বিবেচনা করায় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্য সরকারি সুবিধা পেতে তাদের নানা আমলাতান্ত্রিক জটিলতার মুখে পড়তে হয়।
প্রজন্মের পর প্রজন্ম আইনি অনিশ্চয়তায়
নিজের বাড়িতে পুরোনো একটি সোফায় বসেছিলেন শীর্ণকায় আবু হুসেইন। তার থুতনিতে বেদুইন সংস্কৃতির ঐতিহ্যবাহী একটি পুরোনো উল্কির চিহ্ন রয়েছে।
তার চারপাশে ভিড় করে ছিল কয়েক ডজন নাতি-নাতনি ও প্রপৌত্র-প্রপৌত্রী। তারা বাড়ির দরজা ও দেয়ালের কাছে দাঁড়িয়ে ছিলেন। প্রায় এক শতাব্দীর স্মৃতিতে অস্পষ্ট হয়ে যাওয়া পরিবারের সদস্যদের নাম ও তারিখ মনে করার চেষ্টা করছিলেন তারা।
বাড়ির বাইরে রয়েছে সরু গলির গোলকধাঁধা, অসমাপ্ত ঘরবাড়ি এবং গ্রামের মাটির রাস্তা দিয়ে বয়ে যাওয়া খোলা নর্দমা।
শরণার্থী ফিলিস্তিনিদের কথায়, পূর্বপুরুষের ভিটায় ফিরে যাওয়ার চেয়ে তাদের কাছে এখন শিক্ষা, কর্মসংস্থান ও জীবনের স্থিতিশীলতাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
৬৩ বছর বয়সী কৃষিশ্রমিক ও ১০ সন্তানের জনক সালমি সোলাইমান আল-নামুলি বলেন, “আমার জন্ম মিশরে। আমার বাবার জন্মও মিশরে। আমার সন্তানদের জন্মও এখানে। কিন্তু কাগজপত্রের বিষয় এলে আমাকে বিদেশি হিসেবে বিবেচনা করা হয়।”
তিনি জানান, আমেরিকান ডলারে পরিশোধ করতে হয় এমন বসবাসের অনুমতিপত্র নবায়নের খরচ, স্কুলের বেতন এবং অন্য প্রশাসনিক ব্যয় তার পরিবারের ওপর এতটাই চাপ সৃষ্টি করেছে যে, মেধাবী মেয়ে আসমাকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সামর্থ্য তার হয়নি।
তার ২৫ বছর বয়সী ভাতিজা ফারিদ খালেদ আল-নামুলিও উচ্চশিক্ষার স্বপ্ন ছেড়ে দিয়েছেন।
তিনি বলেন, “মাধ্যমিকের আগের স্তরে পড়ার সময় থেকেই লেখাপড়ার প্রতি আমার আগ্রহ তৈরি হয়। আমি পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু কাগজপত্রের জটিলতায় বারবার বাধার মুখে পড়েছি।”
একপর্যায়ে পড়াশোনা ছেড়ে গ্রামের একটি পোশাকের দোকানে কাজ শুরু করেন তিনি। গ্রামটির অনেক বাসিন্দাই তাদের শিক্ষাজীবন শেষ করতে পারেননি।
চলমান নাকবা
ফিলিস্তিনি শরণার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা বাদিলের কর্মকর্তা লুবনা শোমালির মতে, নামুলি পরিবার একা নয়, বরং মিশরজুড়ে ফিলিস্তিনিরা একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়।
গবেষকদের ধারণা, গাজায় সাম্প্রতিক যুদ্ধ শুরুর আগে বিভিন্ন সংঘাতে বাস্তুচ্যুত প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি মিশরে বসবাস করছিল। যুদ্ধ শুরুর পর আরও এক লাখের বেশি ফিলিস্তিনি সেখানে আশ্রয় নিয়েছে।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর হিসাবে, জর্ডান, সিরিয়া ও লেবাননে নিবন্ধিত ফিলিস্তিনি শরণার্থীর সংখ্যা ৩৫ লাখ।
গাজা যুদ্ধ নতুন করে আরেকটি নাকবার আশঙ্কা তৈরি করেছে। তবে শোমালির মতে, ফিলিস্তিনিরা ইতিমধ্যে একটি চলমান নাকবার মধ্য দিয়ে যাচ্ছে।
তিনি এএফপিকে বলেন, “ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতি বোঝাতে সবচেয়ে যথাযথ শব্দ হলো চলমান নাকবা। কারণ, তাদের বাস্তুচ্যুত হওয়ার প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে ফিলিস্তিনিরা এমন এক চাপ ও অনিশ্চয়তাপূর্ণ পরিবেশে আটকে রয়েছে, যেখানে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্য মৌলিক অধিকার পাওয়ার সুযোগ সীমিত।
মিশরের কর্মকর্তারা বারবার বলেছেন, ফিলিস্তিনি শরণার্থীদের চিকিৎসা ও শিক্ষার সুযোগ দিয়ে আসছে মিশর। একই সঙ্গে তাদের নিজ ভূমি থেকে স্থায়ীভাবে উচ্ছেদের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করে আসছে দেশটি।
সাবেক প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরের শাসনামলে মিশরে বসবাসরত ফিলিস্তিনিরা শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে অনেকটাই মিশরীয় নাগরিকদের সমান সুযোগ পেত।
কিন্তু ১৯৭৮ সালে ইসরায়েলের সঙ্গে মিশরের শান্তিচুক্তি স্বাক্ষর এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী আবু নিদালের সদস্যদের হাতে মিশরের সংস্কৃতিমন্ত্রী ইউসুফ সিবাই হত্যার পর এসব বিষয়ে বিধিনিষেধ আরও কঠোর করা হয়।
নিজ ভূমিতে ফেরার অধিকার
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান ও জোরপূর্বক বাস্তুচ্যুতি বিষয়ে ইমেরিটাস অধ্যাপক ডন চ্যাটির মতে, জর্ডান, সিরিয়া ও লেবাননের মতো মিশরে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ কখনো শিক্ষা কার্যক্রম পরিচালনা করেনি।
তিনি এএফপিকে বলেন, “শিক্ষাই ফিলিস্তিনিদের মনে আশার আলো জুগিয়েছিল।”
তিনি আরও বলেন, “শিক্ষার সুযোগ থাকায় এ অঞ্চলের অন্য দেশে বসবাসরত অনেক শরণার্থী বিদেশে কাজ করার সুযোগ পেয়েছে এবং দেশে থাকা পরিবারের সদস্যদের কাছে অর্থ পাঠিয়ে তাদের সহায়তা করতে পেরেছে। কিন্তু মিশরে তা সম্ভব হয়নি।”
এদিকে, মিশরের পরবর্তী সরকারগুলোও ফিলিস্তিনিদের নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করে এসেছে। তাদের যুক্তি, ফিলিস্তিনিদের মিশরের নাগরিকত্ব দেওয়া হলে নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে শোমালি এ যুক্তির সঙ্গে একমত নন।
এ বিষয়ে মন্তব্য জানতে এএফপির পক্ষ থেকে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো জবাব দেয়নি।
মিশরে দীর্ঘদিনের জীবন গড়ে তুললেও নিজের মাতৃভূমিতে ফিরে যাওয়ার আশা কখনো ছাড়েননি আবু হুসেইন।
তিনি বলেন, “নিজ দেশে আমাদের জীবন ভালো ছিল। এখানকার সবাই যদি ফিরে যায়, আমিও তাদের সঙ্গে ফিরে যাব।”

মানবদেহের ভেতরের অদৃশ্য জগৎ উন্মোচিত
মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ কীভাবে কাজ করে, রোগ কীভাবে সৃষ্টি হয় এবং সুস্থ কোষের সঙ্গে অসুস্থ কোষের সম্পর্ক কী—এসব প্রশ্নের উত্তর খুঁজতে চিকিৎসাবিজ্ঞান দীর্ঘদিন ধরে কোষ ও টিস্যু নিয়ে গবেষণা করছে।

ইউরোপজুড়ে জেনজিরা কেন আন্দোলন করছে?
ইউরোপের ২৫টিরও বেশি দেশে গতকাল শুক্রবার হাজার হাজার তরুণ ও শ্রমিক একযোগে রাস্তায় নেমে আন্দোলনে করেছে। যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইতালিসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এ বিক্ষোভে অংশ নেন।

কোয়ান্টাম কম্পিউটারের অদ্ভুত ক্ষমতার প্রমাণ দিল গুগল
সাধারণ ল্যাপটপ বা স্মার্টফোনে আপনি যখন কোনো ইমেইল খোলেন, প্রতিবারই সেটি একই রকম দেখায়। শব্দের ক্রম বা অর্থ বদলে যায় না। কিন্তু এমন যদি হয়—আপনি কম্পিউটারে অন্য কী পড়ছেন, তার ওপর ভিত্তি করে আপনার ইমেইলের লেখাগুলো প্রতিবার বদলে যাচ্ছে?

ইরান নিয়ে ভ্যান্সের দেওয়া বক্তব্য কি ট্রাম্পের সঙ্গে দূরত্ব তৈরির ইঙ্গিত?
ভ্যান্সের বক্তব্যে ইরান সংঘাতের কারণে অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে ভাইস প্রেসিডেন্ট ও তার দলকে যে কঠিন ভারসাম্য রক্ষা করতে হচ্ছে, তা স্পষ্ট হয়েছে।