সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সিটি ব্যাংকের বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছে ব্যাংকটি।
আজ রোববার এক বিবৃতিতে সিটি ব্যাংক দাবি করেছে, প্রকৃত তথ্য উপেক্ষা করে ব্যাংকের আইনানুগ ঋণ আদায় কার্যক্রমকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।
সিটি ব্যাংকের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট গ্রাহক প্রতিষ্ঠানগুলো ২০১৬ সাল থেকে সিটি ব্যাংকের ঋণসুবিধা গ্রহণ করে, যার মোট পরিমাণ ছিল ৫৫ কোটি ৭৬ লাখ টাকা। ২০২২ সালে এই ঋণ অনিয়মিত হওয়ার পর গ্রাহকের অনুরোধে পুনঃতফসিলসহ বিভিন্ন সুবিধা দেওয়া হলেও ঋণগুলি পরিশোধ করা হয়নি। ২০২৪ সালে পুনরায় খেলাপি হওয়ার পর গ্রাহককে একাধিক আইনি নোটিশ ও ঋণ সমন্বয়ের সুযোগ দেওয়া হয়। এমনকী গ্রাহক নিজেই ৪৫ কোটি টাকায় ঋণ সমন্বয়ের অঙ্গীকার করেও তা রক্ষা করেননি।
ব্যাংকটি আরও জানায়, পরবর্তী সময়ে ব্যাংক অর্থঋণ আদালত আইন ও নিজস্ব নীতিমালা অনুসরণ করে ঋণের বিপরীতে নেওয়া বন্ধকীকৃত সম্পত্তি প্রকাশ্য নিলামের ব্যবস্থা করে। নিলামের আগে স্বীকৃত মূল্যায়নকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পত্তির বাজারমূল্য নির্ধারিত হয় ২২ কোটি ৮৫ লাখ টাকা এবং তাৎক্ষণিক বিক্রয়মূল্য ১৬ কোটি ৬৬ লাখ টাকা। অথচ ব্যাংক সম্পত্তিটি শেষমেশ বিক্রি করেছে ৩০ কোটি ২৫ লাখ টাকায়, যা নির্ধারিত বাজারমূল্যের চেয়ে অনেক বেশি। ফলে অত্যন্ত কম মূল্যে সম্পত্তি বিক্রির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাসরুর আরেফিনের নামে ব্যাংকের প্রাতিষ্ঠানিক ও আইনানুগ ঋণ আদায় কার্যক্রমকে তার ব্যক্তিগত অর্থ আত্মসাতের ঘটনা হিসেবে উপস্থাপনের বিষয়ে নিন্দা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
একটি বিদেশি ব্যাংকের আমন্ত্রণে বৈশ্বিক অনুষ্ঠানে বক্তা হিসেবে অংশগ্রহণ এবং পরে উমরাহ পালনের উদ্দেশে মাসরুর আরেফিনের বিদেশ সফর ছিল পূর্বনির্ধারিত ও অনুমোদিত। এ সফরকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে সংবাদ প্রকাশ করাকে অনভিপ্রেত ও অন্যায় বলে উল্লেখ করেছে ব্যাংকটি।
ব্যাংকের বক্তব্য, কোনো অভিযোগের অনুসন্ধান শুরু হওয়া এবং সেই অভিযোগ প্রমাণিত হওয়া এক বিষয় নয়। শুধু তদন্ত কর্মকর্তা নিয়োগের ভিত্তিতে অভিযোগকে প্রমাণিত হিসেবে উপস্থাপন করা উচিত নয়।
সিটি ব্যাংক জানিয়েছে, যেকোনো আইনানুগ অনুসন্ধানে তারা পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। একই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি প্রকৃত তথ্য যাচাই করে বিভ্রান্তিকর বক্তব্য সংশোধন এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
ব্যাংকটির মতে, তথ্য যাচাই ছাড়া অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে উপস্থাপন করলে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি তৈরি হয়।