Advertisement

রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যা চালিয়েছে’ মিয়ানমার: আইসিজে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যা চালিয়েছে’ মিয়ানমার: আইসিজে
বাংলাদেশে আশ্রয় নিয়েছে রোহিঙ্গারা। ফাইল ছবি

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এতে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত।

Advertisement

আজ বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। ১৫ বিচারকের মধ্যে প্রেসিডেন্ট ইয়াসাওয়া ইউজিসহ ৯ জন এ মতের পক্ষে রায় দেন। আর ভাইস প্রেসিডেন্ট জুলিয়া সেবুতিনদেসহ ছয়জন মত দেন বিপক্ষে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার জানিয়েছে, মামলার রায়ে বলা হয়েছে, ২০১৭ সালের সামরিক অভিযানে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার ঘটনায় মিয়ানমারের ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল এবং দেশটি এ জন্য দোষী।

রায় পড়ার সময় আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, তথ্য-প্রমাণ বলছে মিয়ানমারের বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে।

Advertisement

ইওয়াসাওয়া আরও বলেন, “আদালত দেখতে পেয়েছে যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপক মাত্রায় যৌন সহিংসতা চালিয়েছে এবং শিশুদের ওপর চরম নৃশংসতা চালিয়েছে। এ ছাড়া বিপুলসংখ্যক রোহিঙ্গা যখন প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখনও তাদের ওপর হামলা চালানো হয়েছে।”

নির্দিষ্ট কিছু ঘটনার উল্লেখ করে বিচারক ইওয়াসাওয়া জানান, এসব ক্ষেত্রে মিয়ানমার ‘গণহত্যার অভিপ্রায়’ থেকেই কাজ করেছে।

বিচারক ইওয়াসাওয়া বলেন, “মিয়ানমারের কর্মকাণ্ড ও পদ্ধতির মাত্রা এবং ধরন একটি জনগোষ্ঠীকে কেবল শাস্তি দেওয়ার প্রয়োজনের চেয়েও অনেক বেশি ছিল; বরং এটি ওই গোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায়েরই বহিঃপ্রকাশ।”

আইসিজে প্রেসিডেন্ট আরও বলেন, “আদালত মনে করে যে, মিয়ানমারের এই কর্মকাণ্ডের পেছনে একমাত্র যৌক্তিক ব্যাখ্যা হলো, উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে নির্মূল বা ধ্বংস করার অভিপ্রায়।”

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে নির্মূল করার চেষ্টার অভিযোগ এনে মিয়ানমারের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে। ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন (গণহত্যা সনদ) লঙ্ঘনের দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করা, রোহিঙ্গাদের লক্ষ্য করে চালানো সব অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া এবং গণহত্যার জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করার জন্য আইসিজের কাছে আবেদন জানিয়েছিল দেশটি।

অন্যদিকে, মিয়ানমার দাবি করে আসছিল যে ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ (আরসা)-র সদস্যদের পুলিশ চৌকিতে হামলার জবাবেই তারা ওই অভিযান চালিয়েছিল।

জাতিসংঘের তথ্যমতে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে এখনো ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। এর মধ্যে কেবল বাংলাদেশের কক্সবাজারের বিশাল শরণার্থী শিবিরগুলোতেই আশ্রয় নিয়ে আছে ১২ লাখ রোহিঙ্গা।

চলমান সংঘাত, মানবিক সহায়তা কমে আসা এবং সাগরপথে বিপজ্জনক যাত্রার কারণে এই জনগোষ্ঠীর অসংখ্য মানুষ এখনো চরম অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে।