Advertisement

ন্যূনতম মজুরি বিশ্লেষণ নিয়ে বিজিএমইএর আপত্তির জবাব দিল সিপিডি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

ন্যূনতম মজুরি বিশ্লেষণ নিয়ে বিজিএমইএর আপত্তির জবাব দিল সিপিডি
সেন্টার ফর পলিসি ডায়লগ। ছবি: বাসস

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নিজেদের বিশ্লেষণের বিষয়ে বিজিএমইএর আপত্তির ব্যাখ্যা দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। পরিবারের সদস্যসংখ্যা, উপার্জনকারী, দারিদ্র্যসীমা ও জীবনযাত্রার ব্যয় হিসাবের পদ্ধতি তুলে ধরে সংস্থাটি বলেছে, তথ্যভিত্তিক ও বাস্তবসম্মত মজুরি নির্ধারণে গঠনমূলক আলোচনা জরুরি।

Advertisement

আজ রোববার সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের কাছে পাঠানো এক চিঠিতে এসব ব্যাখ্যা দেন।

Advertisement

এর আগে ১৮ নভেম্বর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে বিশ্লেষণ উপস্থাপন করে সিপিডি। পরদিন ১৯ নভেম্বর ওই বিশ্লেষণের বিভিন্ন দিক নিয়ে পর্যবেক্ষণ জানিয়ে সংস্থাটিকে চিঠি দেয় বিজিএমইএ।

চিঠিতে সিপিডি জানায়, তাদের বিশ্লেষণে একটি পরিবারের সদস্যসংখ্যা চারজন এবং উপার্জনকারী সদস্যের সংখ্যা গড়ে ১ দশমিক ৫৮ জন ধরা হয়েছে। বিভিন্ন প্রকাশিত গবেষণার মধ্যমানের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে। বিজিএমইএর প্রস্তাব অনুযায়ী পরিবারের সদস্যসংখ্যার পাঁচটি উৎসের সরল গড় ৩ দশমিক ৯৩ জন ধরলেও মজুরির হিসাবে বড় পরিবর্তন আসবে না বলে জানিয়েছে সংস্থাটি।

দারিদ্র্যসীমা নির্ধারণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপ (এইচআইইএস) ২০২২-এর তথ্য ব্যবহারের যৌক্তিকতা তুলে ধরেছে সিপিডি। সংস্থাটি বলেছে, পোশাকশ্রমিকদের বড় অংশ শহর ও শহরসংলগ্ন শিল্পাঞ্চলে বসবাস করেন। তাই ঢাকা বিভাগের শহরাঞ্চলের মাথাপিছু উচ্চ দারিদ্র্যসীমা ৪ হাজার ৯২২ টাকা ধরে জীবনযাত্রার ব্যয় হিসাব করা হয়েছে।

বিজিএমইএর প্রস্তাব অনুযায়ী পরিবারের সদস্যসংখ্যা ৩ দশমিক ৯৬ জন ধরলে দারিদ্র্যসীমাভিত্তিক প্রয়োজনীয় মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে কমে ১৮ হাজার ৩৯২ টাকা হয়। অর্থাৎ পার্থক্য মাত্র ১৮৬ টাকা।

এ ছাড়া খাদ্যবহির্ভূত ব্যয়ের সঙ্গে বাসাভাড়া দুবার হিসাব করার অভিযোগ নাকচ করেছে সিপিডি। সংস্থাটি জানিয়েছে, খাদ্যবহির্ভূত ব্যয়ের হিসাব থেকে ঘরভাড়া এবং খাদ্য ব্যয় থেকে তামাক বাদ দেওয়া হয়েছে। ফলে আবাসন ব্যয় দুবার গণনা করা হয়নি।

চিঠিতে আরও বলা হয়, ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করা হয়েছে। এতে কর্মরত শ্রমিকদের মজুরি বাড়লেও সর্বনিম্ন গ্রেডে নতুন নিয়োগ পাওয়া শ্রমিকের নির্ধারিত ন্যূনতম মজুরি এখনো ১২ হাজার ৫০০ টাকা।

সিপিডি মনে করে, শ্রমিক ও কারখানার বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে হালনাগাদ তথ্যের ভিত্তিতে বড় পরিসরে বৈজ্ঞানিক নমুনাভিত্তিক জরিপের মাধ্যমে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৪১ ধারা অনুযায়ী মজুরি নির্ধারণ করা উচিত।

সংস্থাটি মজুরি বৃদ্ধির পক্ষে অবস্থান জানালেও ভাঙচুর, সহিংসতা ও শিল্পে অস্থিরতা সমর্থন করে না। একই সঙ্গে জ্বালানি সংকট, উচ্চ সুদহার ও দুর্নীতির মতো সমস্যার দায় কম মজুরির মাধ্যমে শ্রমিকদের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয় বলে মনে করে সিপিডি।