Advertisement

২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য
সাত দিনব্যাপী এসএমই পণ্য মেলা ২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

নতুন এসএমই নীতির মাধ্যমে বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাব ও রপ্তানির প্রবেশদ্বার হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এ খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

Advertisement

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ রোববার সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

Advertisement

এসএমই খাতে উন্নয়নে দ্রুতই একটি খসড়া নীতিমালা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘এই ভিশন বাস্তবায়নে খসড়া জাতীয় এসএমই নীতি ২০২৬ প্রণয়ন করা হয়েছে, যার মূল লক্ষ্য বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব ও রপ্তানির প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্ঠা করা।’’

স্থানীয় এসএমই উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারের জন্য নতুন নতুন পণ্য নিয়ে প্রস্তুত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশকে শুধু পোশাক খাতে সীমাবদ্ধ না থেকে চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, কৃষিপ্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প ও তথ্যপ্রযুক্তিতে সম্প্রসারিত হতে হবে।

প্রধানমন্ত্রী জানান, নীতিটির মাধ্যমে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাত যাতে উৎপাদনভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে ও রপ্তানি বাজার সম্প্রসারণে বড় ভূমিকা রাখতে পারে, সে ধরনের পরিবেশ তৈরি করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার বৃহত্তর লক্ষ্যের অংশ হিসেবে ২০৩১ সালের মধ্যে সিএমএসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোকে দেশের বৃহত্তর উৎপাদন ব্যবস্থা, শিল্প সরবরাহ শৃঙ্খল এবং দেশীয় ও আন্তর্জাতিক ভ্যালু চেইনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসএমইগুলো শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ থাকবে না, বরং বড় শিল্পের জন্য যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণের সরবরাহকারী হয়ে উঠবে এবং রপ্তানিমুখী উৎপাদন শৃঙ্খলের অংশ হবে।

অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬ তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কারপ্রাপ্তরা হলেন সেরা মাইক্রো উদ্যোক্তা (নারী) ফারজানা ইসলাম মৌরী; সেরা ক্ষুদ্র উদ্যোক্তা (নারী): হানিয়াম মারিয়া চৌধুরী; সেরা ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ): সৈয়দ আমিনুল কবির; সেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ): এসএম ফারুক হাসান; সেরা স্টার্টআপ: মাসরুর হোসেন শাহেদ (আইপেজ গ্লোবাল); সেরা গ্রিন এসএমই ব্যবসা: হামিদ হাসান আলভী; সেরা প্রযুক্তিভিত্তিক সৃজনশীল উদ্যোক্তা: মুসনাদ-ই আহমেদ এবং বিশেষ উদ্যোক্তা: তৃতীয় লিঙ্গের উদ্যোক্তা সিদ্দিক ভূঁইয়া রিজভী সিনথিয়া।

শিল্প মন্ত্রণালয়ের অধীন এসএমই ফাউন্ডেশন আয়োজিত এ মেলায় সারা দেশের ৩৮০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যার প্রায় ৬০ শতাংশের মালিক নারী উদ্যোক্তারা। মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।