
ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে এই ৭ অভ্যাস
১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি উপলক্ষে জেনে নেওয়া যাক, ডায়াবেটিসের ঝুঁকি কমাতে দৈনন্দিন জীবনে কোন সাতটি অভ্যাস গড়ে তোলা জরুরি।
চরচা ডেস্ক

ঘুমের সময় মস্তিষ্ক শুধু বিশ্রাম নেয় না, সেখানে জমে থাকা বর্জ্যও পরিষ্কার করে। এই প্রক্রিয়া মস্তিষ্কের সুস্থতা, স্মৃতিশক্তি ও চিন্তার ক্ষমতা ধরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিজ্ঞানীরা এমন একটি পদ্ধতি আবিষ্কার করেছেন, যা ঘুমের মধ্যে মস্তিষ্কের এই প্রাকৃতিক পরিষ্কার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে পারে।
পদ্ধতিটি হলো–নির্দিষ্ট সময়ে খুব অল্প সময়ের জন্য মৃদু শব্দ শোনানো। গবেষকেরা দেখেছেন, বিশেষ ধরনের এই শব্দ মস্তিষ্কের স্বাভাবিক বৈদ্যুতিক তরঙ্গকে শক্তিশালী করে। এর ফলে মস্তিষ্কের ভেতরে মেরুদণ্ডের তরলের (সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ) চলাচলও বেড়ে যায়।
এমআইটির এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন সাময়িকীতে। গবেষণায় নেতৃত্ব দিয়েছেন এমআইটির বৈদ্যুতিক প্রকৌশল ও কম্পিউটারবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক লরা লুইস। প্রধান গবেষক ছিলেন জশুয়া লেভিট। তাদের গবেষণার মূল লক্ষ্য ছিল, ঘুমের সময় মস্তিষ্কের বর্জ্য অপসারণের প্রাকৃতিক ব্যবস্থাকে বাইরের কোনো উদ্দীপনার মাধ্যমে আরও কার্যকর করা যায় কি না।

মানুষ জেগে থাকা অবস্থায় মস্তিষ্কের কোষগুলো নানা ধরনের কাজ করে। এ সময় বিপাকীয় প্রক্রিয়ার ফলে ল্যাকটিক অ্যাসিডসহ বিভিন্ন বর্জ্য পদার্থ তৈরি হয়। এ ছাড়া মস্তিষ্কে অ্যামাইলয়েড বিটা ও টাউয়ের মতো প্রোটিন জমতে পারে। এসব পদার্থের কিছু স্বাভাবিকভাবেই অপসারিত হয়। ঘুমের সময় এই পরিষ্কার প্রক্রিয়া বিশেষভাবে সক্রিয় থাকে। মস্তিষ্ক ও মেরুদণ্ডকে ঘিরে থাকা স্বচ্ছ তরল সিএসএফ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি মস্তিষ্কে পুষ্টি সরবরাহ করে এবং কোষের বিপাকীয় কাজ থেকে তৈরি বর্জ্য অপসারণে সহায়তা করে।
২০১৯ সালে লরা লুইসের গবেষক দল ঘুমের সময় মস্তিষ্কে এই তরলের চলাচল পর্যবেক্ষণের একটি পদ্ধতি দেখিয়েছিল। কার্যকরী এমআরআই বা এফএমআরআই ব্যবহার করে তারা দেখেছিলেন, ঘুমের সময় সিএসএফের প্রবাহ মস্তিষ্কের ধীর বৈদ্যুতিক তরঙ্গের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। গভীর ঘুমের সময় এসব তরঙ্গ বেশি সক্রিয় হয়। নতুন গবেষণায় তারা দেখতে চেয়েছেন, এই বৈদ্যুতিক তরঙ্গকে কৃত্রিমভাবে শক্তিশালী করা গেলে তরলের প্রবাহও বাড়ানো সম্ভব কি না।
এ জন্য গবেষকেরা ব্যবহার করেছেন ‘পিংক নয়েজ’ বা গোলাপি শব্দ। এটি একধরনের মৃদু শব্দ। বৃষ্টির একটানা শব্দ কিংবা দূর থেকে জলপ্রপাতের শব্দের সঙ্গে এর কিছুটা মিল আছে। সাধারণ সাদা শব্দের তুলনায় এতে নিচু কম্পাঙ্কের শব্দ বেশি প্রাধান্য পায়। গবেষকেরা প্রতিটি শব্দের স্থায়িত্ব রেখেছিলেন মাত্র ৫০ মিলিসেকেন্ড। তবে শুধু শব্দ শোনানোই তাদের কৌশল ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল শব্দটি ঠিক কখন শোনানো হচ্ছে।
গবেষকেরা দেখতে পান, মস্তিষ্কের ধীর বৈদ্যুতিক তরঙ্গ যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, তখন শব্দ দিলে তরঙ্গের শক্তি আরও বাড়ে। এ জন্য তারা ঘুমন্ত ব্যক্তিদের মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যক্রম পর্যবেক্ষণে ইইজি এবং সিএসএফের প্রবাহ পরিমাপে এফএমআরআই ব্যবহার করেন। দুটি প্রযুক্তি একসঙ্গে ব্যবহার করা কঠিন ছিল। কারণ, এমআরআইয়ের শক্তিশালী চৌম্বকক্ষেত্র ইইজির সংকেতে বাধা সৃষ্টি করে। গবেষকেরা সেই বাধা দূর করতে নতুন প্রযুক্তি তৈরি করেন। তাদের অ্যালগরিদম পরবর্তী বৈদ্যুতিক তরঙ্গের সর্বোচ্চ অবস্থান অনুমান করে যথাসময়ে শব্দ শোনানোর ব্যবস্থা করে।

১৪ জন সুস্থ স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষাটি চালানো হয়। ফলাফলে দেখা যায়, নির্দিষ্ট সময়ে দেওয়া মৃদু শব্দ মস্তিষ্কের ধীর বৈদ্যুতিক তরঙ্গের শক্তি বাড়িয়েছে। একই সঙ্গে সিএসএফের প্রবাহের তরঙ্গও বড় হয়েছে। শব্দ এতটাই মৃদু ছিল যে অংশগ্রহণকারীদের ঘুম ভাঙেনি।
গবেষকেরা আরও দেখেছেন, এই প্রক্রিয়া রক্তনালির সংকোচন ও প্রসারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মস্তিষ্কের ধীর বৈদ্যুতিক তরঙ্গের সঙ্গে রক্তনালির এই পরিবর্তন ঘটে। এর ফলে একধরনের পাম্পের মতো প্রভাব তৈরি হয়, যা সিএসএফকে মস্তিষ্কের ভেতরে চলাচলে সহায়তা করে। অর্থাৎ মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যক্রম, রক্তনালির পরিবর্তন এবং তরলের প্রবাহের মধ্যে একটি সমন্বিত সম্পর্ক রয়েছে।
এই আবিষ্কারের সবচেয়ে বড় সম্ভাবনা আলঝেইমারসহ বিভিন্ন স্নায়বিক রোগের চিকিৎসা ও প্রতিরোধ গবেষণায়। আলঝেইমার রোগের সঙ্গে মস্তিষ্কে অ্যামাইলয়েড ও টাউ প্রোটিন জমার সম্পর্ক রয়েছে। বিজ্ঞানীদের ধারণা, মস্তিষ্কের বর্জ্য অপসারণের ব্যবস্থা দুর্বল হলে এসব প্রোটিন জমার ঝুঁকি বাড়তে পারে। সে ক্ষেত্রে ঘুমের সময় সিএসএফের প্রবাহ বাড়ানোর কৌশল ভবিষ্যতে নতুন চিকিৎসার পথ খুলে দিতে পারে।
তবে গবেষণাটির ফল নিয়ে এখনই অতিরিক্ত আশাবাদী হওয়ার সুযোগ নেই। কারণ, পরীক্ষায় সিএসএফের প্রবাহের তরঙ্গ বড় হওয়ার প্রমাণ পাওয়া গেলেও এতে বাস্তবে কতটা বেশি বর্জ্য অপসারিত হয়েছে, তা সরাসরি প্রমাণ করা হয়নি। একইভাবে স্মৃতিশক্তি বেড়েছে, ঘুমের মান উন্নত হয়েছে কিংবা আলঝেইমারের ঝুঁকি কমেছে–এমন কোনো সিদ্ধান্তও গবেষকেরা দেননি। এগুলো ভবিষ্যৎ গবেষণার বিষয়।
গবেষকদের পরবর্তী লক্ষ্য হলো, এই পদ্ধতি অনিদ্রায় ভোগা মানুষের ঘুমের মান উন্নত করতে পারে কি না, তা পরীক্ষা করা। পাশাপাশি আলঝেইমার ও অন্যান্য স্মৃতিভ্রংশজনিত রোগে আক্রান্ত মানুষের ক্ষেত্রে এর কার্যকারিতা যাচাই করতে চান তারা। গবেষক জশুয়া লেভিট এ প্রযুক্তি ঘরে ব্যবহারের উপযোগী করার উদ্যোগও নিয়েছেন। ভবিষ্যতে মাথায় পরার হেডব্যান্ডের মতো যন্ত্রের মাধ্যমে ঘুমের সময় মস্তিষ্কের কার্যক্রম বুঝে নির্দিষ্ট মুহূর্তে শব্দ শোনানো সম্ভব হতে পারে।
এমআইটির এই গবেষণা মস্তিষ্কের ঘুমকালীন কার্যক্রম সম্পর্কে নতুন ধারণা দিয়েছে। একই সঙ্গে দেখিয়েছে, মস্তিষ্কের স্বাভাবিক ছন্দের সঙ্গে বাইরের শব্দের সঠিক সমন্বয় ঘটিয়ে শরীরের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে প্রভাবিত করা সম্ভব। তবে এই প্রযুক্তি চিকিৎসায় ব্যবহারের আগে আরও বড় পরিসরে এবং দীর্ঘমেয়াদে পরীক্ষা প্রয়োজন। আপাতত এটি আলঝেইমার প্রতিরোধের প্রমাণিত উপায় নয়। বরং মস্তিষ্কের বর্জ্য অপসারণ ব্যবস্থা কীভাবে আরও কার্যকর করা যায়, সেই গবেষণায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে এই ৭ অভ্যাস
১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি উপলক্ষে জেনে নেওয়া যাক, ডায়াবেটিসের ঝুঁকি কমাতে দৈনন্দিন জীবনে কোন সাতটি অভ্যাস গড়ে তোলা জরুরি।

মোটা মানেই রোগের ডিপো না
সামগ্রিকভাবে গবেষণাটি চিকিৎসাবিজ্ঞানে স্থূলতা মূল্যায়নের পদ্ধতি পরিবর্তনের প্রয়োজনীয়তা সামনে এনেছে। বিএমআই এখনো একটি প্রাথমিক পরিমাপ হিসেবে কাজে লাগতে পারে, কিন্তু একে একমাত্র মানদণ্ড হিসেবে ব্যবহার করলে ভুল সিদ্ধান্তের আশঙ্কা থেকে যায়।

মানসিক ক্লান্তিতে কখন বিশ্রাম যথেষ্ট নয়
জ্বর বা সর্দির মতো শারীরিক অসুস্থতা তো বিশ্রামের স্পষ্ট সংকেত বটেই, এর বাইরেও এমন কিছু লক্ষণ রয়েছে যা আমরা প্রায়ই এড়িয়ে যাই।
ঘুম ও বিষণ্নতা জড়িয়ে আছে আষ্টেপৃষ্ঠে
আমাদের ২৪ ঘণ্টার সার্কাডিয়ান রিদম বা জৈবিক ছন্দ মূলত আলোর দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমাদের চোখ মস্তিষ্কের প্রধান ঘড়িতে সংকেত পাঠায়, যা শরীরের বিভিন্ন প্রক্রিয়া—যেমন জেগে থাকা, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং বিপাকের মধ্যে সমন্বয় সাধন করে।