Advertisement

ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে এই ৭ অভ্যাস

ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে এই ৭ অভ্যাস
ডায়াবেটিসের ঝুঁকি কমাতে প্রতিদিনের জীবনে কিছু অভ্যাস তৈরি করা খুব জরুরি। ছবি: এআই দিয়ে তৈরি

Advertisement
১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি উপলক্ষে জেনে নেওয়া যাক, ডায়াবেটিসের ঝুঁকি কমাতে দৈনন্দিন জীবনে কোন সাতটি অভ্যাস গড়ে তোলা জরুরি

একটা সময় ভাবা হতো, ডায়াবেটিস নিয়ে যা চিন্তা একটা বয়সের পরই করতে হয়! বয়সের হিসাবটাও অনেকটা এরকম ছিল যে, ৪০-৫০ বছর বয়সের আগে মিষ্টি খাওয়ার ব্যাপারে অত চিন্তার কিছু নেই। কিন্তু দিন বদলে গেছে। ডায়াবেটিস এখন আর শুধু বয়স বাড়ার সঙ্গে দেখা দেওয়া কোনো রোগ নয়।

বর্তমানে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যাই হলো ডায়াবেটিস। আমাদের পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে অসংখ্য মানুষ এই রোগে আক্রান্ত। উদ্বেগের বিষয় হলো, অনেকেই জানেন না যে তারা ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিসের ঝুঁকি কমাতে তাই রোগ শনাক্ত হওয়ার অপেক্ষায় থাকলে চলবে না। বরং প্রতিদিনের জীবনযাপনে কিছু পরিবর্তন আনা জরুরি।

Advertisement

তবে ডায়াবেটিস মানেই জীবন থেমে যাওয়া নয়। সঠিক জীবনযাপন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন সম্ভব। ডায়াবেটিসের ঝুঁকি কমাতে দৈনন্দিন জীবনে এই সাতটি অভ্যাস গড়ে তোলা জরুরি -

১. নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা করুন

ডায়াবেটিসের প্রাথমিক পর্যায়ে তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না। অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব, ক্লান্তি কিংবা দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসার মতো লক্ষণ দেখা দিতে পারে। তবে এসব লক্ষণ না থাকলেও কারও ডায়াবেটিস থাকতে পারে।

তাই শুধু শারীরিক অসুস্থতা অনুভব করলেই পরীক্ষা করানো উচিত, এমন নয়। বয়স, পারিবারিক ইতিহাস, ওজন ও অন্যান্য ঝুঁকির বিষয় বিবেচনায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্তের গ্লুকোজ পরীক্ষা করুন। প্রয়োজনে ফাস্টিং ব্লাড গ্লুকোজ ও এইচবিএ১সি পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিসের অবস্থা নির্ণয় করা যায়।

২. সুষম ও পরিমিত খাবার গ্রহণ করুন

ডায়াবেটিসের ঝুঁকি কমাতে প্রথমেই নজর দিতে হবে প্রতিদিনের খাবারের দিকে। খাদ্যতালিকায় শাকসবজি, ফলমূল, ডাল, পূর্ণ শস্য ও আঁশযুক্ত খাবার রাখার চেষ্টা করুন। পাশাপাশি খাবারের পরিমাণেও নিয়ন্ত্রণ থাকা জরুরি।

৩. অতিরিক্ত চিনি ও মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে চলুন

অতিরিক্ত চিনি, মিষ্টিজাতীয় খাবার, কোমল পানীয় এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খাওয়ার অভ্যাস কমিয়ে আনুন। বিশেষ করে চিনিযুক্ত পানীয়ের পরিবর্তে সাধারণ পানি পান করার অভ্যাস গড়ে তুলুন। শুধু মিষ্টি না খেলেই ডায়াবেটিসের ঝুঁকি দূর হয় না; বরং সামগ্রিক খাদ্যাভ্যাসে ভারসাম্য রাখা প্রয়োজন।

৪. প্রতিদিন নিয়মিত শারীরিক পরিশ্রম ও হাঁটার অভ্যাস গড়ে তুলুন

দীর্ঘ সময় এক জায়গায় বসে কাজ করা, যাতায়াতের জন্য সব সময় যানবাহনের ওপর নির্ভর করা কিংবা অবসর সময়েও শুয়ে-বসে থাকা–এই অভ্যাসগুলো অন্য অনেক রোগের মতো ডায়াবেটিসের ঝুঁকিও বাড়িয়ে দেয় অনেক।

সে কারণে নিয়মিত শারীরিক পরিশ্রমের বিকল্প নেই। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটার অভ্যাস করতে পারেন। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক পরিশ্রমের পরামর্শ দেয় ডব্লিউএইচও। দ্রুত হাঁটা, সাইকেল চালানো কিংবা সাঁতারও হতে পারে ভালো বিকল্প।

একটানা দীর্ঘ সময় বসে থাকলে মাঝেমধ্যে উঠে একটু হাঁটাচলা করুন। ব্যায়ামের জন্য আলাদা সময় বের করতে না পারলেও দৈনন্দিন কাজের মধ্যে শরীর সচল রাখার সুযোগ তৈরি করুন।

৫. শরীরের ওজন স্বাস্থ্যকর সীমায় রাখুন

অতিরিক্ত ওজন, বিশেষ করে পেটের চারপাশে চর্বি জমা, টাইপ-২ ডায়াবেটিসের অন্যতম ঝুঁকির কারণ। তাই শরীরের ওজন স্বাস্থ্যকর সীমায় রাখার চেষ্টা করতে হবে।

তবে এ জন্য হঠাৎ করে কঠোর ডায়েট শুরু করার প্রয়োজন নেই। বরং খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ, নিয়মিত হাঁটাচলা এবং সুষম খাদ্যাভ্যাসের মাধ্যমে ধীরে ধীরে ওজন নিয়ন্ত্রণে আনা ভালো। মনে রাখতে হবে, সবার শরীরের গঠন এক নয়। তাই ওজনের পাশাপাশি কোমরের মাপ ও অন্যান্য স্বাস্থ্যগত বিষয়ও বিবেচনায় রাখা জরুরি।

৬. পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন

শরীর সুস্থ রাখতে ঘুমের গুরুত্ব নিয়ে আলাদা করে বলার কিছু নেই। নিয়মিত অপর্যাপ্ত ঘুম দৈনন্দিন শারীরিক ও মানসিক কার্যক্ষমতায় প্রভাব ফেলতে পারে। তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করার অভ্যাস গড়ে তুলুন।

ঘুমানোর আগে দীর্ঘ সময় মোবাইল ফোন বা অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহার না করাই ভালো। পাশাপাশি ঘুমের পরিবেশ আরামদায়ক রাখুন। ভালো ঘুমের পাশাপাশি মানসিক চাপ নিয়ন্ত্রণেও মনোযোগ দিন।

৭. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ ও ফলোআপ চালিয়ে যান

ডায়াবেটিস শনাক্ত হওয়ার অর্থ জীবনযাপন থেমে যাওয়া নয়। বরং নিয়ম মেনে চললে এই রোগ নিয়েও স্বাভাবিক জীবনযাপন সম্ভব। এ জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ এবং নিয়মিত শারীরিক পরিশ্রম জরুরি।

রক্তের গ্লুকোজের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি চোখ, কিডনি, হৃদ্‌যন্ত্র ও স্নায়ুর স্বাস্থ্য পরীক্ষা করাও গুরুত্বপূর্ণ। নিজের ইচ্ছায় ওষুধ বন্ধ করা কিংবা মাত্রা পরিবর্তন করা উচিত নয়। চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন।

সচেতনতা শুরু হোক পরিবার থেকেই

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ শুধু একজন ব্যক্তির দায়িত্ব নয়। পরিবারের সবার খাদ্যাভ্যাস ও জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আনা গেলে সুস্থ থাকার অভ্যাস গড়ে তোলা সহজ হয়। পরিবারের কারও ডায়াবেটিস থাকলে অন্য সদস্যদেরও নিজেদের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা জরুরি।

তবে মনে রাখতে হবে, জীবনযাত্রায় পরিবর্তন এনে মূলত টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমানো বা রোগের সূত্রপাত বিলম্বিত করা সম্ভব। টাইপ-১ ডায়াবেটিস প্রতিরোধে এসব অভ্যাস কার্যকর প্রমাণিত নয়।

লেখক: ডা.নিষাদ আলমগীর, নির্বাহী পরিচালক, ট্রিড