বিশ্রামের সংজ্ঞা সবার কাছে একরকম নয়। দীর্ঘ কর্মব্যস্ত দিন শেষে কেউ হয়তো একটু হাঁটতে পছন্দ করেন, কেউ সিনেমা দেখেন, আবার কেউ ঘুমানোর সময় পর্যন্ত আনমনে ফোনে স্ক্রল করে যান। কিন্তু অনেকেরই আট ঘণ্টা টানা ঘুম কিংবা দুপুরের ছোট্ট ভাতঘুমের পরও শরীরে ক্লান্তি থেকে যায়। এর কারণ হলো, শুধু বিশ্রাম নেওয়া আর ভেতর থেকে চাঙ্গা বা ফুরফুরে বোধ করা এক জিনিস নয়। কাজের দীর্ঘ সময়, ব্যস্ত রুটিন আর দৈনন্দিন জীবনের নানা ঝামেলার ভিড়ে আমরা অনেক সময়ই খেয়ালই করি না যে মানসিকভাবে কতটা ক্লান্ত হয়ে পড়েছি। তাহলে প্রশ্ন হলো, মানসিক ক্লান্তি দূর করতে প্রকৃত বিশ্রাম বলতে আসলে কী বোঝায়?
কখন বুঝবেন বিশ্রামের প্রয়োজন?
জ্বর বা সর্দির মতো শারীরিক অসুস্থতা তো বিশ্রামের স্পষ্ট সংকেত বটেই, এর বাইরেও এমন কিছু লক্ষণ রয়েছে যা আমরা প্রায়ই এড়িয়ে যাই। মুম্বাইয়ের অস্টিওপ্যাথি সেন্টার ‘অ্যালাইন বাই আমি’-এর প্রতিষ্ঠাতা আমি শেঠিয়া ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “অবিরাম পেশির টান, ক্লান্তি, মেজাজের হঠাৎ পরিবর্তন, মনোযোগে ঘাটতি এবং ঘুমের ব্যাঘাত—এসবই আমাদের একটু ধীর গতিতে চলার বা থামার সংকেত দেয়।”
আমি শেঠিয়া মনে করিয়ে দেন, বিশ্রাম মানে কেবল কোনো কাজ বন্ধ করে বসে থাকা নয়। বরং এটি শরীরের ক্লান্তি দূর করা, জমে থাকা মানসিক চাপ বা টেনশন ঝেড়ে ফেলা এবং এনার্জি ফিরিয়ে আনার এক সুবর্ণ সুযোগ।
‘সচেতন বিশ্রাম’ আসলে কী?
শেঠিয়া বলেন, “সচেতন বিশ্রাম হলো নিজের শরীরের চাহিদা অনুধাবন করে সচেতনভাবে পুনরুদ্ধারের জন্য কিছুটা সময় বের করা।” তার মতে, উদ্দেশ্যমূলক সচলতা এবং মানসিক স্থিরতার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা জরুরি। এটি নিজের শরীরের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে এবং সুস্থ জীবনযাত্রার প্রতি আরও মননশীল দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে দারুণভাবে সাহায্য করে।
শারীরিক বিশ্রাম কি মানসিক ক্লান্তি দূর করতে পারে?
এ প্রসঙ্গে আমি শেঠিয়া বলেন, “জৈব-মনো-সামাজিক (বায়োপিসোসোশ্যাল) দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে আমাদের শারীরিক স্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং চারপাশের সামাজিক পরিবেশ একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত।” উদ্দেশ্যমূলক নড়াচড়া বা হালকা ব্যায়াম, মানসিক স্থিরতা এবং সঠিক শ্বাসপ্রশ্বাসের চর্চা (ব্রেথওয়ার্ক) আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে, শরীরের ‘স্টিফনেস’ দূর করতে এবং যেকোনো চাপ বা দুশ্চিন্তা দক্ষতার সাথে সামলাতে বেশ ভালোভাবে সাহায্য করে।
কোন ধরনের বিশ্রামের প্রয়োজন, তা কীভাবে বুঝবেন?
আমাদের ক্লান্তি আসলে কোন উৎস থেকে আসছে, তার ওপর ভিত্তি করে বিশ্রামের ধরনও আলাদা হওয়া উচিত। ‘ব্রেইনিউড’-এর প্রতিষ্ঠাতা, মানসিক সুস্থতা বিশেষজ্ঞ এবং স্মৃতিশক্তি প্রশিক্ষক ড. বিনোদ শর্মা এমন কয়েকটি ভিন্ন ধরনের বিশ্রামের কথা বলেছেন এবং সেগুলো চেনার উপায়গুলো বুঝিয়ে দিয়েছেন। সেগুলো হলো:
আবেগীয় বা মানসিক স্বস্তির বিশ্রাম
ভিতরে ভেতরে মানসিকভাবে বিপর্যস্ত বা ক্লান্ত থাকার পরও যখন আমরা কৃত্রিমভাবে স্বাভাবিক থাকার অভিনয় করে যাই, তখন এই বিশ্রামের তীব্র প্রয়োজন হয়। অন্যের মন রক্ষা করতে গিয়ে নিজের অনুভূতিগুলো বারবার দমিয়ে রাখছেন কি না, তা নিজেকেই প্রশ্ন করে দেখতে পারেন। আপনার মনের আসল অবস্থা একজন বিশ্বস্ত বন্ধু বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে খুলে বলার সুযোগ তৈরি করুন। এটি এই ধরনের মানসিক ক্লান্তি কাটাতে ম্যাজিকের মতো কাজ করে।
ইন্দ্রিয়গত বা সেনসরি বিশ্রাম
মোবাইলের অনবরত নোটিফিকেশন, স্ক্রিনের সামনে অতিরিক্ত সময় কাটানো কিংবা সারা দিন কম্পিউটার ও ফোনের দিকে তাকিয়ে থাকা আমাদের ইন্দ্রিয়গুলোকে ক্লান্ত ও অতিরিক্ত উদ্দীপিত করে তোলে। এই ক্লান্তি দূর করতে ড. বিনোদ কিছু কার্যকর পরামর্শ দিয়েছেন। যেমন, কিছুক্ষণের জন্য ইলেকট্রনিক ডিভাইস বন্ধ রাখা, ঘরের আলো মৃদু করা, ফোন ‘ডু নট ডিস্টার্ব’ মোডে রাখা অথবা সম্পূর্ণ নিরিবিলিতে বা প্রকৃতির কাছাকাছি কিছু সময় কাটানো। এই ছোট ছোট অভ্যাসগুলো গড়ে তুললে ‘সেনসরি ওভারলোড’ থেকে স্বস্তি পাওয়া সম্ভব।
সামাজিক বিশ্রাম
সামাজিক মেলামেশা, অফুরন্ত মিটিং আর অবিরাম কথাবার্তা যখন আপনার জন্য মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়, তখন বুঝবেন আপনার সামাজিক বিশ্রামের সময় এসেছে। এ ক্ষেত্রে সামাজিক যোগাযোগ বা প্রতিশ্রুতিগুলোর ব্যাপারে একটু সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন ড. বিনোদ। প্রয়োজনে মানুষের সাথে মেলামেশা কমিয়ে দিন এবং যে সম্পর্কগুলো আপনার কাছে অর্থপূর্ণ ও স্বস্তিদায়ক, সেগুলোকে প্রাধান্য দিন।
মানসিক বিশ্রাম
অতিরিক্ত দায়িত্ব নিজের ঘাড়ে নেওয়া, একসাথে অনেকগুলো কাজ করার চেষ্টা (মাল্টিটাস্কিং) এবং সবকিছু দ্রুত ও নিখুঁতভাবে শেষ করার স্থায়ী উদ্বেগ মনকে মারাত্মকভাবে ক্লান্ত করে তোলে। এই পরিস্থিতি সামাল দিতে মেডিটেশন করা এবং সচেতনভাবে নিজের কাজগুলোকে গুরুত্বের ক্রমানুসারে সাজানোর অভ্যাস মনের ওপর থেকে বাড়তি চাপ কমিয়ে দিতে পারে।
বিশ্রাম নিয়ে আমাদের ভুল ধারণাগুলো কী কী?
বিশ্রাম সম্পর্কে সবচেয়ে বড় ভুল ধারণা হলো—টেলিভিশন দেখা বা ফোনে স্ক্রোল করাকে মানসিক বিরতি বলে মনে করা। কাজগুলো দেখতে সহজ মনে হলেও, এগুলো আদতে মস্তিষ্কে প্রসেসিং বা চিন্তার প্রক্রিয়া চালু রাখে এবং অবিরাম তথ্যের প্রবাহের মাধ্যমে মনকে ব্যস্ত ও ক্লান্ত করে তোলে।
আরেকটি প্রচলিত ভ্রান্ত ধারণা হলো, বিশ্রাম মানে কেবল শারীরিক নিষ্ক্রিয়তা বা কোনো কাজ না করে বসে থাকা। চুপচাপ বসে বা শুয়ে থাকা শরীরকে হয়তো শিথিল করে, কিন্তু এর মানে এই নয় যে মনও পুরোপুরি শান্ত হয়েছে। একইভাবে, স্ক্রিন টাইমকে ক্লান্তি দূর করার সহজ মাধ্যম মনে হলেও, তথ্যের অন্তহীন স্রোত আপনাকে মানসিকভাবে আগের মতোই ক্লান্ত করে রাখতে পারে।
বিনোদ শর্মা বলেন, “বিশ্রামকেও যদি একটি লক্ষ্য বা কাজের মতো অর্জন করতে হয় বলে মনে করেন, তবে তা কালক্রমে মানসিক ক্লান্তি বাড়িয়ে তুলতে পারে।” তাই বিশ্রামকে দৈনিক কাজের তালিকার (টু-ডু লিস্ট) আরেকটি বাড়তি চাপ হিসেবে না নিয়ে, মন ও শরীরের প্রকৃত চাহিদা কী, তা বোঝা জরুরি।
মানসিকভাবে ক্লান্তির বিশ্রাম কেমন?
আমি শেঠিয়ার পরামর্শ অনুযায়ী স্ক্রিন থেকে দূরে কিছু সময় কাটানো, সচেতনভাবে দীর্ঘ শ্বাস নেওয়া (কনশাস ব্রিদিং), হালকা স্ট্রেচিং এবং কিছু সময় পুরোপুরি স্থির থাকা—এগুলোর মাধ্যমে নিয়মিত বিরতি নেওয়া উচিত। এর পাশাপাশি নিজের যত্নের জন্য নির্দিষ্ট সময় আলাদা রাখা অত্যন্ত জরুরি, যাতে দৈনন্দিন ব্যস্ততা থেকে দূরে সরে শরীর ও মনকে চাঙ্গা করে তোলা যায়। ক্লান্তি একেবারে চরমে পৌঁছানোর জন্য অপেক্ষা না করে বিশ্রামকে নিয়মিত অভ্যাসে পরিণত করলে জমে থাকা মানসিক চাপ সহজে দূর হয় এবং দীর্ঘমেয়াদি সুস্থতা বজায় থাকে।
এই ছোট ছোট বিরতিগুলো নেওয়ার পাশাপাশি দৈনন্দিন কিছু ভালো অভ্যাস গড়ে তুললে মানসিক ক্লান্তি জাঁকিয়ে বসতে পারে না। যেমন-প্রতি রাতে ৭ থেকে ৮ ঘণ্টার একটি নির্দিষ্ট ঘুমের রুটিন বজায় রাখা, রাত জাগার অভ্যাস ত্যাগ করা এবং কাজের ফাঁকে ছোট বিরতি নিয়ে মনকে সতেজ করা। ড. বিনোদ এই অভ্যাসগুলো মেনে চলার ওপর জোর দিয়েছেন।
কখন বুঝবেন যে শুধু বিশ্রাম যথেষ্ট নয়?
ড. বিনোদ বলেন, “টানা ১৫ দিনের বেশি সময় ধরে যদি মানসিক ক্লান্তি লেগেই থাকে এবং পর্যাপ্ত ঘুম বা সময় দেওয়ার পরও অবস্থার কোনো উন্নতি না হয়, তবে বুঝতে হবে যে কেবল বিশ্রাম আর যথেষ্ট নয়।” তিনি সতর্ক করে বলেন, “এই ক্লান্তি যখন আপনার দৈনন্দিন কাজকর্ম, পেশাগত জীবন কিংবা চারপাশের মানুষের সাথে সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে, তখন তা অবশ্যই উদ্বেগের বিষয়। এমনকি কিছু ক্ষেত্রে দীর্ঘস্থায়ী এই মানসিক ক্লান্তি থেকে উদ্বেগ (অ্যাংজাইটি), বিষণ্ণতা বা অ্যালকোহলের প্রতি আসক্তির মতো সমস্যাও দেখা দিতে পারে।”
যখন শুধুই বিশ্রাম কোনো কাজে আসে না, তখন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া জরুরি। তবে চিকিৎসার পাশাপাশি দৈনন্দিন জীবনযাপনে কিছু সুস্থ অভ্যাস গড়ে তোলাও সামগ্রিক সুস্থতার জন্য দারুণ সহায়ক। যেমন-নিয়মিত সকালে হাঁটাহাঁটি করা, ধ্যান বা মেডিটেশন চর্চা করা, বই পড়ার অভ্যাস রাখা এবং প্রিয় মানুষের সাথে সময় কাটানো।