Advertisement
আল জাজিরার বিশ্লেষণ

শেখ হাসিনার ফেরার পরিকল্পনায় বাংলাদেশে সহিংসতা কেন বাড়ছে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

শেখ হাসিনার ফেরার পরিকল্পনায় বাংলাদেশে সহিংসতা কেন বাড়ছে?
নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে এ পর্যন্ত দেশের ২৮টি জেলায় অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটেছে। ফাইল ছবি: চরচা

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি গণমাধ্যমে তার দেশে ফেরার পরিকল্পনা প্রকাশ হয়। তার দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় সহিংসতা ছড়িয়ে পড়েছে।

Advertisement

প্রায় এক সপ্তাহ ধরে চলমান এই সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ সময় থানায়, ব্যাংকে ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও হামলা চালানো হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, শেখ হাসিনার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে এই সহিংসতার সূত্রপাত হয়।

গত বছরের ১৭ নভেম্বর জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তিনি বর্তমানে ভারতে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন।

Advertisement

পরে চলতি মাসের শুরুতে তার দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদনের খবর সামনে আসে। এরপর সরকার জানায়, শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় ছাড়া তার দেশে ফেরার সুযোগ নেই।

এখন প্রশ্ন হলো, শেখ হাসিনা এখন কেন দেশে ফিরতে চাইছেন? আর সাম্প্রতিক বিক্ষোভ কি স্বতঃস্ফূর্তভাবে শুরু হয়েছে, নাকি পরিকল্পিতভাবে আয়োজন করা হয়েছে?

দেশজুড়ে সহিংস পরিস্থিতি

বাংলাদেশের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে এ পর্যন্ত দেশের ২৮টি জেলায় অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব সহিংসতার ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন রাজনৈতিক দলের কর্মী। অন্যজন বাসের একজন কর্মী। বাসটিতে আগুন দেওয়ার ঘটনায় তার মৃত্যু হয়।

এএফপির খবরে বলা হয়েছে, নড়াইলে বিএনপি দুই কর্মী নিহত হয়েছেন। এর ‘প্রতিশোধ’ নিতে জেলায় আওয়ামী লীগ সমর্থকদের এক ডজনের বেশি বাড়িতে আগুন দিয়েছে বিএনপির সমর্থকরা।

নড়াইলের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, জেলায় অন্তত ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এএফপিকে বলেন, “সংঘর্ষের ঘটনায় তারা খুব আতঙ্কের মধ্যে আছেন। একান্ত প্রয়োজন না হলে নারী ও শিশুদের ঘরের বাইরে যেতে নিষেধ করেছেন।”

গত বুধবার গভীর রাতে পুলিশ জানায়, চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তবে কারা এই আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আল জাজিরা বলেছে, শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময়েই ড. ইউনূসকে বিভিন্নভাবে টার্গেট করা হয়েছিল। এখন আবার হাসিনার সমর্থকদের বিরোধিতার মুখে পড়ছেন তিনি। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক জানিয়েছে, তাদের ২২টি শাখায় আগুন দেওয়া হয়েছে।

চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সরকারি বার্তা সংস্থা বাসসকে বলেছেন, “হাসিনার নিজ জেলা ও আওয়ামী লীগের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।” নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে স্থানীয়দের সহায়তাও চেয়েছেন তিনি।

বিক্ষোভ কি স্বতঃস্ফূর্ত নাকি পরিকল্পিত?

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্ন্যান্স বিভাগের প্রভাষক এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান জেমসটাউন ফাউন্ডেশনের বিশ্লেষক খন্দকার তাহমিদ রেজওয়ান আল জাজিরাকে বলেন, “সাম্প্রতিক বিক্ষোভ পুরোপুরি স্বতঃস্ফূর্ত বলে মনে হচ্ছে না।”

তাহমিদ বলেন, “সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই যদি বিক্ষোভ শুরু হতো, তাহলে দেশের বিভিন্ন এলাকায় আরও বেশি মানুষকে অংশ নিতে দেখা যেত। কিন্তু আমরা দেখছি, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরের মতো এলাকাতেই বিক্ষোভ বেশি হচ্ছে। এসব এলাকা ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।”

এই বিশ্লেষক আরও বলেন, “দেশের অন্য কিছু জায়গাতেও বিচ্ছিন্নভাবে বিক্ষোভ ও মিছিলের খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত এসব বিক্ষোভের সংখ্যা ও বিস্তার দেখে মনে হচ্ছে, এগুলো সারা দেশে ছড়িয়ে পড়া কোনো আন্দোলন নয়। এসব নির্দিষ্ট কিছু এলাকার মধ্যেই সীমাবদ্ধ।”

তার মতে, এসব ঘটনা আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। তবে এই বিক্ষোভ দেশজুড়ে আন্দোলনে রূপ নেবে বলে মনে করেন না তিনি। তাছাড়া এই বিক্ষোভ বর্তমান সরকারের অবস্থানকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলবে বলেও মনে করেন না তাহমিদ।

সহিংসতার শুরু যেভাবে

আল জাজিরা বলছে, গত ৯ নভেম্বর শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন নাকচ করে দেয় সরকার। এর কিছুদিন পরই সাম্প্রতিক বিক্ষোভ শুরু হয়।

ছবি: ইউএনবি
ছবি: ইউএনবি

শেখ হাসিনা ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত এবং ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই সহিংসতায় প্রায় ১৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন।

তবে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন। ৯ নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, “বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান তিনি।” তার সহযোগীরা জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার তারিখ জানানো হবে। কিন্তু বর্তমান সরকার তার আবেদন নাকচ করে দিয়েছে।

চলতি মাসের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, “বাংলাদেশ কোনো দণ্ডিত ও পলাতক সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি সরবরাহ করবে না।” পরিবর্তে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চায় বলেও উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিশ্চিত করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, “দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তার সামনে আর কোনো পথ খোলা নেই।”

এদিকে, বিক্ষোভকারীরা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং কারাবন্দী আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকদের মুক্তির দাবিও জানাচ্ছেন।

শেখ হাসিনা কেন বাংলাদেশে ফিরতে চান?

আল জাজিরা বলেছেন, দেশের অনেকেই এখনো শেখ হাসিনাকে সমর্থন করেন। আবার অনেকেই তার মৃত্যুদণ্ড কার্যকর হতে দেখতে চায়।

বিশ্লেষকদের আশঙ্কা, শেখ হাসিনা দেশে ফিরলে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে। তার প্রত্যাবর্তন দেশে নতুন সংকট তৈরি করতে পারে। তবে শেখ হাসিনা কেন দেশে ফিরতে চাইছেন, তার প্রকৃত উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

কয়েকজন বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, শেখ হাসিনা সত্যিই আইনের মুখোমুখি হতে দেশে ফিরতে চান কি না? আবার কেউ কেউ মনে করছেন, ভারতে স্বেচ্ছানির্বাসনে থেকেও নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে দেশে ফেরার কথা বলছেন তিনি।

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির তাহমিদ রেজওয়ান বলেন, “শেখ হাসিনার দেশে ফেরার আগ্রহ নতুন করে সামনে আসার পেছনে কয়েকটি বিষয় একসঙ্গে কাজ করছে। প্রথমত, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিতে হবে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের প্রায় ১০ মাস পার হয়েছে। এই সময়ে সরকারকে মূল্যস্ফীতির চাপ, অর্থনীতির স্থবিরতা ও জ্বালানি সংকটসহ নানা সমস্যার মুখে পড়তে হয়েছে।”

পুলিশ বলছে, ‘বিক্ষুব্ধ-জনতা’ এসব বাড়িতে হামলা চালিয়েছে। ছবি: ভিডিও থেকে নেওয়া
পুলিশ বলছে, ‘বিক্ষুব্ধ-জনতা’ এসব বাড়িতে হামলা চালিয়েছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

“এসব সমস্যার সবই দেশের ভেতরের কারণে তৈরি হয়নি। এর পেছনে আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্ব অর্থনীতির প্রভাবও রয়েছে। কিন্তু সাধারণ মানুষের কাছে এসব জটিল বিষয় ব্যাখ্যা করা কঠিন। এসব সমস্যার প্রভাব মানুষের দৈনন্দিন জীবনে পড়ছে। ফলে সরকারের প্রতি মানুষের আস্থা ও আত্মবিশ্বাসেও প্রভাব পড়ছে।”

তাহমিদ আরও বলেন, “দ্বিতীয়ত, আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখা হবে, নাকি আবারও দলটিকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হবে, তা নিয়ে দেশে এখনো বিতর্ক চলছে।”

এই বিশ্লেষক জানান, কয়েকটি আন্তর্জাতিক পক্ষ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা আওয়ামী লীগের ওপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে কথা বলেছেন। তারা মনে করেন, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় যারা নৃশংসতার জন্য দায়ী, তাদের বিচার ও সাজা নিশ্চিত করার পর আওয়ামী লীগকে আবারও মূলধারার রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া যেতে পারে।

তাহমিদ আরও বলেন, “তৃতীয়ত, এখানে ভারতের ভূমিকাও উপেক্ষা করার সুযোগ নেই। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি এবং আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন, তারা বিভিন্নভাবে দেশটির সহায়তা পেয়ে আসছেন বলে খবর রয়েছে।”

“শেখ হাসিনাকে নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ভারত কোনো সমঝোতার পথ খুঁজছে কি না- এমন আলোচনাও হয়েছে বলে জল্পনা রয়েছে। এমন ব্যবস্থার কথাও আলোচনায় এসেছে, যাতে তার নিরাপত্তা নিশ্চিত করা যায়। এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর হেফাজতে তাকে নিরাপত্তা দেওয়ার বিষয়টিও থাকতে পারে।”

বাংলাদেশের জ্যেষ্ঠ কূটনীতিক মুশফিকুল ফজল আনসারী বলেছেন, “শেখ হাসিনা তার সাজা ভোগ করতে দেশে ফিরতে চান না।” তিনি আল জাজিরাকে বলেন, “আমার ধারণা, দেশে ফেরার কথা বলে শেখ হাসিনা তার সমর্থকদের একত্রিত করতে এবং বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছেন।”

আনসারী বলেন, “দেশের বাইরেও সহিংসতা ছড়িয়ে পড়েছে। লন্ডনে আওয়ামী লীগ সমর্থকরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের গাড়িবহরে হামলা চালিয়েছেন বলে খবর পাওয়া গেছে। তিনি আরও বলেন, “আগুন দেওয়া, মানুষ হত্যা ও ভয়ভীতি দেখানোকে কোনোভাবেই রাজনৈতিক প্রতিবাদ বলা যায় না। বাংলাদেশের বিরুদ্ধে সহিংসতা চালানোর পরিকল্পনা বা উসকানি দিতে যেন কোনোভাবেই প্রতিবেশী দেশটির ভূখণ্ড ব্যবহার করা না হয়, তা দেশটির নিশ্চিত করা উচিত।”

তবে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে জানানো হয়েছে, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। তবে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই।

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে দেশটি জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণ একটি আইনি বিষয়। আইনিভাবেই বিষয়টির সমাধান হবে। এ বিষয়ে তার কাছে নতুন কোনো তথ্য নেই।