Advertisement

গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: তথ্য উপদেষ্টা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: তথ্য উপদেষ্টা
তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: বাসস

গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

Advertisement

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, “গোপালগঞ্জে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। ভিডিও ফুটেজ ও ছবি দেখে নাশকতাকারীদের চিহ্নিত করা হচ্ছে। জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।”

জাহের উর রহমান বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে এই মুহূর্তে যেকোনো ধরনের সভা, সমাবেশ বা মিছিল সম্পূর্ণ বেআইনি। গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার মতো সহিংস কর্মকাণ্ড সরকার কোনোভাবেই সহ্য করবে না। তবে, পুলিশকে সবচেয়ে কম এবং অনুপাতসম্মত বল প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। স্বৈরাচারী সরকারের আমলে এই বল প্রয়োগ ছিল মাত্রাতিরিক্ত।”

Advertisement

উপদেষ্টা বলেন, “বিদেশে পলাতক নেতাদের নির্দেশে দেশে থাকা ‘নন-পলাতক’ আওয়ামী লীগ কর্মীরা যেসব কর্মকাণ্ড করছেন, তা ফৌজদারি অপরাধ। এ ধরনের অপরাধে জড়ালে তার চরম মাশুল তাদেরই দিতে হবে।”

গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “চুক্তির বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য নেই। তবে বাংলাদেশ তার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। আমরা কী চাই এবং কীভাবে চাই, তা যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে।”

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, “প্রত্যর্পণ চুক্তির আলোকেই সরকার আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত চেয়েছে। তার বিচার বাংলাদেশের প্রচলিত আইনেই সম্পন্ন হবে। সেক্ষেত্রে কোনো বিদেশি রাষ্ট্র শর্ত দেবেন-সেটা আমি মোটেই বিশ্বাস করি না।”