Advertisement

টিটন হত্যা মামলায় রিমান্ডে সুইডেন আসলাম

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

টিটন হত্যা মামলায় রিমান্ডে সুইডেন আসলাম
সুইডেন আসলামকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: চরচা

রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) হত্যা মামলায় শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Advertisement

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. ইরফান খান সুইডেন আসলামের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আজ বিকেল সাড়ে ৪টার দিকে সুইডেন আসলামকে আদালতে নেওয়া হয়। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানির আগে বিকেল পৌনে ৫ দিকে তাকে কড়া পুলিশি নিরাপত্তায় এজলাসে তোলা হয়। রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন আসামিকে রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন। আসামিপক্ষের অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে রিমান্ডের আদেশ দেন।

Advertisement

মামলা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাতে নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। টিটন হত্যার ঘটনায় তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।

এজাহারে বাদী উল্লেখ করেন, টিটন অতীতে পরিবারের আর্থিক ক্ষতির জন্য অনুশোচনা প্রকাশ করে বড় ভাইয়ের সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন। তিনি নতুন করে ব্যবসা শুরু করার চেষ্টা করছিলেন এবং একটি গরুর হাটের ইজারা কেনার কথা জানান।

এজাহারে ঘটনার পেছনে গরুর হাটের ইজারা নিয়ে বিরোধকে দায়ী করা হয়।

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম আলোচিত ব্যক্তি আসলাম দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান। তার প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। সুইডেন আসলামের পৈতৃক নিবাস ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকায় হলেও তিনি বেড়ে উঠেছেন রাজধানীর ইন্দিরা রোডে।