Advertisement

‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার
সুইডেন আসলাম। ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম তাকে গ্রেপ্তারের তথ্য চরচাকে নিশ্চিত করেছেন।

Advertisement

গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে তাকে বিমানবন্দরের ইমিগ্রেশনে আটক করা হয়। পরে তাকে ডিএমপিতে হস্তান্তর করা হয়।

Advertisement

শফিকুল ইসলাম বলেন, ‘‘শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে। থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।’’

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হন সুইডেন আসলাম। প্রায় ১৯ বছর কারাভোগের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান।

১৯৮৬ সালের পর থেকে একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এক পর্যায়ে তিনি কিছুদিন সুইডেনে অবস্থান করেন। দেশে ফেরার পর থেকে ‘সুইডেন’ শব্দটি তার নামের অংশ হয়ে যায়। হত্যা ও অস্ত্র আইনসহ নানা ধারায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। ২০২৪ সালে তিনি সব মামলায় জামিন পান।

২০০১ সালের ২৭ ডিসেম্বর সুইডেন আসলামসহ ২৩ শীর্ষ সন্ত্রাসীর একটি তালিকা প্রকাশ করে প্রশাসন। পরে ২০১০ সালে প্রকাশিত ৪২ জন শীর্ষ সন্ত্রাসীর নতুন তালিকাতেও তার নাম অন্তর্ভুক্ত ছিল।