বিদেশে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশে তাণ্ডব পরিস্থিতি সৃষ্টির চক্রান্তে লিপ্ত রয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
আজ রোববার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের অডিটরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জহির উদ্দিন বলেন, “শেখ হাসিনার সেই ষড়যন্ত্রের সুযোগ নিয়ে দেশে অবস্থানরত কিছু সন্ত্রাসী তাণ্ডব চালানোর চেষ্টা করছে। যদিও এই তাণ্ডব এখন পর্যন্ত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মধ্যেই অনেকটা সীমাবদ্ধ রয়েছে। এতে বোঝা যায়, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের সামাজিক ভিত্তি এই মুহূর্তে টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জের বাইরে তেমন নেই। তবে দেশে অবস্থানরত সন্ত্রাসীরা যে আমাদের জন্য হুমকি হতে পারে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।”
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, “আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনৈতিক নেতা হতে চাননি। আওয়ামী লীগের নেতৃত্বের ব্যর্থতার কারণে তাকে রাষ্ট্রের দায়িত্ব নিতে হয়েছিল।”
ডিসেম্বর মাসকে বিএনপির পক্ষ থেকে সাংগঠনিক মাস হিসেবে ঘোষণা করা হয়েছে জানিয়ে জহির উদ্দিন বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে দলের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা হবে। এ লক্ষ্যে দলের অভ্যন্তরীণ সাংগঠনিক আলোচনা ও পরামর্শ অনুযায়ী নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।”