Advertisement

ঐক্য প্রশ্নে সংলাপের টেবিলে যা রাখতে চায় এনসিপি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

ঐক্য প্রশ্নে সংলাপের টেবিলে যা রাখতে চায় এনসিপি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোগো। ছবি: সংগৃহীত

জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিতে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে সেই ঐক্যে যাওয়ার আগে সুনির্দিষ্ট কিছু বিষয়ে সরকারের আন্তরিকতার প্রমাণ দেখতে চায় দলটি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এ ঐক্যের ডাকে সাড়া দিয়ে সংলাপে বসছে তারা। তবে একই সঙ্গে এ ঐক্য যেন একটা উদ্ভুত পরিস্থিতির তাগিদে না হয়, সেদিকেও তারা নজর রাখবে। এ জন্য সংলাপের টেবিলে দরকষাকষির জন্য নিজেদের দাবিগুলোকে উপস্থাপন করবে দলটি।

Advertisement

জাতীয় ঐক্য প্রশ্নে প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের দাবি তাদের। এনসিপির মতে, জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার ত্বরাণ্বিত করাই হতে পারে জাতীয় ঐক্যের কার্যকর ভিত্তি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সংলাপের আহ্বানে সাড়া দিয়ে সোমবার তার সঙ্গে বৈঠকে বসছে এনসিপি। তবে দলটির নেতাদের বক্তব্যে স্পষ্ট, এই সংলাপে অংশ নেওয়া মানেই সরকারের জাতীয় ঐক্যের উদ্যোগে নিঃশর্ত সমর্থন নয়। বরং জুলাই গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সরকার তা বাস্তবায়নে কতটা প্রতিশ্রুতিবদ্ধ, সেটিই আলোচনায় যাচাই করতে চায় দলটি।

Advertisement

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রোববার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, “দেশে একটা সংকটকাল চলছে। দেশের সরকারপ্রধান যখন সংলাপের আহ্বান জানায়, তখন দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে অবশ্যই আমরা সেখানে সাড়া দেব। আমরা আসলে শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন। কীভাবে দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন, কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে চাচ্ছেন।”

তবে সংলাপের উদ্যোগকে অর্থবহ করতে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। নাহিদ বলেন, “জাতীয় ঐক্যের অবশ্যই সুস্পষ্ট ভিত্তি থাকতে হবে, অঙ্গীকার থাকতে হবে। বিগত সময়ে যে অঙ্গীকার সরকার ভঙ্গ করেছে, তার জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু করার মাধ্যমে জাতীয় ঐক্যের (প্রক্রিয়া) শুরু করতে হবে, যাতে আমরা আশ্বস্ত হই। আমাদের জায়গা থেকে আমরা সাজেশন দিয়ে আসব।

ঐক্যের প্রথম পরীক্ষা সংবিধান সংস্কার

এনসিপির আপত্তির কেন্দ্রে রয়েছে জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটি। দলটির নেতাদের অভিযোগ, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে একদলীয় কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ জাতীয় ঐকমত্যের ধারণার সঙ্গে সাংঘর্ষিক।

নাহিদ ইসলাম বলেন, “প্রথমেই যে একদলীয় সংবিধান সংশোধন কমিটি রয়েছে, সেটা অবিলম্বে ভেঙে দিতে হবে। কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। এই পদক্ষেপের মাধ্যমে জনগণ বুঝতে পারবে, আর রাজনৈতিক দলগুলোর কাছেও মেসেজ যাবে যে, সরকার আসলেই জাতীয় ঐকমত্য চাচ্ছে।”

এ ক্ষেত্রে সরকারের দ্বিমুখী অবস্থানের আশঙ্কাও প্রকাশ করেন নাহিদ ইসলাম। তার ভাষায়, “শুধু আওয়ামী লীগ ঠেকানোর জন্য ডিসেম্বরে ঐকমত্য চাইবে, আবার জানুয়ারিতে একদলীয় কমিটির রায় অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে, এ ধরনের কোনো জাতীয় ঐক্য প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।”

দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদের বক্তব্যেও একই অবস্থান উঠে এসেছে। তার মতে, আওয়ামী লীগবিরোধী অবস্থানের ভিত্তিতে সাময়িক রাজনৈতিক ঐক্য নয়, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের প্রশ্নেই ঐকমত্য প্রয়োজন।

চরচাকে আলী আহসান জুনায়েদ বলেন, “আঙ্গিক বলতে একটা হলো যে, ধরেন আওয়ামী লীগের বিরুদ্ধে বা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থানের জন্য–এই অবস্থান নেসেসারি বিষয় না। ঐক্য প্রয়োজন হলো রাষ্ট্রের একটা পরিবর্তনের জন্য, মানুষের আকাঙ্ক্ষার জন্য।”

সরকারের কাছে প্রথম পদক্ষেপ হিসেবে সংবিধান সংস্কার পরিষদের শপথ দাবি করে জুনায়েদ বলেন, “এই জিনিসগুলোর একটা স্টার্টিং আমরা দেখতে চাই যে, সরকার আসলেই আন্তরিক। ভাই, একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে চায় এবং রাষ্ট্রে এর সূচনা করতে চায়, যেটা গণভোটের মধ্য দিয়ে হইছে।”

এনসিপির এই নেতা বলেন, “প্রথম পদক্ষেপটা হলো–সংবিধান সংশোধনী কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণ করা। সরকারের এই আন্তরিকতাটা যদি সে দেখায়, তখন আমরা বুঝতে পারব যে–না, এবার সে সিরিয়াস।”

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও বিচার ও গণভোটের রায় বাস্তবায়নকে ঐক্যের পূর্বশর্ত হিসেবে দেখছেন। চরচাকে তিনি বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারই জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে।”

রাজনৈতিক উত্তেজনার মধ্যে ঐক্যের উদ্যোগ

জাতীয় ঐক্যের এই উদ্যোগের পেছনে সাম্প্রতিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিও গুরুত্বপূর্ণ। জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ভারতে আশ্রয় নিয়েছেন। আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেওয়ার পর বিভিন্ন জেলায় নাশকতা, ককটেল হামলা, যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দায়ী করে আসছে।

এমন পরিস্থিতিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান। একই দিন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে এ বিষয়ে একান্তে কথাও হয়।

পরদিন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট প্রধানমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানায়। জোটের পক্ষ থেকেও জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে গণভোটের রায় বাস্তবায়নের কথা বলা হয়েছে।

নাহিদ ইসলামের বক্তব্যেও গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং আসন্ন গঙ্গা চুক্তি নবায়নের মতো মৌলিক ইস্যুতে সরকারের অঙ্গীকারের বিষয়টি এসেছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে। তবে নাহিদ ইসলামের সঙ্গে আর কারা থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সারোয়ার তুষার। প্রতিনিধিদলের সদস্যদের নাম ঠিক করার কথা রয়েছে আজ রাতের সভায়।

সোমবার এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সংলাপ শুরু হচ্ছে। পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীসহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে সরকারের।

তবে এনসিপির অবস্থান থেকে বোঝা যাচ্ছে, দলটির কাছে সংলাপের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংলাপের পর সরকারের করণীয়। শুধু রাজনৈতিক উত্তেজনা মোকাবিলায় সাময়িক ঐক্য নয়, গণভোটের রায় মেনে রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া শুরু করলেই সরকারকে আন্তরিক মনে করবে তারা। ফলে সোমবারের বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্যের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থানও এনসিপির কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।