Advertisement

ঠান্ডা ভাত খেলে ওজন কমে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ঠান্ডা ভাত খেলে ওজন কমে?
ওজন কমাতে অনেকে ডায়েট থেকে ভাত বাদ দিয়ে দেন। ছবি: ম্যাগনেফিক

ওজন কমানোর জন্য অনেক ভাতপ্রেমী ‘বুকে পাথর বেঁধে’ একে পরিত্যাগ করেন। কারণ, এতে নাকি ক্যালরি অনেক এবং ওজন খুব দ্রুত বাড়ে। কথাটা পুরোপুরি ভুল নয়। তবে ভাতের ক্যালরি কমানোর এক অভিনব কৌশলের কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।

Advertisement

গবেষণায় দেখা গেছে, ভাত খাওয়ার আগে প্রায় ১২ ঘণ্টা ফ্রিজে রেখে দিলে এর ক্যালরি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। শ্রীলঙ্কার একদল গবেষক আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে এই তথ্য উপস্থাপন করেছেন। তাদের দাবি, এই পদ্ধতিতে ভাতের শ্বেতসার বা স্টার্চের গঠন এমনভাবে বদলে যায় যে, তা সহজে হজম হয় না। ফলে শরীর কম ক্যালরি শোষণ করে।

ঠান্ডা কার্বোহাইড্রেটের ভূমিকা

ভাতসহ অন্যান্য কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার আমাদের শরীরের প্রধান শক্তির উৎস। খাবার হজমের সময় এগুলো ভেঙে সরল শর্করায় রূপ নেয়। এর প্রয়োজনের অতিরিক্ত অংশ জমা থাকে এবং পরবর্তীতে গ্লুকোজে পরিণত হয়ে শক্তি জোগায়। কিন্তু রক্তে গ্লুকোজের মাত্রা দীর্ঘ সময় ধরে থাকলে তা চর্বি হিসেবে জমতে শুরু করে। তাই শরীর যাতে কম ক্যালরি শুষে নেয় এবং রক্তে শর্করার চাপ কম থাকে, সে লক্ষ্যে খাবারের গঠনে পরিবর্তন আনার চেষ্টা করছেন গবেষকেরা।

Advertisement

এর আগে যুক্তরাজ্যের গবেষকেরা দেখেছেন, পাস্তা সেদ্ধ করে ঠান্ডা করলে রক্তে গ্লুকোজের মাত্রা কমে। এমনকি পরে তা গরম করে খেলেও একই প্রভাব থাকে। শ্রীলঙ্কার গবেষকেরা ভাতের ক্ষেত্রেও একই ধরনের ফল পাওয়ার কথা বলছেন।

কীভাবে তৈরি হয় ‘রেজিস্ট্যান্ট স্টার্চ’?

গবেষকেরা ৩৮ জাতের চাল নিয়ে পরীক্ষা চালিয়েছেন, যাতে ভাতের ভেতর ‘রেজিস্ট্যান্ট স্টার্চ’ বা হজম-প্রতিরোধী শ্বেতসারের পরিমাণ সবচেয়ে বেশি বাড়ানো যায়। এই বিশেষ ধরনের শ্বেতসারকে পরিপাকতন্ত্রের এনজাইমগুলো সহজে ভাঙতে পারে না, ফলে শরীর কম ক্যালরি গ্রহণ করে। গবেষকদের প্রস্তাবিত পদ্ধতিটি হলো—এক চা-চামচ নারিকেল তেল দিয়ে প্রায় ৪০ মিনিট ভাত হালকা আঁচে সেদ্ধ করা, এরপর ঠান্ডা করে ১২ ঘণ্টা ফ্রিজে রাখা।

গবেষণা দলের সদস্য সুধীর জেমস ব্যাখ্যা করেন, ভাত রান্নার সময় জেল্যাটিনাইজেশন প্রক্রিয়ায় শ্বেতসারের দ্রবণীয় অংশ ‘অ্যামাইলোজ’ দানা থেকে বেরিয়ে আসে। ১২ ঘণ্টা ঠান্ডা অবস্থায় রাখলে দানার বাইরে থাকা অ্যামাইলোজ অণুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হয়, যা এটিকে রেজিস্ট্যান্ট স্টার্চে রূপান্তরিত করে। তার মতে, ফ্রিজে রাখার পর ভাত পুনরায় গরম করে খেলেও রেজিস্ট্যান্ট স্টার্চের এই গুণ নষ্ট হয় না। বর্তমানে তারা খতিয়ে দেখছেন কোন জাতের চাল এই প্রক্রিয়ায় সবচেয়ে ভালো কাজ করে এবং নারিকেল তেলের বদলে অন্য কোনো তেল ব্যবহার করা যায় কি না। অনেক গবেষক বলছেন, তেল ছাড়া রান্না করলেও একই ফল পাওয়া যাবে।

বিশেষজ্ঞদের মতামত ও খাদ্যনিরাপত্তা

ব্রিটিশ নিউট্রিশন ফাউন্ডেশনের সারাহ কো জানান, রেজিস্ট্যান্ট স্টার্চ অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে, হজমে সহায়তা করতে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে উপকারী হতে পারে। তবে এই প্রক্রিয়ায় তৈরি ভাত নিয়মিত খেলে শরীরে দীর্ঘমেয়াদে কী প্রভাব পড়ে, তা জানতে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন।

পাশাপাশি খাদ্যনিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন তিনি। রান্না করা ভাত ঘরের স্বাভাবিক তাপমাত্রায় দীর্ঘক্ষণ ফেলে রাখলে কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা রান্নার পরও টিকে থাকতে পারে এবং খাদ্য বিষক্রিয়ার ঝুঁকি বাড়ায়। তাই ভাত হয় গরম অবস্থায় পরিবেশন করা উচিত, নয়তো দ্রুত ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করা নিরাপদ।

ব্রিটিশ ডায়েটেটিক অ্যাসোসিয়েশনের মুখপাত্র প্রিয়া তেউ বলেন, গবেষণাটি বেশ আশাব্যঞ্জক হলেও এখনো মানুষের ওপর এর কোনো ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি। পর্যাপ্ত তথ্য না আসা পর্যন্ত সাধারণ নিয়মেই ভাত রান্না করার পরামর্শ দেন তিনি।

তথ্যসূত্র: বিবিসি