Advertisement

২৭ বছর জেলে, শেখ আসলাম কীভাবে হলেন সুইডেন আসলাম?

২৭ বছর জেলে, শেখ আসলাম কীভাবে হলেন সুইডেন আসলাম?
সুইডেন আসলাম। ছবি: সংগৃহীত

নাম শেখ মোহাম্মদ আসলাম, লোকে চেনে শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ নামে। ২৭ বছর কারাভোগ করে বের হওয়ার দুই বছর পর গতকাল রোববার আবারও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।

Advertisement

গতকাল দিবাগত রাত ২টায় ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে আসলামকে আটক করে পুলিশ। তিনি দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে পুলিশ জানিয়েছে। পরে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলায় তাকে আটক দেখানো হয়। দুই বছর আগে জামিনে মুক্তি পাওয়া আসলামের বিরুদ্ধে বর্তমানে শতাধিক অভিযোগ রয়েছে পুলিশের কাছে।

শেখ মোহাম্মদ আসলাম যেভাবে সুইডেন আসলাম

শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামের বাড়ি ঢাকার নবাবগঞ্জে। পিতা শেখ মোহাম্মদ জিন্নাত আলী। স্বাধীনতার পর থেকে আসলামের বাবা পরিবার নিয়ে ইন্দিরা রোড়ে থাকা শুরু করেন। সাত ভাই-বোনের মধ্যে আসলাম দ্বিতীয়। পড়েছেন তেজগাঁও পলিটেকনিক স্কুলে। এসএসসি পাশ করার পর ভর্তি হন তেজগাঁও কলেজে। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে উঠতেই জড়িয়ে পড়েন অপরাধে।

Advertisement

ঢাকার ফার্মগেট এলাকায় এক সময় নামকরা সন্ত্রাসী ছিলেন চাইনিজ। তার বোন ইতি ছিলেন সুইডেনপ্রবাসী। অপরাধ জগতের সূত্র ধরে প্রথমে চাইনিজের সহযোগী শাকিল এবং পরে চাইনিজের সাথে পরিচয় হয় আসলামের। চাইনিজের সাথে সখ্যতার সুবাদে পরে তার বোন ইতিকে বিয়ে করেন আসলাম। বিয়ের পর আসলাম ইতির সাথে সুইডেন চলে যান। সেখানে যাওয়ার পর আসলাম ও ইতির বিচ্ছেদ হয়। এরপর তিনি দেশে ফিরে আসেন। তখন থেকেই আসলামের নাম হয়ে যায় ‘সুইডেন আসলাম’।

স্কুল শিক্ষার্থী হত্যা দিয়ে শুরু

স্কুল শিক্ষার্থী শাকিলকে হত্যা করে খুনির খাতায় নাম লেখান আসলাম। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজার নাজনীন স্কুলের ভেতরে শাকিলকে তার মায়ের সামনে কুপিয়ে হত্যা করা হয়। তখন সুইডেন আসলামের সঙ্গে ছিলেন আরও পাঁচজন–পূর্ব রাজাবাজারের সুমন ওরফে চাংখা সুমন, ব্যাটারি বাবু ওরফে কিলার বাবু, মণিপুরিপাড়ার বিআরটিসি কোয়ার্টারের আমজাদ হোসেন, পূর্ব রাজাবাজারের বাবু এবং কলাবাগানের সাবু।

আসলামের সাথে বিচ্ছেদের পর ইতি দেশে এসে আরেক শীর্ষ সন্ত্রাসী মামুনকে বিয়ে করেন। এর জেরে মামুনকেও হত্যার অভিযোগ ওঠে আসলামের বিরুদ্ধে। ১৯৯৫ সালের মে মাসে মামুনকে সমঝোতার কথা বলে পুরান ঢাকার আরেক সন্ত্রাসী আগা শামীমের আস্তানায় ডাকেন আসলাম। মামুন সেখানে আরও দুই সন্ত্রাসী গোপাল কর ও নুরুল ইসলামকে নিয়ে যান। আসলামের লোকেরা সেখানেই তাদের তিনজনকে গুলি করে হত্যা করেন।

মামুন ও ইতির বিয়েতে সাহায্য করেছিলেন আসলামের সহযোগী বিপুল। এর জেরে মগবাজারের মধুবাগ মাঠে কুপিয়ে দুই হাত বিচ্ছিন্ন করে বিপুলকে হত্যা করেন আসলাম। বিপুলের সাথে সর্ম্পক থাকায় নিজেরই আরেক সহযোগী কিসলুকেও হত্যা করেন আসলাম।

আসলামের আরেক সহযোগী ছিলেন গাব্বু। আসলামের বিষয়ে পুলিশকে তথ্য দিয়েছিলেন গাব্বুর স্ত্রী আসমা। সে কারণে আসমাকে তেজগাঁও রেললাইনে গাব্বুর সামনেই গুলি করে হত্যা করেন আসলাম।

এভাবে হত্যা, চাঁদাবাজি, অপহরণ চালাতে থাকেন আসলামের। কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় ছিল তার প্রভাব। লাগাম টানতে চেয়েও পারছিল না পুলিশ। এভাবে ২১টি মামলা জমা হয় আসলামের নামে। এর মধ্যে ৮টি হত্যা মামলা। তবে ৯ নম্বর হত্যাকাণ্ডের পর আসলামের মুক্ত জীবনের ইতি ঘটে।

১৯৯৭ সালে ২৩ মার্চ তেজকুনিপাড়ায় নিজ বাসার সামনে যুবলীগ নেতা মাহমুদুল হক গালিবকে খুন করা হয়। গালিবের স্ত্রী শাহেদা নাসরিন শম্পা তেজগাঁও থানায় মামলা করেছিলেন। এ মামলার আসামি শাহীন আদালতে জবানবন্দিতে বলেন, সুইডেন আসলামের উপস্থিতিতে দেলু ও মাসুদ গুলি করে খুন করেন গালিবকে। ১৯৯৭ সালের ২৬ মে পুলিশের অভিযানে আটক হন সুইডেন আসলাম।

এর আগে ১৯৯৬ সালে ফার্মগেট এলাকায় আসলামকে ধরতে অভিযান চালায় পুলিশ। ওই সময়ে দুই হাতে দুটি পিস্তল থেকে গুলি করতে করতে মোটরসাইকেলে করে পালিয়ে যান সুইডেন আসলাম। তবে এক বছর পরই ধরা পড়েন পুলিশের জালে।

কারাগারে বসেও চালাতেন অপরাধজগত

কারাগারের ভেতর থেকে মুঠোফোনে তেজগাঁও এলাকার অপরাধজগত নিয়ন্ত্রণ করতেন আসলাম। বাইরে তার সহযোগী হিসেবে কাজ করতেন পিচ্চি হান্নান।

কারওয়ান বাজার ও তেজগাঁও শিল্পাঞ্চলের আড়তমালিক, গার্মেন্টস ব্যবসায়ী এবং জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে আসলামের নাম ব্যবহার করে চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে। আদায় করা অর্থের একটি অংশ কারাগারে আসলামের কাছে পৌঁছাত। বিভিন্ন সময়ে এসব বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

কারাগারের ভেতরেও একাধিকবার মারামারির ঘটনায় আলোচনায় আসেন আসলাম। তার সেল থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসব ফোনের মাধ্যমে বাইরে থাকা সহযোগীদের সঙ্গে যোগাযোগ এবং মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

২৭ বছর জেল খেটেও আগের অপরাধে

২৭ বছর জেল খাটার পর গত ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিন পান সুইডেন আসলাম। জেল থেকে বের হওয়ার পর তার বিরুদ্ধে বিভিন্ন থানায় শতাধিক অভিযোগ জমা পড়ে। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক টর্চার সেল পরিচালনার অভিযোগও রয়েছে।

তেজগাঁও এলাকায় আধিপত্যকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসী ক্যাপ্টেন ইমনের সাথে দ্বন্দ্ব ছিল সুইডেন আসলামের। গত ২৮ এপ্রিল কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বে খুন হন সন্ত্রাসী টিটন। ইমনের সহযোগী ছিলেন টিটন। ওই হত্যাকাণ্ডের অভিযোগেই গতকাল রোববার দিবাগত রাত ২টায় শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় সুইডেন আসলামকে।

আসলামকে আটক করার বিষয়টি চরচাকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন। তিনি জানান, আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন। তবে পুলিশের ধারণা, ব্যাংকক হয়ে তার মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল।