সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, এ থেকে কোনো বিচ্যুতি হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, পতিত স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দলীয় পরিচয় ও আদর্শিক মতভেদের ঊর্ধ্বে উঠে সবাই একজোট।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মাহাদী আমিন। তিনি জানান, বৈঠক হয়েছে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, যেখানে এমন একটি বাংলাদেশ গড়ার অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়েছে, যেখানে রাজনৈতিক সহাবস্থান, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধা প্রতিষ্ঠিত থাকবে। খবর বার্তা সংস্থা ইউএনবির।
মাহাদী আমিন বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও চার সদস্যের এনসিপি প্রতিনিধিদলের বৈঠক প্রমাণ করে, পতিত স্বৈরাচারী শক্তির বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধে সব গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী রাজনৈতিক শক্তি দলীয় পরিচয় ও আদর্শিক মতভেদের ঊর্ধ্বে উঠে একজোট।’’
বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, ‘‘নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, এ থেকে কোনো বিচ্যুতি হবে না।’’ সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি জানান, বর্তমান সংসদের প্রথম অধিবেশনেই ১০০টিরও বেশি অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে দুপুর ১টা ২০ মিনিটে শুরু হয়ে বৈঠক ২টা পর্যন্ত চলে।
বৈঠক-পরবর্তী ব্রিফিংয়ে মাহদী আমিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সব শ্রেণি, পেশা, ধর্ম ও রাজনৈতিক বিশ্বাসের মানুষ একত্র হয়েছিল, যেখানে স্বপ্ন ছিল এমন এক গণতান্ত্রিক বাংলাদেশের, যেখানে মানবাধিকার, আইনের শাসন ও স্বাধীনতা নিশ্চিত থাকবে। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে রাষ্ট্রের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের অধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে—এটাই বিএনপির বিশ্বাস।
পিএমও মুখপাত্র জানান, আলোচনায় আর্থসামাজিক উন্নয়ন, স্থানীয় শিল্প সুরক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিসহ জাতীয় নানা বিষয় উঠে আসে।
এনসিপি প্রতিনিধিদল সরকারের সামনে কোনো শর্ত রেখেছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, কোনো শর্ত ছিল না। মাহদী আমিন বলেন, “প্রতিনিধিদল তাদের বিষয়গুলো তুলে ধরেছে, আর প্রধানমন্ত্রী সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন। এটি ছিল স্বাভাবিক মতবিনিময়।”
নতুন করে ঐক্য গড়ার প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানেই ঐক্য তৈরি হয়েছে। এখন কাজ হলো সেটিকে আরও সুসংহত করা।