চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে মোট ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, যা মোট আবেদনকারীর ১১ দশমিক ৪৫ শতাংশ।
আজ সোমবার বেলা ৩টায় এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়। খবর বাসসের।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ফলাফলের ওয়েবসাইট (https://eduboardresults.gov.bd/) এবং আবেদনকারীর দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে এ ফল জানতে পারবেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরিসংখ্যান অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি পত্রের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ২ লাখ ৬১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী ১০ লাখ ১৯ হাজার ৭৮০টি পত্রের জন্য আবেদন করেন। তাদের মধ্যে ২৮ হাজার ৩৬১ জনের (১০ দশমিক ৮৩ শতাংশ) ফল পরিবর্তন হয়েছে।
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বাধিক ফল পরিবর্তন হয়েছে ময়মনসিংহ বোর্ডে। এ বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন আবেদনকারীর (৭১ হাজার ৭৬২টি পত্র) মধ্যে ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে, যা শতকরা হিসাবে ৪৪ দশমিক ১৯ শতাংশ।
এ ছাড়া ঢাকা বোর্ডে ৫ হাজার ৮৫৩ জন, কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৮৬০ জন এবং কুমিল্লা বোর্ডে ৩ হাজার ৬৫ জনের ফল পরিবর্তন হয়েছে।
বরিশালে ২ হাজার ৭৭২ জন, দিনাজপুরে ২ হাজার ২৪৮ জন, চট্টগ্রামে ২ হাজার ৪৩ জন, যশোরে ১ হাজার ৯০৯ জন, সিলেটে ১ হাজার ৩৫৩ জন, মাদরাসা বোর্ডে ১ হাজার ১২৮ জন এবং রাজশাহীতে ৭৭৯ জনের ফল পরিবর্তন হয়েছে।