Advertisement

সাইবার আইনের সংশোধনী নিয়ে অ্যামনেস্টির উদ্বেগ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

সাইবার আইনের সংশোধনী নিয়ে অ্যামনেস্টির উদ্বেগ
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাইবার আইন এবং প্রস্তাবিত সংশোধনীগুলো মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করতে পারে এবং কর্তৃপক্ষকে অতিরিক্ত ক্ষমতা দিতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

Advertisement

সংস্থাটির মতে, প্রস্তাবিত নতুন খসড়া ‘সাইবার প্রটেকশন (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’ অনুযায়ী, সরকারি সংস্থাগুলো যেকোনো অনলাইন কনটেন্ট সরিয়ে ফেলা, ব্লক করা বা স্থানান্তর করার মতো বিস্তৃত ক্ষমতা পাবে। এতে কনটেন্ট নিয়ন্ত্রণের যেসব কারণ উল্লেখ করা হয়েছে, তার সংজ্ঞা অত্যন্ত অস্পষ্ট এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের দৃষ্টিতে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করার ক্ষেত্রে এগুলো বৈধ কারণ হিসেবে গণ্য হয় না।

প্রস্তাবিত এই সংশোধনীতে ‘মানহানি’, ‘অপমান’ বা ‘হয়রানি’ (বুলিং) সংক্রান্ত কনটেন্ট সরিয়ে ফেলা, ব্লক করা বা স্থানান্তরের বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। কিন্তু আইনে এসব বিষয়ের সংজ্ঞা বেশ অস্পষ্ট ও অতিবিস্তৃত রাখা হয়েছে। অ্যামনেস্টির আশঙ্কা এর ফলে সাধারণ মানুষের বৈধ মতপ্রকাশের বিরুদ্ধে অপব্যবহার হওয়ার সুযোগ তৈরি হবে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক স্মৃতি সিং বলেছেন, “আন্তর্জাতিক মানবাধিকার আইন অত্যন্ত স্পষ্ট। মতপ্রকাশের স্বাধীনতার অধিকারই মূল নিয়ম হওয়া উচিত, আর সীমাবদ্ধতা হবে ব্যতিক্রম। সীমাবদ্ধতাগুলোর সংকীর্ণতা ব্যাখ্যা করতে হবে এবং এমনভাবে প্রয়োগ করা যাবে না যা এই অধিকারের চর্চাকে ক্ষুণ্ণ করে। যেকোনো সীমাবদ্ধতাকে অবশ্যই বৈধতা, বৈধ উদ্দেশ্য, প্রয়োজনীয়তা এবং আনুপাতিকতার সম্মিলিত শর্ত পূরণ করতে হবে।”

Advertisement

স্মৃতি সিং আরও বলেন, “খসড়া সাইবার প্রটেকশন (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্টের বিধানগুলো এসব শর্ত পূরণে অনেক পিছিয়ে আছে। এর পরিবর্তে অস্পষ্টভাবে লেখা কিছু বিধানের মাধ্যমে এটি কর্তৃপক্ষকে অনলাইন মতপ্রকাশ দমনের অতিমাত্রায় ব্যাপক ক্ষমতা দিচ্ছে। বাংলাদেশের এমন একটি সাইবার আইন প্রণয়নের চেষ্টা করা উচিত যা নাগরিকদের সুরক্ষা দেয়, তাদের কণ্ঠরোধ করে না।”

অবিলম্বে প্রস্তাবিত সংশোধনী প্রত্যাহার করে, ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসসহ (আইসিসিপিআর) আন্তর্জাতিক মানবাধিকারের আওতায় বাংলাদেশের অঙ্গীকারগুলো পুরোপুরি মেনে চলার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

গত সেপ্টেম্বর মাসে প্রথম প্রকাশিত খসড়া প্রস্তাবগুলোর একটি হালনাগাদ সংস্করণ হলো এই নতুন খসড়াটি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আগের খসড়াটি নিয়েও বাংলাদেশের আইনমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে গভীর উদ্বেগ জানিয়েছিল।