ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানের পরিপ্রেক্ষিতে প্রথম দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেছে সরকার। তবে বৈঠকে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে দুই পক্ষের অবস্থানে মিল থাকলেও সেই ঐক্যের ভিত্তি, সংস্কার বাস্তবায়নের পদ্ধতি এবং সংবিধান সংশোধন প্রক্রিয়া নিয়ে এনসিপির পক্ষ থেকে একাধিক শর্ত ও প্রস্তাব এসেছে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ৩৫ মিনিটের বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে জাতীয় ঐক্যের ভিত্তি করতে হবে। অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই গণতন্ত্রকামী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। নতুন করে ঐক্য হওয়ার কিছু নেই; বরং বিদ্যমান ঐক্যকে আরও সুসংহত করতে চায় সরকার।
দুই পক্ষের বক্তব্যে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার বিষয়ে একমত হওয়ার বিষয়টি স্পষ্ট হলেও ঐক্য প্রতিষ্ঠার প্রক্রিয়া এবং এর রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তি নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি উঠে এসেছে।
গত ১৮ নভেম্বর সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও সহিংসতার পরিপ্রেক্ষিতে তার এই আহ্বান আসে। একই দিন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেন। এর ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে প্রথমে এনসিপির সঙ্গে বৈঠক হয়।
বৈঠকে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদলে ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।
ঐক্যের ভিত্তি নিয়ে এনসিপির প্রস্তাব
এনসিপির পক্ষ থেকে জাতীয় ঐক্যের জন্য কয়েকটি সুনির্দিষ্ট বিষয় তুলে ধরা হয়। দলটির মতে, শুধু ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ভিত্তিতে ঐক্য যথেষ্ট নয়। গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, সংস্কার বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নেও রাজনৈতিক দলগুলোর অভিন্ন অবস্থান প্রয়োজন।
নাহিদ ইসলাম বলেন, “নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি, বিচার বিষয়ে আপসকামিতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার ফলেই আজকের এই সংকট তৈরি হয়েছে।”
আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্রের বক্তব্যে মূলত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা ঐক্য এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর সম্মিলিত অবস্থানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সংস্কারের প্রশ্নে এনসিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি বর্তমান সংবিধান সংশোধন কমিটি বাতিল করা। নাহিদ ইসলাম এই কমিটিকে ‘একদলীয়’ আখ্যা দিয়ে বলেন, “এই কমিটি সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।”
বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং গণভোট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। এর আগে রোববার যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর তিনি বলেছিলেন, জাতীয় ঐকমত্যের শুরুতে সরকারের পক্ষ থেকে অতীতের অঙ্গীকার ভঙ্গের জন্য ক্ষমা চাওয়া এবং সংবিধান সংশোধন কমিটি বাতিলের মতো পদক্ষেপ প্রয়োজন।
অন্যদিকে সরকারের অবস্থান তুলে ধরে মাহদী আমিন বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতিতে কোনো বিচ্যুতি নেই। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও সেটা বলেছেন যে বিএনপি সরকার ‘নোট অফ ডিসেন্টের’ মতো করে যেভাবে আমরা নির্বাচনি ম্যানিফেস্টোতে এবং নির্বাচনী পথযাত্রায় জুলাই সনদে স্বাক্ষর করেছিল, সেটাকে শতভাগ ইনশাআল্লাহ বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে ন্যূনতম কোনো বিচ্যুতি নেই।”
সরকার গঠনের পর সংসদের প্রথম অধিবেশনে শতাধিক অধ্যাদেশ আইনে পরিণত করার বিষয়টিও সংস্কার কার্যক্রমের অগ্রগতি হিসেবে তুলে ধরেন তিনি। তার ভাষায়, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং সেটা অবশ্যই আমরা নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ইনশাল্লাহ বাস্তবায়ন করব।”
এখানে মূল পার্থক্যটি হচ্ছে, এনসিপি সংবিধান সংশোধন কমিটির কাঠামো ও সংবিধান সংস্কার পরিষদের শপথকে সংস্কার বাস্তবায়নের পূর্বশর্ত হিসেবে দেখছে। সরকার বলছে, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।
বিচার ও নিরাপত্তা নিয়েও দাবি
আওয়ামী লীগের বিচার এবং জুলাই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তার বিষয়েও সরকারের কাছে প্রস্তাব দিয়েছে এনসিপি। দলটির আহ্বায়ক আওয়ামী লীগের বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানো এবং শেখ হাসিনা ও ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে ঘোষিত রায় কার্যকরের দাবি জানান।
একই সঙ্গে জুলাই যোদ্ধাদের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশনা দেওয়ার আহ্বান জানান তিনি। এনসিপির মতে, রাজনৈতিক ঐক্যের পাশাপাশি অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা ও পুনর্বাসনের বিষয়টিও গুরুত্ব পাওয়া প্রয়োজন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্রও পলাতক স্বৈরাচারের অনুসারীদের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যবদ্ধ অবস্থানের কথা বলেন। মাহদী আমিন বলেন, “আমরা বিশ্বাস করি যে, যেকোনো দেশে যারা পলাতক স্বৈরাচারের প্রতি অপশক্তি রয়ে গিয়েছে। সেখান থেকে কোনো ধরনের অস্থিতিশীলতা বাংলাদেশে যেন তৈরি করা না হয়।”
তার বক্তব্যে সরকারের মূল মনোযোগ ছিল সহিংসতা ও নাশকতা মোকাবিলা এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর অভিন্ন অবস্থান তুলে ধরা।
পররাষ্ট্রনীতি ও সার্বভৌমত্বের প্রশ্ন
ভারতের ভূমিকা এবং গঙ্গা চুক্তির নবায়নের বিষয়টিও তুলে ধরে এনসিপি। নাহিদ ইসলাম অভিযোগ করেন, ভারত আওয়ামী লীগকে তাদের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী কার্যক্রম চালানোর সুযোগ দিচ্ছে। সীমান্তের ওপারে সমাবেশ এবং বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়ে ভুল তথ্য প্রচারের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
এর বিপরীতে ভারতে সংখ্যালঘু নির্যাতন এবং আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও সম্পত্তি দখলের তথ্য আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার প্রস্তাব দেন তিনি। পাশাপাশি আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা চুক্তির নবায়নে পানির ন্যায্য হিস্যা আদায়ে আপস না করার আহ্বান জানান।
আধিপত্যবাদ প্রশ্নে জুলাই অভ্যুত্থানের সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে নিয়ে দীর্ঘমেয়াদি রোডম্যাপ এবং যৌথ জাতীয় পররাষ্ট্রনীতি প্রণয়নের প্রস্তাবও দেন এনসিপি আহ্বায়ক।
আলোচনার পরও বাকি বাস্তবায়নের প্রশ্ন
বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, “কেবল আলোচনা নয়, সরকারের দৃশ্যমান পদক্ষেপ ও অ্যাকশনের ওপরই এই বৈঠকের সফলতা নির্ভর করবে।”
অন্যদিকে মাহদী আমিনের বক্তব্যে নতুন করে ঐক্য গঠনের চেয়ে আগে থেকে থাকা ঐক্যকে সুসংহত করার বিষয়টি প্রাধান্য পেয়েছে। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি , সেই জুলাই-অগাস্টেই কিন্তু আমাদের একটা ঐক্য ফুটে উঠেছিল।” তিনি আরও বলেন, মত ও পথের পার্থক্যের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী অবস্থানে রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ রয়েছে।
ফলে বৈঠকে জাতীয় ঐক্যের প্রশ্নে দুই পক্ষের মধ্যে যোগাযোগ ও আলোচনার একটি সূচনা হলেও এনসিপির উত্থাপিত শর্তগুলোর বিষয়ে দৃশ্যমান কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি। বিশেষ করে সংবিধান সংশোধন কমিটির ভবিষ্যৎ, সংবিধান সংস্কার পরিষদের শপথ, বিচার কার্যক্রমের অগ্রগতি এবং পররাষ্ট্রনীতির প্রস্তাবগুলো নিয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ কী হয়, তার ওপরই আলোচনার বাস্তব অগ্রগতি নির্ভর করবে।