Advertisement

স্মার্টফোন থেকে বৈদ্যুতিক গাড়ি: ব্যাটারির দুনিয়ায় চলে কার খবরদারি?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

স্মার্টফোন থেকে বৈদ্যুতিক গাড়ি: ব্যাটারির দুনিয়ায় চলে কার খবরদারি?
বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে স্মার্টফোন, ল্যাপটপ, এমনকি সৌরবিদ্যুৎ সংরক্ষণসহ সব ক্ষেত্রেই ব্যাটারির ব্যবহার বাড়ছে। ছবি: এআই দিয়ে তৈরি

বর্তমানে বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে স্মার্টফোন, ল্যাপটপ, এমনকি সৌরবিদ্যুৎ সংরক্ষণসহ সব ক্ষেত্রেই ব্যাটারির ব্যবহার বাড়ছে। এ কারণে বিশ্বজুড়ে ব্যাটারির বাজারও দ্রুত বড় হচ্ছে। তাই এই বাজারের নিয়ন্ত্রণ নিয়ে চলছে বড় ধরনের প্রতিযোগিতা।

Advertisement

আন্তর্জাতিক থিংকট্যাঙ্ক কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস বলছে, এই প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে চীন। বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাটারি নির্মাতাদের তালিকায় দেশটির একাধিক কোম্পানি রয়েছে। চীনের পরেই রয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিষ্ঠানগুলো।

তবে কোন দেশ ব্যাটারি উৎপাদনে এগিয়ে রয়েছে, সেই পরিসংখ্যানের পাশাপাশি গুরুত্বপূর্ণ হলো–কারা সবচেয়ে ভালো মানের ব্যাটারি বানায়। তাছাড়া চীনের প্রতিষ্ঠানগুলোর অগ্রগতির পেছনের কারণগুলোও জানা প্রয়োজন।

ব্যাটারি উৎপাদনে এগিয়ে কারা?

Advertisement

কার্নেগি এনডাউমেন্ট বলছে, এ ক্ষেত্রে সবার আগে আলোচনা করতে হবে চীনকে নিয়ে। কারণ, চীন বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি উৎপাদনকারী, ব্যবহারকারী এবং এ খাতে নতুন প্রযুক্তি উদ্ভাবনকারী দেশ। চীনের অর্থনীতির সঙ্গে বাজারভিত্তিক অর্থনীতির দেশগুলোর সরাসরি তুলনা করা কঠিন। তবে ব্যাটারি শিল্পে চীনের সাফল্য থেকে শিল্প খাতের উন্নয়নে সরকারের ভূমিকা কী হতে পারে, সে সম্পর্কে ভালো ধারণা পাওয়া যেতে পারে।

দক্ষিণ কোরিয়া ও জাপানের অভিজ্ঞতাও এ ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। এক সময় এই দুই দেশ ব্যাটারি প্রযুক্তিতে এগিয়ে ছিল। কিন্তু পরে দুই দেশের পথ ভিন্ন দুটি দিকে চলে গেছে। দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো বিদেশের বাজারে প্রবেশের সুযোগ তৈরি করতে জোরাল পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, জাপানের প্রযুক্তি নীতিতে স্পষ্ট দিকনির্দেশনার অভাব ছিল। ফলে ব্যাটারি শিল্পে জাপানি কোম্পানিগুলো প্রতিযোগীদের তুলনায় পিছিয়ে পড়েছে।

এদিকে, বড় বাজার থাকলেও নিজেদের শক্তিশালী ব্যাটারি কোম্পানি না থাকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের পরিস্থিতিও কিছুটা একই রকম। তবে যুক্তরাষ্ট্রের ব্যাটারি শিল্পে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, কানাডা ও ভারতকে ভবিষ্যতে নজরে রাখার মতো সম্ভাবনাময় বাজার হিসেবে দেখা হচ্ছে। তবে এই দুই দেশেই ব্যাটারি উৎপাদন ও সংশ্লিষ্ট শিল্পের কারখানা নিজ দেশে গড়ে তোলার কাজ বেশ কঠিন হয়ে উঠেছে।

চীন কীভাবে উৎপাদন বাড়িয়েছে?

কার্নেগি এনডাউমেন্ট বলছে, গত দুই দশকে শিল্প খাতের উন্নয়নে নানা নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে চীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সমন্বিত ব্যাটারি উৎপাদনব্যবস্থা গড়ে তুলেছে। ব্যাটারির সেল উৎপাদন এবং এর জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান তৈরিতে দেশটির কোম্পানিগুলো আধিপত্য দেখাচ্ছে। এমনকি নতুন প্রজন্মের ব্যাটারি প্রযুক্তি বাজারে আনার ক্ষেত্রেও চীন দ্রুত এগিয়ে যাচ্ছে।

২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ব্যাটারি শিল্পে সরকারের সহায়তা আরও বাড়ানোর কথা রয়েছে। তবে এবার সরকারের বিশেষ গুরুত্ব পাবে সলিড-স্টেট ব্যাটারি প্রযুক্তি। অন্যদিকে, লিথিয়াম আয়রন ফসফেট বা এলএফপি ব্যাটারির উৎপাদন খাতকে ধীরে ধীরে বাজারের চাহিদা ও প্রতিযোগিতার ওপর ছেড়ে দেওয়া হবে।

চীনের ব্যাটারি শিল্পে অতিরিক্ত উৎপাদন নিয়ে উদ্বেগও বাড়ছে। এ পরিস্থিতিতে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা ও অতিরিক্ত উৎপাদন কমানোর কথা বলছে দেশটির সরকার। এরই মধ্যে নিম্নমানের ব্যাটারির অতিরিক্ত উৎপাদন কমানোর উদ্যোগ শুরু হয়েছে। তবে এসব পদক্ষেপের কারণে বিশ্বব্যাপী ব্যাটারি উৎপাদনে চীনের অবস্থান বদলে যাওয়ার সম্ভাবনা নেই বলে মত বিশেষজ্ঞদের।

কার্নেগি এনডাউমেন্ট জানিয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রেও ব্যাটারি প্রযুক্তি নিয়ে নিয়ন্ত্রণ বাড়াচ্ছে বেইজিং। এ কারণে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি এবং বেশি শক্তি ধারণক্ষমতার ব্যাটারি রপ্তানিতে নতুন করে নিয়ন্ত্রণ আরোপ করছে দেশটি। এর মানে হলো, উন্নত ব্যাটারি প্রযুক্তি ও উৎপাদনের যন্ত্রপাতি চীনের বাইরে যাওয়ার ক্ষেত্রে আরও কঠোর নিয়ন্ত্রণ রাখতে চায় চীনের সরকার।

এতে বিদেশে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে চীনা ব্যাটারি কোম্পানিগুলোর কিছু সীমাবদ্ধতা তৈরি হবে মনে করেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে উন্নত মানের চীনা ব্যাটারি ও প্রযুক্তি পাওয়ার সুযোগ কমে যেতে পারে উন্নত অর্থনীতির দেশগুলোর।

দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি কী

ব্যাটারি উৎপাদন ও সরবরাহে চীনের পরের অবস্থানেই দক্ষিণ কোরিয়া। বিশ্বের শীর্ষ ১০টি ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে দেশটির তিনটি বড় কোম্পানি রয়েছে।

কার্নেগি এনডাউমেন্ট বলেছে, সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সহযোগিতার কারণে দেশটির ব্যাটারি শিল্প এগিয়ে গেছে। বিশেষ করে নতুন প্রযুক্তির উদ্ভাবন এবং বিনিয়োগের ক্ষেত্রে সরকার ও কোম্পানিগুলো একসঙ্গে কাজ করেছে।

দক্ষিণ কোরিয়ার আরেকটি বড় শক্তি হলো দেশটির বড় বড় শিল্পগোষ্ঠী, যেগুলো ‘চেবোল’ নামে পরিচিত। এসব শিল্পগোষ্ঠী নিজেদের প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে ব্যাটারি খাতের বিশেষজ্ঞ ও নতুন প্রযুক্তি নিয়ে কাজ করা ছোট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করে। প্রয়োজনে এসব প্রতিষ্ঠান কিনেও নেয়। এর ফলে দেশের ভেতরে ও আন্তর্জাতিক বাজারে তাদের অবস্থান শক্তিশালী হয়েছে।

তবে ব্যাটারি প্রযুক্তি ও উৎপাদনে বিশ্বের দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ কোরিয়ার এই সাফল্য এখন ঝুঁকির মুখে। ব্যাটারি শিল্প নিয়ে সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার এই সফল শিল্পব্যবস্থার মধ্যে কিছু দুর্বলতা তৈরি হয়েছে। এর মধ্যে ব্যাটারি তৈরির গুরুত্বপূর্ণ কাঁচামালের জন্য অন্য দেশের ওপর নির্ভরশীলতার বিষয়টিও রয়েছে। এ ছাড়া বিভিন্ন দেশের নীতিগত পরিবর্তন এবং ভূরাজনৈতিক সংকটের কারণেও দেশটির ব্যাটারি শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

কার্নেগি এনডাউমেন্ট জানায়, এই পরিস্থিতি মোকাবিলায় নিজেদের মতো করে উদ্যোগ নিচ্ছে সিওল। গত সেপ্টেম্বরে দেশটির সরকার সোডিয়াম-আয়ন ও অল-সলিড-স্টেট ব্যাটারির প্রযুক্তি উন্নয়নে ২৮ কোটি ৯০ লাখ ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

চীনের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা এবং গুরুত্বপূর্ণ কয়েকটি বাজারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি কমে যাওয়ার কারণে ব্যাটারি শিল্পে যে চাপ তৈরি হয়েছে, তা মোকাবিলা করতেই এই বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

তবে বিশ্লেষকরা জানিয়েছেন, এই পরিকল্পনায় সফল হতে শুধু নতুন প্রযুক্তি উদ্ভাবন করলেই হবে না। ব্যাটারি তৈরির বিভিন্ন ধাপে উৎপাদন বাড়ানো এবং নতুন প্রযুক্তিগুলো বাজারে ছড়িয়ে দিতে দক্ষিণ কোরিয়ার শক্তিশালী বিদেশি অংশীদারও প্রয়োজন।

চেবোল যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে এ ধরনের অংশীদারত্ব গড়ে তুলতে শুরু করেছে। বিশেষজ্ঞদের পরামর্শ, এই উদ্যোগ আরও জোরদার করতে হবে এবং যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপ ও ভারতেও ছড়িয়ে দিতে হবে।

যুক্তরাষ্ট্রের সম্ভাবনা কতটুকু?

কার্নেগি এনডাউমেন্ট বলছে, যুক্তরাষ্ট্রের ব্যাটারি শিল্প এখন এক গুরুত্বপূর্ণ সময় পার করছে। দেশটির রাজনীতি, সরকারি নীতি এবং বাজারের পরিস্থিতিতে পরিবর্তন আসায় এই শিল্পও নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

২০১০-এর দশকে ব্যাটারি শিল্পে যুক্তরাষ্ট্রের নেওয়া কিছু উদ্যোগ সফল হয়নি। তবে গত পাঁচ বছরে সরকার এ খাতে সক্রিয়ভাবে সহায়তা দেওয়ায় আবারও ব্যাটারি উৎপাদন বাড়তে শুরু করেছে। পাশাপাশি, নতুন প্রজন্মের ব্যাটারি প্রযুক্তি নিয়ে কাজ করছে–এমন অনেক নতুন প্রতিষ্ঠানও গড়ে উঠেছে।

কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার এখন বৈদ্যুতিক গাড়িকে (ইভি) আগের মতো গুরুত্ব দিচ্ছে না। বরং বিদ্যুৎ সংরক্ষণের জন্য ব্যবহৃত ব্যাটারি, প্রতিরক্ষা খাতের প্রয়োজন এবং দেশের ভেতরে খনিজ উৎপাদন বাড়ানোর দিকে বেশি মনোযোগ দিচ্ছে।

সম্প্রতি বৈদ্যুতিক গাড়ি কেনার ক্ষেত্রে সরকারি ভর্তুকি তুলে নেওয়া হয়েছে। এতে এসব গাড়ির চাহিদাও কমেছে। ফলে যুক্তরাষ্ট্র এখন নিজেদের ব্যাটারির চাহিদা দেশের ভেতরেই মেটানোর পথে এগোচ্ছে। এ ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার বড় বড় কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগ এবং তাদের বিভিন্ন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তবে শুল্কের হার এবং সরকারের অর্থনৈতিক নীতিতে বারবার পরিবর্তন আসায় পুরনো ও নতুন–দুই ধরনের প্রতিষ্ঠানকেই তাদের ব্যবসা ও বিনিয়োগ পরিকল্পনা বদলাতে হচ্ছে।

তাছাড়া যুক্তরাষ্ট্রে এখন নিজেদের প্রয়োজন মেটানোর মতো ব্যাটারি উৎপাদনের সক্ষমতা তৈরি হচ্ছে। তবে এতে নতুন প্রজন্মের ব্যাটারি প্রযুক্তির বাজার সীমিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ড্রোন ও প্রতিরক্ষা খাতের বিশেষ কিছু ব্যবহার ছাড়া এসব নতুন প্রযুক্তির জন্য বড় বাজার তৈরি করা কঠিন হতে পারে। তার মানে, প্রচলিত ব্যাটারি প্রযুক্তির ওপর নির্ভরতা আরও বেড়ে যেতে পারে।

তবে ড্রোন ও প্রতিরক্ষা খাতের মতো নতুন ক্ষেত্রগুলোর কারণে ভবিষ্যতে ব্যাটারির চাহিদা বাড়তে পারে। পাশাপাশি, সরকার এ খাতে আরও সহায়তা দিলে নতুন প্রজন্মের ব্যাটারি প্রযুক্তির বিকাশ ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।

ভারত কি আরেক প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে?

ভারতে ব্যাটারি উৎপাদন দিন দিন বাড়ছে। ফলে বিশ্ববাজারেও দেশটিরও অবস্থান ওপরের দিকে এগোচ্ছে। তবে দেশটির শিল্পনীতি এখনো নিজস্ব ও নিরাপদ ব্যাটারি উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে খুব বেশি ভূমিকা রাখতে পারেনি।

কার্নেগি এনডাউমেন্ট বলছে, ভারতের ব্যাটারি শিল্পের অগ্রগতির পেছনে কয়েকটি বিষয় কাজ করছে। এর মধ্যে রয়েছে বড় অভ্যন্তরীণ বাজার, পুরনো ও বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর দক্ষতা, আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং বিভিন্ন রাজ্যের সফল শিল্পনীতি।

তবে বেশিরভাগ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে নতুন প্রযুক্তি উদ্ভাবন এখনো তেমন গুরুত্ব পাচ্ছে না। বিশেষজ্ঞদের পরামর্শ, বিদেশি কোম্পানির কাছ থেকে প্রযুক্তি নেওয়ার ওপর নির্ভরতা কমাতে সরকারের আরও বিনিয়োগ ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে চীনের কোম্পানিগুলোর প্রযুক্তির ওপর নির্ভরতা কমানো জরুরি। কারণ, এসব কোম্পানির অনেকের ওপর বিদেশে প্রযুক্তি রপ্তানির ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে।

কার্নেগি এনডাউমেন্টের ভাষ্য, চলতি দশকের বাকি সময়ে ব্যাটারি সংরক্ষণের চাহিদা বৃদ্ধি, চীনকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা এবং দেশের ভেতরে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ার ফলে ভারতের ব্যাটারি শিল্পে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। এসব বিষয় একে অন্যের পরিপূরক হয়ে শিল্পটির প্রবৃদ্ধি আরও বাড়াতে পারে।

তবে বিশ্ববাজারে প্রতিযোগিতা করার মতো ব্যাটারি উৎপাদন ও প্রযুক্তি উদ্ভাবনের পরিবেশ গড়ে তুলতে হলে ব্যবসার পরিবেশ উন্নত করতে হবে। পাশাপাশি নতুন ব্যাটারি সরবরাহব্যবস্থা, উন্নত ব্যাটারি প্রযুক্তি এবং চীনা প্রতিযোগিতার মোকাবিলার জন্য প্রয়োজনীয় গবেষণায় সরকারকে স্পষ্ট পরিকল্পনা নিয়ে সহায়তা দিতে হবে।