Advertisement

পোশাক শ্রমিকদের বেতন: কতটা এগোল মজুরি বোর্ড?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

পোশাক শ্রমিকদের বেতন: কতটা এগোল মজুরি বোর্ড?
সোমবার মজুরি বোর্ডের বৈঠকের পর ব্রিফিংয়ে কথা বলে সংশ্লিষ্ট পক্ষগুলো। ছবি: চরচা

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান রয়েছে। মালিকপক্ষের দেওয়া প্রস্তাব শ্রমিকদের দাবির ‘ধারেকাছেও’ নেই বলে জানিয়েছেন শ্রমিকপক্ষ। আর মালিকরা বলছে, সোনার ডিম দেওয়া হাঁস অসুস্থ হয়ে তার কাছে কী আশা করা যায়।

Advertisement

আজ সোমবার টানা চার ঘণ্টার বৈঠকেও ন্যূনতম মজুরি চূড়ান্ত করতে পারেনি মজুরি বোর্ড।

বিকেল সাড়ে ৪টার দিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, “আজকের সভায় মালিকপক্ষ নতুন একটি মজুরি প্রস্তাব জমা দিয়েছে। তবে প্রস্তাবের অঙ্কটি এখনই প্রকাশ করতে চান না তারা। মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকপক্ষের কাছে যুক্তিসংগত মনে হয়নি। তাদের প্রস্তাব আমাদের দাবির ধারেকাছেও নেই। এ নিয়ে আরও আলোচনা প্রয়োজন।”

বাবুল আখতার বলেন, “মালিকপক্ষ সাধারণত আলোচনার শুরুতে কিছুটা কম প্রস্তাব দেয়। পরে আলোচনার মাধ্যমে তা বাড়ানো হয়। এবারও তেমনটি হবে বলে আমরা আশা করছি। মালিকপক্ষের প্রস্তাব সংশোধন করা হলে শ্রমিকপক্ষও তাদের প্রস্তাব কিছুটা সমন্বয় করতে পারে। তবে শ্রমিকদের ন্যায্য দাবি ও শিল্পের স্বার্থ বিবেচনায় নিয়েই একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছাতে চাই।”

Advertisement

বাবুল আখতার আরও বলেন, “দুই পক্ষের কোনো প্রস্তাবই এখন পর্যন্ত একে অপরের কাছে গ্রহণযোগ্য হয়নি। শ্রমিকপক্ষের সিনিয়র নেতৃত্বের সঙ্গে আলোচনা করে নতুন প্রস্তাব দেওয়ার বিষয়েও কথা হয়েছে। মালিকপক্ষও প্রস্তাব সংশোধন করে দিলে তা নিয়ে আলোচনা হবে। প্রয়োজনে আজ আলোচনা শেষ না হলে আগামীকাল আবার বৈঠক বসবে।”

আন্দোলন ছেড়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে বাবুল আখতার বলেন, “বর্তমানে আলোচনা চলছে। আমরা একটা সমাধানে যাওয়ার চেষ্টা করছি। আমি শ্রমিকদের কাজে ফিরে উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।”

সোনার ডিম দেওয়া হাঁসকে মেরে ফেলবেন না

মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন বলেন, “মালিকপক্ষের প্রস্তাব অনেকের কাছে কম মনে হতে পারে। তবে পোশাকশিল্পের বর্তমান বাস্তবতাও বিবেচনায় নেওয়া প্রয়োজন।”

এ প্রসঙ্গে তিনি হাঁসের উদাহরণ দিয়ে বলেন, “একটি হাঁস যদি প্রতি দিন একটি করে সোনার ডিম দেয়, তাহলে সেই হাঁসটি অসুস্থ হয়ে গেলে তার কাছ থেকে একটি সোনার ডিম আশা করা যায় কি না, তা ভেবে দেখতে হবে।” তার বক্তব্যের মাধ্যমে পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি ও মালিকদের সক্ষমতা বিবেচনা করে মজুরি নির্ধারণের বিষয়টি তুলে ধরেন তিনি।

চার ঘণ্টার বৈঠকেও আসেনি সমাধান

মালিক পক্ষ থেকে ন্যূনতম মজুরি কতো টাকা প্রস্তাব করেছেন সেটি এখনই জানাতে চাননি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

চেয়ারম্যান বলেন, “মজুরি নির্ধারণে শ্রমিকদের দাবি, মূল্যস্ফীতি, বাজারদর, মালিকদের সক্ষমতা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবস্থা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে। দেশের প্রায় ৪০ লাখ পোশাকশ্রমিকের স্বার্থ জড়িত থাকায় বাস্তবতা বিবেচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাব নিয়ে বোর্ডে আলোচনা চলছে। বিভিন্ন শ্রমিক সংগঠন ও ফেডারেশনের স্মারকলিপিও গ্রহণ করা হয়েছে। তবে গণমাধ্যমে প্রকাশিত ১৪ হাজার ৩০০ বা ১৪ হাজার ৫০০ টাকার মতো অঙ্কগুলো অবাস্তব।”

চেয়ারম্যান আরও বলেন, “বোর্ডের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রস্তাব বা সিদ্ধান্ত প্রকাশ করা সমীচীন নয়। বোর্ডের আনুষ্ঠানিক ও দাপ্তরিক বক্তব্যই গ্রহণযোগ্য হবে। আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কি না, তা সভার আলোচনার ওপর নির্ভর করছে। যত দ্রুত সম্ভব প্রক্রিয়াটি শেষ করার চেষ্টা চলছে।”

আইন অনুযায়ী আগামী ৩০ এপ্রিল পর্যন্ত নিম্নতম মজুরি বোর্ডের মেয়াদ রয়েছে। তবে নভেম্বরের মধ্যেই মজুরি নির্ধারণের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান।

২০২৩ সালে সর্বশেষ তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৫০০ টাকা। ওই সময় শ্রমিকপক্ষের দাবি ছিল ২৩ হাজার টাকা, আর মালিকপক্ষ প্রস্তাব দিয়েছিল প্রায় ১০ হাজার ৪০০ টাকা। পরে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। এবার শ্রমিকপক্ষ নতুন করে নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির যুক্তিতে এ দাবি জানাচ্ছেন শ্রমিক প্রতিনিধিরা।

অন্যদিকে, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকদের দাবির তুলনায় অনেক কম হওয়ায় দুই পক্ষের মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছে। এ ব্যবধান কমিয়ে নতুন মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডে আলোচনা চলছে।