“সকালে নাশতা করি না। দুপুরে কারখানা থেকে কলা-রুটি দেয়, কোনোদিন কলা দেয় না, শুধু রুটি দেয়, সেটাই খাই। রাতে পরিবারের সঙ্গে ভাত খাই।” চরচাকে কথাগুলো বলছিলেন এইচ কে ফ্যাশনে কর্মরত পোশাকশ্রমিক জাহিদুর রহমান। একই কারখানায় কাজ করেন রুনা আখতার। দিন-রাত খেটেও আয় ও ব্যয়ের হিসাব মেলাতে পারেন না। এ শুধু জাহিদুর বা রুনার গল্প নয়। দেশের হাজারো পোশাকশ্রমিককে এ বাস্তবতার মধ্য দিয়েই যেতে হয়।
জাহিদুরের কাছেই যাওয়া যাক। স্ত্রী ও তিন সন্তান নিয়ে পাঁচজনের সংসার তার। ২০ বছর ধরে কাজ করছেন মালিবাগ চৌধুরীপাড়ার এইচ কে ফ্যাশনের কোয়ালিটি ও প্যাকেজিং বিভাগে। মাস শেষে বেতন পান ১৮ হাজার টাকা। এর মধ্যে ১২ হাজার টাকা চলে যায় বাড়িভাড়ায়। বাকি ছয় হাজার টাকায় পাঁচজনের খাবার, সন্তানদের পড়াশোনা এবং সংসারের অন্যান্য খরচ চালাতে হয়। হিসাব মেলাতে গিয়ে নিজের সকালের খাবারটুকুও বাদ দিয়েছেন তিনি।
দীর্ঘ ২০ বছর ধরে পোশাক তৈরির কাজে যুক্ত জাহিদুরের আয় দিয়ে পরিবারের প্রয়োজন মেটে না। সবকিছুর দাম বাড়ার সঙ্গে সঙ্গে সংসার চালানো আরও কঠিন হয়ে উঠেছে। জাহিদুর বললেন, “১৮ হাজার টাকা বেতন পাই। এই টাকা দিয়ে কীভাবে পাঁচজনের সংসার চালাব? সন্তানদের স্কুলের খরচ আছে, খাবারের খরচ আছে। সবকিছুর দাম বেড়েছে। খরচ কমাতে গিয়ে সকালে নাশতাও করি না। এভাবে আর কত দিন চলতে পারব জানি না।”
বেতন কত হলে সংসার ঠিকমতো চালানো যাবে–এমন প্রশ্নের জবাবে জাহিদুর চরচাকে বলেন, “৩০ হাজার টাকা হলে আমার সংসার চলবে।” পরক্ষণেই বললেন, “আমি তো উপরের গ্রেডে চাকরি করি। আমার বেতন যদি ৩০ হাজার টাকা হয়, তাহলে একেবারে নিচের গ্রেডে যে চাকরিতে ঢুকবে, তার বেতন হয়ে যাবে ১৫ হাজার টাকার মতো। তাহলে তার সংসার তো চলবে না। প্রায় ২০ বছর ধরে চাকরি করে সংসার চালিয়ে যদি কিছু সঞ্চয় না করতে পারি, তাহলে এত বছরের অভিজ্ঞতার তো কোনো দামই থাকল না।”
রুনা আখতারের হিসাবটা আরও জটিল। এইচ কে ফ্যাশনের সিনিয়র অপারেটর রুনা আখতার দুই সন্তানসহ তিন সদস্যের পরিবার সামলাতে হিমশিম খাচ্ছেন। স্বামী মারা গেছেন। মাসে বেতন পান ১৩ হাজার টাকা। ওভারটাইমসহ মাস শেষে হাতে আসে ১৫ থেকে ১৬ হাজার টাকা।
রুনা জানান, বাড়িভাড়া বাবদই চলে যায় ৯ হাজার টাকা। বাকি টাকা দিয়ে দুই সন্তানের খাবার, পড়াশোনা ও অন্যান্য খরচ চালাতে হয়। কোনো মাসে ধার করতে হয়, কোনো মাসে বাড়িভাড়া বাকি পড়ে যায়। সন্তানদের ভবিষ্যৎই তার সবচেয়ে বড় চিন্তা। অথচ প্রাথমিক গ্রেডের চেয়ে দুই ধাপ ওপরে কাজ করেন তিনি।
বেতন বৃদ্ধির আশ্বাসের ফেরে ঘুরপাক খাচ্ছেন রুনা আখতার। চরচাকে তিনি বলেন, “বাড়িভাড়া দিতেই আমার বেতনের বেশির ভাগ টাকা শেষ হয়ে যায়। দুই সন্তানকে নিয়ে বাকি টাকা দিয়ে সংসার চালানো সম্ভব হয় না। মালিক বেতন বাড়াবেন বলে আশ্বাস দিচ্ছেন, কিন্তু বাড়াচ্ছেন না। এভাবে আর কত দিন চাকরি করতে পারব জানি না। বেতন না বাড়লে হয়তো চাকরিটাই ছেড়ে দিতে হবে।”
এমন নারী শ্রমিকও রয়েছেন, যিনি মাত্র তিন মাস বয়সী শিশুকে বাড়িতে রেখে কাজে যান। ছবি: চরচা
চাকরি ছাড়ার কথা ভাবলেও রুনার সামনে বিকল্প কোনো আয়ের পথ নেই। দুই সন্তানের দায়িত্ব তার একার। ফলে যে চাকরি দিয়ে সংসারের প্রয়োজন মিটছে না, সেই চাকরিই ধরে রাখতে হচ্ছে তাকে।
একই কারখানায় ১৯ বছর ধরে সিনিয়র স্যাম্পলম্যান হিসেবে কাজ করছেন খাদিজা আখতার। দীর্ঘ কর্মজীবনে অর্জন করেছেন অভিজ্ঞতা, শিখেছেন কাজের নানা দিক। কিন্তু সেই অভিজ্ঞতার প্রতিফলন তার বেতনে কতটা পড়েছে, তা নিয়ে রয়েছে আক্ষেপ। তার মতে, এই পদে দায়িত্ব ও অভিজ্ঞতা বিবেচনায় বেতন ৩৫ থেকে ৪০ হাজার টাকা হওয়া উচিত। অথচ মাস শেষে পান মাত্র ২৩ হাজার টাকা। পদটি প্রাথমিক গ্রেড থেকে চার-পাঁচ ধাপ ওপরে। আর ওভারটাইম করারও সুযোগ নেই। তাই বেতন থাকছে সেই ২৩ হাজার টাকাই।
খাদিজার স্বামী মারা গেছেন। এক ছেলে, এক মেয়ে ও মাকে নিয়ে চারজনের সংসার তার। প্রতি মাসে বাড়িভাড়া গুনতে হয় ১৩ হাজার টাকা। মায়ের ওষুধ কিনতে লাগে আরও দুই হাজার টাকা। বাকি আট হাজার টাকায় চারজনের খাবার, সন্তানদের পড়াশোনা ও অন্যান্য খরচ চালাতে হয়। ছেলে পড়াশোনার পাশাপাশি টিউশনি করে পরিবারে সহায়তা করে। তবু কোনো কোনো মাসে হিসাব মেলে না।
খাদিজা চরচাকে বলেন, “১৯ বছর ধরে এই কারখানায় কাজ করছি। এত বছর কাজ করার পরও ২৩ হাজার টাকা বেতন পাই। সংসারের খরচ আমার আয়ের চেয়ে বেশি। ছেলেকে টিউশনি করতে হয়, তার উপার্জনের টাকাও সংসারে দিতে হয়। কোনো কোনো মাসে তাতেও কুলায় না। সরকারের কাছে আমার অনুরোধ, এবার যেন শ্রমিকদের বেতনটা অন্তত ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া হয়।”
পোশাকশিল্পের বিভিন্ন কারখানায় কাজ করা অনেক শ্রমিকের জীবনেই রয়েছে এমন টানাপোড়েন। কারও স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে, এরপর সন্তানদের নিয়ে বেঁচে থাকার তাগিদে কারখানায় কাজ নিয়েছেন। কেউ স্বামীর সংসারে কিছুটা আর্থিক স্বচ্ছলতা আনতে উপার্জনের পথ বেছে নিয়েছেন। আবার কেউ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে সংসারের হাল ধরেছেন।
এমন নারী শ্রমিকও রয়েছেন, যিনি মাত্র তিন মাস বয়সী শিশুকে বাড়িতে রেখে কাজে যান। মাতৃস্নেহ ও শারীরিক ধকল ও অসুস্থতার ঝুঁকি হার মানে পেটের কাছে। কারণ–কাজ নেই তো আয় নেই, আর আয় নেই তো খাবার নেই।
আয়-ব্যয়ের মধ্যে ন্যূনতম সঙ্গতি আনতে বাড়তি সময় কাজ করতে হয় অনেককে। তবু তাল মেলে না। যে সন্তান ও আপনজনদের জন্য এ লড়াই–তাদেরও সময় দিতে পারেন না ঠিকমতো। কাজের ধকল এখানেই শেষ নয়। ঘরে ফিরে পরিবারের দায়িত্ব তো আছেই। অথচ এত করেও আবাসন, খাবার, পড়াশোনা ও চিকিৎসার ব্যয় মেটাতে কষ্ট হয়।
পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। এরই মধ্যে বসেছে মজুরি বোর্ড। পোশাক শ্রমিকদের এই আন্দোলনে তিনি গেছেন কি না–জানতে চাইলে খাদিজা বলেন, “আমাদের কারখানার কেউ আন্দোলনে যাইনি। তবে যারা আন্দোলন করছে, তারা ভালোই করছে। এত কম বেতনে আমরা চলব কীভাবে? বেতন চেয়েও যদি না দেয়, তাহলে তো আন্দোলন করতেই হবে।”
মূল্যস্ফীতির চাপে কমেছে শ্রমিকদের ক্রয়ক্ষমতা
বাংলাদেশের তৈরি পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান রপ্তানি খাত। বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। ওই অর্থবছরে দেশের মোট রপ্তানি আয়ের ৮১ দশমিক ৪৯ শতাংশ এসেছে এ খাত থেকে। শিল্পটির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত লাখ লাখ মানুষের জীবিকা।
পোশাকশিল্পের বিভিন্ন কারখানায় কাজ করা অনেক শ্রমিকের জীবনেই রয়েছে এমন টানাপোড়েন। ছবি: চরচা
তবে শিল্পের রপ্তানি আয় বাড়লেও শ্রমিকদের ব্যক্তিগত জীবনের আর্থিক বাস্তবতা অনেক ক্ষেত্রে ভিন্ন। কয়েক বছর ধরে নিত্যপণ্যের দাম, বাড়িভাড়া, চিকিৎসা ও সন্তানদের শিক্ষাব্যয় বেড়েছে। কিন্তু সেই অনুপাতে অনেক শ্রমিকের আয় বাড়েনি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৭ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশে এলেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে। অর্থাৎ, খাবারের পাশাপাশি বাড়িভাড়া, যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় খরচের চাপও রয়েছে।
শ্রমিক পরিবারগুলোর দিকে তাকানোর আগে একটু হিসাবে চোখ বোলানো যাক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবমতে, একজন সুস্থ মানুষের দিনে ২১০০ কিলোক্যালরি খাবার প্রয়োজন। চারজনের পরিবারের ক্ষেত্রে দৈনিক খাবারের চাহিদা দাঁড়ায় ৪ হাজার ৪০০ কিলোক্যালরি।
বাংলাদেশে প্রতি কিলোক্যালরি খাবারের পেছনে খরচ হয় গড়ে ১৫ থেকে ২৫ পয়সা করে। এই হিসাবে দেশে চারজনের একটি পরিবারের দৈনিক খাদ্যব্যয় দাঁড়ায় কমপক্ষে ৩৭ হাজার ৮০০ টাকা। আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৩ সালের হিসাবমতে, বাংলাদেশে গড়ে পরিবারপ্রতি মাসিক খাদ্যব্যয় ১২ হাজার ৫৩ টাকা। সিটি করপোরেশন এলাকায় এ ব্যয় আরও বেশি।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন জার্নালে ‘কস্ট অব রিকমেন্ডেড ডায়েট (সিওআরডি) অ্যান্ড ইটস অ্যাফোর্ডেবিলিটি ইন বাংলাদেশ’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ হয়। সাইফুল ইসলাম, আবির আনোয়ার, মো. রুহুল আমিন ও নাজমা শাহিন পরিচালিত এ গবেষণায় বাংলাদেশে প্রতিদিন একজন ব্যক্তির ন্যূনতম খাদ্যব্যয় হিসেবে উল্লেখ করা হয়–৮৩ টাকা। যাকে হিসাবে নিলে চারজনের একটি পরিবারের মাসিক খাদ্যব্যয় দাঁড়ায় প্রায় ১০ হাজার টাকা।
এ দুই হিসাবের যেকোনোটাকে আমলে নিলেও পোশাকশ্রমিকদের পরিবারের খাদ্যব্যয়ের হিসাব মেলে না। ঠিক যে কারণে জাহিদুরকে সকালে নাশতা না করেই কারখানায় যেতে হয়। খাদিজা বা রুনুকে হিমশিম খেতে হয় ব্যয় সামলাতে। কারণ, একটি পরিবারের সদস্যদের শুধু খেলেই হয় না, তার আবাসন ব্যয় আছে, আছে শিক্ষা ও স্বাস্থ্যব্যয়।
আর সঙ্গে তো আছেই মূল্যস্ফীতির দানব। মূল্যস্ফীতির এই চাপ সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে সীমিত আয়ের পরিবারগুলোতে। একজন শ্রমিকের বেতন থেকে বাড়িভাড়া পরিশোধের পর যে অর্থ থাকে, তা দিয়ে পরিবারের খাবার, চিকিৎসা ও শিক্ষার খরচ মেটানো কঠিন হয়ে পড়ছে। জাহিদুর, রুনা ও খাদিজার পারিবারিক হিসাবেও সেই বাস্তবতা ফুটে উঠেছে।
নতুন মজুরি বোর্ডে ৩২ হাজার টাকার দাবি
পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর দাবি দীর্ঘদিনের। ২০২৩ সালে সর্বশেষ মজুরি কাঠামো নির্ধারণের সময় শ্রমিকদের আন্দোলনের পর ন্যূনতম মাসিক মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। ওই বছরের ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হয়। কিন্তু পরবর্তী সময়ে জীবনযাত্রার ব্যয় বাড়তে থাকায় নতুন করে মজুরি বাড়ানোর দাবি জোরালো হয়েছে।
এ দাবিতে ২০২৬ সালের অক্টোবর থেকে বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ১ নভেম্বর সরকার নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে। ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের জন্য মাসিক ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়। নতুন বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয় ৩০ হাজার টাকা।
শ্রমিক প্রতিনিধিদের যুক্তি, চার সদস্যের একটি পরিবারের খাবার, পুষ্টি, বাড়িভাড়া, চিকিৎসা ও সন্তানদের শিক্ষাব্যয় বিবেচনায় মাসে ৪৫ হাজার থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তারা ৩২ হাজার টাকার প্রস্তাব দিয়েছেন।
এদিকে, ১৬ নভেম্বর নির্ধারিত মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক স্থগিত হয়। ওই বৈঠকে মালিকপক্ষের নতুন মজুরি প্রস্তাব দেওয়ার কথা ছিল। পরে ২৩ নভেম্বর বৈঠকের নতুন তারিখ নির্ধারণ করা হয়। মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। ঘোষণা যেদিনই আসুক, নতুন কাঠামো অনুযায়ী ২০২৭ সালের জানুয়ারি মাসের বেতন পরিশোধের কথা রয়েছে।
শ্রমিকপক্ষের চাওয়া ৩২ হাজার টাকার বিপরীতে মালিকপক্ষ কত টাকার প্রাস্তাব দিচ্ছে, সেই বিষয়ে নির্দিষ্ট কিছু এখনো জানা যায়নি। তবে বিজিএমইএ’র কয়েকটি সূত্র বলছে, মালিকপক্ষের আলোচনায় ন্যূনতম মজুরি ১৪ হাজার থেকে ১৬ হাজার টাকার মধ্যে রাখার প্রস্তাব উঠে এসেছে।
এ প্রসঙ্গে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন চরচাকে বলেন, “অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের পোশাকশ্রমিকদের মজুরি অনেক কম। এই বেতনে বর্তমান জীবনযাত্রার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। তাই আমরা সরকারের কাছে ন্যূনতম মজুরি ২৬০ ডলার বা প্রায় ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছি। এই মজুরি কার্যকর হলে শ্রমিকদের জীবনযাত্রার মান কিছুটা উন্নত হবে। আমরা আশা করি, সরকার শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।”
এদিকে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির হিসাবে, চার সদস্যের পরিবারের ১ দশমিক ৫৮ জন উপার্জনক্ষম ব্যক্তি বিবেচনায় দারিদ্র্যসীমার ওপরে থাকতে একজন শ্রমিকের মজুরি প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা। আর মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।